৪৬৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আসাদ আলী, বীর প্রতীকবীর যোদ্ধা সাহসী যোদ্ধামুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়। ৩ নভেম্বর ১৯৭১। মুক্তিবাহিনীর ছোট একটি দল চৌগাছার হিজলীতে পাকিস্তান সেনাবাহিনীর একটি টহল দলকে অ্যামবুশ করে। আক্রমণকারী মুক্তিযোদ্ধাদের এই দলে ছিলেন আসাদ আলী (আসাদ আলী মোল্লা)। তাঁরা বেশির ভাগ ইপিআর সদস্য, মুক্তিবাহিনীর ৮ নম্বর সেক্টরের বয়রা সাবসেক্টরের অধীন মুক্তিযোদ্ধা। তাঁদের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট অলীককুমার গুপ্ত।চৌগাছা যশোর জেলার অন্তর্গত এবং হিজলী ভারত-বাংলাদেশ সীমান্তে। সেখানে আছে সীমান্ত চৌকি (বিওপি)। মুক্তিযুদ্ধ চলাকালে হিজলীতে পাকিস্তান সেনাবাহিনীর নিয়মিত আনাগোনা ছিল। সেদিন আসাদ আলীসহ মুক্তিযোদ্ধারা সকালে সীমান্ত অতিক্রম করে সেখানে গোপনে অবস্থান নেন।সকাল আনুমানিক নয়টার দিকে পাকিস্তান সেনাবাহিনীর টহল দল অ্যামবুশস্থলে হাজির হলে আসাদ আলীসহ মুক্তিযোদ্ধা সবার অস্ত্র গর্জে ওঠে। তীব্র গোলাগুলির মুখে পাকিস্তান সেনাবাহিনীর ওই টহল দলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে কিছুক্ষণের মধ্যেই সেনারা বিপর্যয় কাটিয়ে ওঠে।আক্রান্ত পাকিস্তানি সেনাদের জন্য পাশের ঘাঁটি থেকে দ্রুত সাহায্য চলে আসে। এরপর পাকিস্তানি সেনারাই মুক্তিযোদ্ধাদের ঘেরাও করে পাল্টা আক্রমণ চালায়। এতে মুক্তিযোদ্ধাদের ক্ষুদ্র দলটি বেশ ঝুঁকির সম্মুখীন হয়। এ সময় আসাদ আলী অত্যন্ত ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন। চরম বিপদেও তিনি ভেঙে পড়েননি।আসাদ আলী তখন সাহসিকতার সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করেন। এর মধ্যে মুক্তিবাহিনীর বয়রা সাবসেক্টরে পৌঁছে যায় তাঁদের সংকটের খবর। সেখান থেকে মুক্তিযোদ্ধাদের নতুন দল এসে তাঁদের সঙ্গে যোগ দেয়। ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি সাপোর্টও তাঁরা পান।তখন পাকিস্তানি সেনারা পুনরায় চাপের মধ্যে পড়ে। দিশেহারা পাকিস্তানি সেনারা এরপর সহযোদ্ধাদের মৃতদেহ ও নিজেদের অনেক অস্ত্রশস্ত্র ফেলে কোনো রকমে পালিয়ে যায়। সেদিন যুদ্ধে আসাদ আলীদের দলের একজন মুক্তিযোদ্ধা শহীদ ও কয়েকজন আহত হন। পাকিস্তান সেনাবাহিনীর ছয়-সাতজন নিহত ও অনেক আহত হয়।আসাদ আলী ইপিআরে চাকরি করতেন। ১৯৭১ সালে যশোর সেক্টরের ৪ নম্বর উইংয়ের অধীনে যাদবপুরে কর্মরত ছিলেন। তখন তাঁর পদবি ছিল হাবিলদার। মুক্তিযুদ্ধ শুরু হলে ২৭ মার্চ যাদবপুর ক্যাম্পে পাকিস্তানি ক্যাপ্টেন সাদেক খান (৪ নং উইংয়ের সহকারী কমান্ডার) এসে তাঁদের অস্ত্র জমা দিতে বলে। তখন তাঁরা বিদ্রোহ করে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। সেদিন ক্যাপ্টেন সাদেক ও তার দলবল তাঁদের হাতে মারা পড়ে। এরপর বিভিন্ন স্থানে তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। প্রতিরোধযুদ্ধে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।আসাদ আলী প্রতিরোধযুদ্ধ শেষে ভারতে যান। পরে ৮ নম্বর সেক্টরের বয়রা সাবসেক্টরে যুদ্ধ করেন। একটি ছোট দলের নেতৃত্বে ছিলেন। বিভিন্ন স্থানে তিনি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। বেশির ভাগ যুদ্ধেই তিনি অগ্রভাগে থাকতেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য আসাদ আলীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ২০৭। তাঁর প্রকৃত নাম আসাদ আলী মোল্লা।আসাদ আলী স্বাধীনতার কিছুদিন পর বিডিআর (এখন বিজিবি) থেকে হাবিলদার হিসেবেই অবসর নেন। ১৯৮৯ সালে মারা গেছেন। তাঁর পৈতৃক বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামে। বাবার নাম কালু মোল্লা। স্ত্রী হাসিনা বেগম। তাঁদের চার মেয়ে, তিন ছেলে। আসাদ আলীর ছবি পাওয়া যায়নি। পরিবারের কারো কাছে তাঁর ছবি নেই।সূত্র: প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি সুব্রত সাহা এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮।গ্রন্থনা: রাশেদুর রহমান [email protected]