তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।খন্দকার নাজমুল হুদা, বীর বিক্রমপাকিস্তানি সেনারা পালিয়ে গেলযশোর জেলার চৌগাছা উপজেলার বর্ণী বিওপি। সেখানে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর শক্ত একটি ঘাঁটি। ছিল প্রায় ৭৫ জন পাকিস্তানি সেনা। ওই ঘাঁটির কারণে মুক্তিযোদ্ধারা দেশের অভ্যন্তরে সহজে অপারেশন করতে পারছিলেন না। আগস্ট মাসের প্রথম দিকে (ক্যাপ্টেন) খন্দকার নাজমুল হুদা সিদ্ধান্ত নিলেন সেখানে আক্রমণের। ৫ আগস্ট দুই কোম্পানি মুক্তিযোদ্ধা তাঁর নেতৃত্বে আক্রমণ চালায়। তাঁর পণ, পাকিস্তানিদের সেখান থেকে তাড়াবেনই। শেষ পর্যন্ত তিনি তাঁর পণ রক্ষা করলেন। মুক্তিবাহিনীর তীব্র আক্রমণের মুখে পাকিস্তানি সেনারা তাদের ১৫ জনের লাশ ফেলে রেখেই পালিয়ে গেল।যুদ্ধজয়ের পর মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র, গোলাবারুদ নিজেদের ঘাঁটিতে নিয়ে যাচ্ছিলেন। নাজমুল হুদা তা তদারক করছিলেন। এমন সময় হঠাৎ আরেক দল পাকিস্তানি সেনা পেছন থেকে এসে তাঁদের ওপর আক্রমণ করল। এর জন্য তাঁরা প্রস্তুত ছিলেন না। এ সময় শুরু হয় আবার ব্যাপক সংঘর্ষ। খন্দকার নাজমুল হুদার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে পাকিস্তানিদের মোকাবিলা করতে থাকেন। তিনি নিজেও অস্ত্র হাতে সহযোদ্ধাদের পাশে থেকে বীরত্বের সঙ্গে যুদ্ধ করছিলেন। একপর্যায়ে তিনি পাকিস্তানিদের আওতার মধ্যে পড়ে যান। তখন কয়েকজন সহযোদ্ধা তাঁকে পেছনে নিরাপদ স্থানে নিয়ে আসেন। ফলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে তিনি অলৌকিকভাবে রক্ষা পান। সেদিন চারজন মুক্তিযোদ্ধা যুদ্ধে শহীদ এবং কয়েকজন আহত হন।খন্দকার নাজমুল হুদা প্রকৃতপক্ষেই ছিলেন একজন সাহসী যোদ্ধা। ৮ নম্বর সেক্টরের বয়রা সাব-সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ছিলেন তিনি। যুদ্ধের ময়দানে তিনি শুধু অধিনায়কত্ব বা নির্দেশ দিতেন না। বেশির ভাগ সময় নিজেও প্রত্যক্ষ যুদ্ধে অংশ নিতেন। মুক্তিযুদ্ধ চলাকালে বয়রা সাব-সেক্টরে অসংখ্য যুদ্ধ সংঘটিত হয়। রঘুনাথপুর, যাদবপুর, বেলতা, গঙ্গানদ, বর্ণী, চৌগাছা-মাসলিয়া, চৌগাছার যুদ্ধ প্রভৃতি উল্লেখযোগ্য। ২০-২১ নভেম্বর চৌগাছার গরীবপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে ভয়াবহ যুদ্ধ হয়। এছাড়া মুক্তিবাহিনী অসংখ্য অ্যামবুশ, ডিমোলিশন, আকস্মিক আক্রমণ করে।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম খেতাব পান।খন্দকার নাজমুল হুদা পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। ১৯৬৮ সালের ৩ জানুয়ারি তথাকথিত আগরতলা মামলার অভিযুক্ত হিসেবে আরও অনেকের সঙ্গে আটক হন। তিনি ছিলেন ২৭ নম্বর আসামি। তখন ক্যাপ্টেন ছিলেন। ১৯৬৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বেকসুর খালাস পান। কিন্তু চাকরিচ্যুত করা হয়। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তখন তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর নভেম্বরের অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানে তিনি খালেদ মোশাররফ, এ টি এম হায়দারের সঙ্গে নিহত হন। সে সময় তাঁর পদমর্যাদা ছিল কর্নেল। খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমের বাবার নাম খন্দকার মোয়াজ্জেম হোসেন, মা বদরুন নেছা খাতুন, স্ত্রী নীলুফার হুদা (নীলুফার দীল আফরোজ বানু) । তাঁর এক ছেলে ও এক মেয়ে। তাঁর পৈতৃক আদি নিবাস ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কোদালিয়া গ্রামে। স্থায়ী ঠিকানা বগুড়া রোড, বরিশাল। স্ত্রী ও ছেলেমেয়ে বর্তমানে ঢাকার মহাখালীর ডিওএইচএসে বসবাস করেন।বীর বিক্রম খন্দকার নাজমুল হুদার স্ত্রী ক্ষোভের সঙ্গে বললেন, ‘দেশমাতৃকার জন্য হুদার অবদান রাখার শুরু মুক্তিযুদ্ধের অনেক আগে থেকেই। আগরতলা মামলার আসামী ছিলেন তিনি। দেশদ্রোহের অভিযোগে তাঁকে আটক করা হয়। সে সময় তাঁকে সহ্য করতে হয়েছে চরম মানসিক ও দৈহিক নির্যাতন। মুক্তিযুদ্ধে তিনি অসাধারণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পর নানা দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর তাঁকে খালেদ মোশাররফ ও এ টি এম হায়দারের সঙ্গে হত্যা করা হয়। এই ঘটনার ব্যাপারে এখন কেউ উচ্চবাচ্য করে না। কোনো মামলা হয়নি। ওই তিনজন যেন মানুষই ছিলেন না। খালেদ মোশাররফের জন্য যদি বা বলে হুদা-হায়দারের জন্য কেউ কিছু বলে না। এসব কথা কাকে বলব? কার কাছে ক্ষোভ জানাব। এসব শোনার কেউ নেই। সবাই নিজের আত্মপ্রচারে মগ্ন।’সূত্র: নীলুফার হুদা এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর-৮।গ্রন্থনা: তারা রহমান[email protected]