৫৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।সৈয়দ রেজওয়ান আলী, বীর প্রতীকসহযোদ্ধাদের কথা বারবার মনে পড়েমুক্তিযুদ্ধের স্মৃতি প্রায়ই মনে পড়ে সৈয়দ রেজওয়ান আলীর। মনে পড়ে অনেক যুদ্ধের ঘটনা, সহযোদ্ধাদের মুখ। তাঁদের কেউ যুদ্ধক্ষেত্রে শহীদ, কেউ আহত হয়েছেন। এখন বিশেষ করে মনে পড়ছে সহযোদ্ধা রইসউদ্দীন (তিনি পাকিস্তান বিমানবাহিনীতে চাকরি করতেন, ফরিদপুরে বাড়ি) ও আরও দুজন সহযোদ্ধার কথা। একটি সেতু ধ্বংসের অপারেশনে তাঁরা শহীদ হয়েছেন। তাঁদের লাশ তাঁরা উদ্ধার করতে পারেননি। এই স্মৃতি তাঁকে এখনো পীড়া দেয়। বারবার মনে পড়ে।১৯৭১ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসের কোনো এক সময়। সঠিক তারিখ সৈয়দ রেজওয়ান আলীর এখন মনে নেই। তাঁর ওপর দায়িত্ব পড়ে পাকিস্তানি সেনাদের চলাচল বিঘ্নিত করার জন্য যশোর জেলার অন্তর্গত চূড়ামন কাঠির কাছাকাছি সলুয়া বাজারসংলগ্ন একটি সেতু ধ্বংসের। তিনি ছিলেন একটি কোম্পানির কমান্ডার। সীমান্ত থেকে ওই সেতু ছিল কিছুটা দূরে। মাঝে ছিল কপোতাক্ষ নদ ও খাল-বিল। একদিন গভীর রাতে অনেক বাধাবিঘ্ন পেরিয়ে তিনি একদল মুক্তিযোদ্ধা নিয়ে সেখানে সেতু ধ্বংস করতে যান। ওই দলে ছিলেন সহযোদ্ধা রইসউদ্দীন ও নাম না-জানা ওই দুই মুক্তিযোদ্ধা। তাঁরা সফলতার সঙ্গেই সলুয়া বাজারসংলগ্ন সেতু ধ্বংস করেন।সৈয়দ রেজওয়ান আলীর কোম্পানির বেশির ভাগ মুক্তিযোদ্ধা ছিলেন গেরিলা যোদ্ধা। হিট অ্যান্ড রান পদ্ধতিতে তাঁরা অপারেশন করতেন। একটা অপারেশন করেই সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে চলে যেতেন। কিন্তু সেদিন তাঁরা পাকিস্তানিদের আক্রমণের মধ্যে পড়ে যান। তখন তাঁরা বেশ বিপদেই পড়েন। সলুয়া বাজার ও পার্শ্ববর্তী এলাকায় ছিল পাকিস্তানিদের অনেক বাংকার। সেগুলো ছিল বেশ সুরক্ষিত। বেশির ভাগ দৃশ্যমান ছিল না। গোপন বাংকার সম্পর্কে তাঁদের কাছে তথ্য ছিল না। বিস্ফোরণের শব্দ শুনে পাকিস্তানিরা সেসব বাংকার থেকে বৃষ্টির মতো গুলিবর্ষণ করতে থাকে। তাঁরা পাল্টা গুলি করতে করতে ক্রলিং করে পিছু হটছিলেন। এ সময় রইসউদ্দীন ও তাঁর আরও কয়েকজন সহযোদ্ধা শহীদ এবং বেশ কয়েকজন আহত হন। সেদিন পাকিস্তানিদের আক্রমণ এতই তীব্র ছিল যে তাঁরা শহীদ সহযোদ্ধা সবার লাশ উদ্ধার করতে পারেননি।সৈয়দ রেজওয়ান আলী যুদ্ধ করেন ৮ নম্বর সেক্টরের বয়রা সাব সেক্টরে। কাশিপুর, ছুটিপুর, চৌগাছা, গরীবপুরসহ বিভিন্ন স্থানে। কখনো গেরিলা কায়দায়, কখনো সম্মুখযুদ্ধ। তিনি সর্বশেষ যুদ্ধ করেন গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়ায়। ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনারা আনুষ্ঠানিক আত্মসমর্পণ করলেও ভাটিয়াপাড়ায় অবস্থানরত পাকিস্তানিরা সেদিন আত্মসমর্পণ করেনি। ১৮ ডিসেম্বর পর্যন্ত সেখানে যুদ্ধ হয়।সৈয়দ রেজওয়ান আলী ১৯৭১ সালে পাকিস্তান বিমানবাহিনীতে করপোরাল পদে চাকরি করতেন। কর্মরত ছিলেন পাকিস্তানের পেশোয়ারে। সেখান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য তিনি বীর প্রতীক খেতাব পেয়েছেন।সৈয়দ রেজওয়ান আলীর বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নওয়াজ গ্রামে। তিনি এখন বাস করেন ঢাকায়। মিরপুরের সেনপাড়া পর্বতায়। তাঁর বাবার নাম সৈয়দ হাশেম আলী, মা সাজেদা বেগম, স্ত্রী রোকেয়া আক্তার। তাঁর তিন ছেলে, এক মেয়ে।আলাপকালে সৈয়দ রেজওয়ান আলী বললেন, ‘আমরা অনেক ত্যাগ স্বীকার করে দেশ স্বাধীন করেছি। মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন সঠিকভাবে করা হয়নি। আমরা স্বাধীনতা এনেছি, কিন্তু তা ভোগ করতে পারিনি।’সূত্র: সৈয়দ রেজওয়ান আলীর সাক্ষাৎকার। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর-৮।গ্রন্থনা: তারা রহমান[email protected]