তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৫৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মুহাম্মদ আইনউদ্দিন, বীর প্রতীকসাহসী অধিনায়ক১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর মুহাম্মদ আইনউদ্দিন প্রতিরোধযুদ্ধ শেষে ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। প্রথমে গঙ্গাসাগর সাবসেক্টরের অধিনায়ক, পরে ‘কে’ ফোর্সের অধীন নবগঠিত নবম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। নেতৃত্ব দেওয়ার পাশাপাশি অনেক যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশও নেন। মুক্তিযুদ্ধের ঘটনা শোনা যাক তাঁর বয়ান (১৯৭৩) থেকে।‘মনতলা (ভারত) ক্যাম্প থেকে দুই কোম্পানি মুক্তিযোদ্ধা নিয়ে আমি সোনামুড়া (ভারত) গেলাম। ২৩ নভেম্বর সোনামুড়ায় যে ভারতীয় সেনারা প্রতিরক্ষা নিয়েছিল, তাদের কাছ থেকে আমি দায়িত্ব বুঝে নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হই। বাংলাদেশের ভেতরে আরও দুটি দল (কোম্পানি) আগে থেকেই অবস্থান করছিল। আমাকে নির্ভয়পুর (ভারত) যেতে এবং যত তাড়াতাড়ি সম্ভব কুমিল্লা দখল করতে বলা হলো। সেখানে যাওয়ার পর ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার টম পান্ডে আমাকে কুমিল্লা-চট্টগ্রাম রাস্তার মাঝে চিওড়ায় প্রতিরক্ষা অবস্থান নিতে বললেন।‘৩ ডিসেম্বর চিওড়া গেলাম। পৌঁছানোর পর পাকিস্তান সেনাবাহিনী কোনো রকম প্রতিরোধ না করে পেছনের দিকে চলে গেল। তারা চিওড়া বাজারের উত্তর দিকে ডিফেন্স নিয়েছিল। ৫ ডিসেম্বর সকালে বালুতুফা (কুমিল্লা শহরের পূর্ব পাশে) গিয়ে আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে অপেক্ষা করতে থাকি। আমরা বালুতুফায় যেখানে পৌঁছাই, সেখান থেকে পাকিস্তান সেনাবাহিনীর ডিফেন্স ছিল কয়েক মাইল দূরে। সেখানে ছিল পাকা বাংকার। আমি ভাবলাম, পাকিস্তানি সেনারা পাকা বাংকারে ডিফেন্স নিয়ে আছে। অল্পসংখ্যক মুক্তিযোদ্ধা নিয়ে তাদের সঙ্গে সরাসরি যুদ্ধ করা সম্ভব নয়।‘এরপর পাকিস্তানি সেনাদের পেছন দিয়ে আমরা ৬ ডিসেম্বর কুমিল্লা শহরে প্রবেশ করি। কুমিল্লা শহরের পূর্ব দিক দিয়ে ঢুকে পশ্চিম দিকে ৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে পৌঁছলাম। মুক্তিযোদ্ধাদের কনভয় যখন পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল, তখন শহরের হাজার হাজার জনতা আমাদের স্বাগত জানাতে এগিয়ে আসতে থাকে। আমি ভাবলাম, এ সময় যদি পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করে, তবে ভিড়ের ভেতর তা সুষ্ঠুভাবে প্রতিহত করা দুরূহ হয়ে পড়বে। এ কথা চিন্তা করে আমি কনভয়ের সামনে এসে জনতাকে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সামনে না আসতে অনুরোধ করলাম।‘ওই দিনই আমরা কুমিল্লা সেনানিবাসে দক্ষিণ দিক থেকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু পরে ভারতীয় হাইকমান্ড থেকে আমাদের জানানো হয়, সেনানিবাস আক্রমণ করতে হবে না। এ নির্দেশের পর আমি সেনানিবাস আক্রমণের পরিকল্পনা বন্ধ করি। ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনারা যখন আত্মসমর্পণ করে, তখন আমি সেনানিবাসে উপস্থিত ছিলাম।’মুহাম্মদ আইনউদ্দিন পাকিস্তান সেনাবাহিনীর চতুর্থ ইস্ট বেঙ্গলে চাকরি করতেন। ১৯৭১ সালের ২৫ মার্চের সাত দিন আগে থেকে বদলির কারণে ছুটিতে ছিলেন। তাঁর পদবি ছিল ক্যাপ্টেন। তিনি কুমিল্লার ময়নামতি সেনানিবাসেই ছিলেন। ২৬ মার্চের পর সেনানিবাস থেকে পালিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যান এবং চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যোগ দিয়ে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে।প্রতিরোধযুদ্ধে মুহাম্মদ আইনউদ্দিনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার অ্যান্ডারসন খাল সেতুসংলগ্ন স্থানে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। ২৯ মার্চ দুপুরে পাকিস্তান সেনাবাহিনীর একটি কনভয় খালের কাছে পৌঁছালে তিনি সহযোদ্ধাদের নিয়ে সাহসিকতার সঙ্গে আক্রমণ করেন। এতে পাকিস্তানিদের ব্যাপক ক্ষযক্ষতি হয়। প্রতিরোধযুদ্ধ শেষে ভারতে যান। পুনঃ সংগঠিত হওয়ার পর তিনি প্রথমে ২ নম্বর সেক্টরে সাবসেক্টর অধিনায়ক হিসেবে, পরে নিয়মিত মুক্তিবাহিনীর ‘কে’ ফোর্সের অধীনে যুদ্ধ করেন। নবম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য মুহাম্মদ আইনউদ্দিনকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ০৫।মুহাম্মদ আইনউদ্দিন স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতেই কর্মরত ছিলেন। ১৯৯৬ সালে কথিত অভ্যুত্থানের অভিযোগে তিনি অভিযুক্ত ও চাকরিচ্যুত হন। তখন তাঁর পদবি ছিল মেজর জেনারেল এবং ময়মনসিংহে জিওসি হিসেবে কর্মরত ছিলেন।তাঁর পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। বর্তমানে স্থায়ীভাবে বাস করেন ঢাকার মহাখালীর ডিওএইচএসে (বাসা-১১৬, লেন-৬)। তাঁর বাবার নাম সুরুজ আলী, মা চান বানু। স্ত্রী নাজমা আক্তার চৌধুরী। তাঁদের তিন মেয়ে ও এক ছেলে।সূত্র: মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক, রাফিয়া চৌধুরী এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, দশম খণ্ড।গ্রন্থনা: রাশেদুর রহমান ৎashedtৎ@pৎothom-alo.info