৬৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মতিউর রহমান, বীর প্রতীকযুদ্ধ করা মানে সরাসরি আত্মাহুতি১৯৭১ সাল। ১৪ এপ্রিল। ব্রাহ্মণবাড়িয়া জেলার গঙ্গাসাগর এলাকা। সেখানে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন একদল মুক্তিযোদ্ধা। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ইপিআর সেনার সমন্বয়ে গড়া মুক্তিবাহিনীর কয়েকটি ছোট ছোট দল। একটি প্লাটুনে আছেন মতিউর রহমান। তাঁর দলের অবস্থান দক্ষিণ পাড়ে। তাঁদের অবস্থানের ডানে রেললাইন। কাছেই তিতাস নদ। আর শত্রু পাকিস্তানি সেনাদের অবস্থান মোগরাবাজারে। তাঁরা একদম শত্রুসেনার মুখোমুখি। মাঝখানে ব্যবধান আনুমানিক দেড়-দুই শ গজ। পরদিন খুব ভোর থেকে সেখানে শুরু হলো যুদ্ধ। থেমে থেমে চলল কয়েক দিন। ১৭ বা ১৮ এপ্রিল। মেঘাচ্ছন্ন আকাশ। তুমুল বৃষ্টি। পাকিস্তানিরা দক্ষিণ দিক থেকে তাঁদের অবস্থানে আক্রমণ শুরু করল। বিরতিহীনভাবে তাঁদের অবস্থানে গোলা পড়তে থাকল। প্রকৃতপক্ষে পাকিস্তানিরা তাঁদের বিভ্রান্ত করার জন্য সেদিক থেকে প্রথমে আক্রমণ শুরু করে। তাদের আসল আক্রমণ শুরু হয় পশ্চিম দিক থেকে। তুমুল বৃষ্টির মধ্যে অপ্রত্যাশিত এই আক্রমণে মুক্তিযোদ্ধারা বেশ নাজুক অবস্থায় পড়লেন। অবস্থান ধরে রাখা তাঁদের জন্য কঠিন হয়ে পড়ল। এদিকে মুক্তিবাহিনীর অপর দল যাঁরা তাঁদের পেছনে ছিলেন, তাঁরা অধিনায়কের নির্দেশে পশ্চাদপসরণ করেছেন। এ খবর তাঁদের দল পায়নি। ফলে তাঁরা ছোট একটি দল সেখানে। পেছনে বাধা না পাওয়ায় পাকিস্তানিরা তাঁদের দুই দিক থেকে ঘিরে ফেলল। আক্রমণকারী পাকিস্তানি সেনা মতিউর রহমানের দলের তুলনায় সংখ্যায় অনেক। মুক্তিবাহিনীর অন্যান্য দল পশ্চাদপসরণ করায় তাঁরা তখন সংখ্যায় খুবই কম। অন্যদিকে তাঁদের গোলাবারুদ ও খাদ্যের স্বল্পতা। মতিউর রহমানরা গত দুই দিন প্রায় না খেয়েই যুদ্ধ করেছেন। খাবার বলতে খেয়েছেন চিঁড়া-গুড়। সেদিন তাঁদের অবস্থা এমন যে, যুদ্ধ করা মানে সরাসরি আত্মাহুতি দেওয়া। পশ্চাদপসরণ বা আত্মাহুতি, এর কোনো বিকল্প নেই। কিন্তু পশ্চাদপসরণও বিপজ্জনক। সবারই মারা পড়ার আশঙ্কা। পশ্চাদপসরণ করতে হলে প্রয়োজন নিখুঁত কভারিং ফায়ার। মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নিলেন, সবাই একসঙ্গে হাওরের মাঝ দিয়ে পশ্চাদপসরণ করবেন। কিন্তু বাদ সাধলেন তাঁদের সহযোদ্ধা মোস্তফা কামাল (বীরশ্রেষ্ঠ)। বললেন, তিনিই কভারিং ফায়ার করবেন। বাকি সবাই প্রতিবাদ করলেন। মোস্তফা কামাল তাঁর সিদ্ধান্তে অটল থাকলেন। এর পরের ঘটনা সে আরেক কাহিনি। মতিউর রহমান এরপর আরও কয়েকটি যুদ্ধে অংশ নেন। তিনি প্রথম যুদ্ধে অংশ নেন ৭ এপ্রিল। সেদিন মেঘনা নদীতে তাঁরা কয়েকজন শত্রুর ছোট একটি জাহাজ গোলার আঘাতে ডুবিয়ে দেন। একটি যুদ্ধে তিনি আহত হন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য তিনি বীর প্রতীক খেতাব পেয়েছেন।মতিউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডো ফোর্সের সেনা ছিলেন। ছুটিতে থাকাবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ১ এপ্রিল চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সি কোম্পানিতে যোগ দেন। মতিউর রহমান বীর প্রতীকের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মিরপুরে বসবাস করেন। তাঁর বাবার নাম আবদুল কাদের মৃধা। মা মেহেরুন নেছা, স্ত্রী ইসরাত জাহান সালমা। তাঁর চার ছেলে দুই মেয়ে। আলাপকালে মতিউর রহমান বললেন, মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন বলেই বাংলাদেশ স্বাধীন। সূত্র: মতিউর রহমান বীর প্রতীকের সাক্ষাৎকার। গ্রন্থনা: তারা রহমান [email protected]