তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৭৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আজিজুর রহমান, বীর প্রতীকবিক্রমী এক মুক্তিযোদ্ধাভারত-বালাদেশ সীমান্তসংলগ্ন ময়নাগুড়ি, কামারপাড়া, বিলখাজুদ, ফকিরপাড়া, নয়াপাড়াসহ কয়েকটি গ্রাম। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার অন্তর্গত। ১৯৭১ সালের জুন-জুলাই মাসে এসব গ্রামসহ প্রায় সাত-আট মাইল এলাকাজুড়ে ছিল পাকিস্তান সেনাবাহিনীর নিয়মিত টহল ও উপস্থিতি। কয়েক স্থানে ছিল তাদের পর্যবেক্ষণ পোস্ট। সেখানে পাকিস্তানি সেনারা সহযোগীদের নিয়ে অবস্থান করত।আগস্ট মাসের প্রথম সপ্তাহে মুক্তিবাহিনীর কয়েকটি দল পাকিস্তান সেনাবাহিনীর ওই সব পর্যবেক্ষণ পোস্টে একযোগে আক্রমণ চালায়। এই আক্রমণে মুক্তিবাহিনীর একটি দলের নেতৃত্ব দেন আজিজুর রহমান। মুক্তিযোদ্ধাধারা পাকিস্তানি পোস্টে আক্রমণ চালিয়ে তাদের পিছু হটতে বাধ্য করেন। ওই সব এলাকা মুক্তিযোদ্ধাদের দখলে চলে আসে।দ্বিতীয় সপ্তাহের মধ্যে মুক্তিযোদ্ধারা সামনের আরও এক মাইল এলাকা দখল করতে সক্ষম হন। এই এলাকার মধ্যে ছিল জাবরীদোয়ার, গোয়ালঝাড়, বানিয়াপাড়া, ডাঙ্গাপাড়া, বামনগাঁও, কামাদা, ভেলুকাপাড়া প্রভৃতি গ্রাম। আজিজুর রহমানের নেতৃত্বে তাঁর সহযোদ্ধারা দখল করেন গোয়ালঝাড় গ্রাম। তাঁরা ওই গ্রামে ক্যাম্প করে প্রতিরক্ষা অবস্থান নেন।বিরাট এলাকা, বিশেষ করে ভেলুকাপাড়া, গোয়ালঝাড় ও জাবরীদোয়ার হাতছাড়া হওয়ায় তা পুনরুদ্ধারের জন্য পাকিস্তানিরা মরিয়া হয়ে ওঠে। কয়েক দিন পর বিপুল শক্তি নিয়ে তারা মুক্তিযোদ্ধাদের অবস্থানে আক্রমণ চালায়। তাদের আক্রমণে ভেলুকাপাড়া ও জাবরীদোয়ারে অবস্থানরত মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে যান। মুক্তিযোদ্ধাদের বেশ ক্ষয়ক্ষতি হয়।আজিজুর রহমান সহযোদ্ধাদের নিয়ে বীরত্ব ও সাহসের সঙ্গে পাকিস্তানি আক্রমণ প্রতিরোধ করেন। তাঁদের পাল্টা আক্রমণে পাকিস্তানিদের অগ্রযাত্রা থেমে যায়। পাকিস্তানিরা ভেলুকাপাড়া ও জাবরীদোয়ার গ্রাম পুনর্দখল করতে সক্ষম হলেও গোয়ালঝাড় গ্রাম দখল করতে পারেনি।পাকিস্তানিরা গ্রাম দুটি দখল করার পর মুক্তিবাহিনীর ভজনপুর সাব-সেক্টর অধিনায়কের অনুরোধে ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি দল পাকিস্তানিদের ওপর বোমাবর্ষণ শুরু করে। এই সুযোগে সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যাওয়া মুক্তিযোদ্ধারা পুনরায় সংগঠিত হন। পরে তাঁরা পাকিস্তানিদের পাল্টা আক্রমণ করেন। আর্টিলারি শেলিং ও মুক্তিযোদ্ধাদের নতুন আক্রমণে পাকিস্তানিরা কাবু হয়ে পড়ে। তারা শেষ পর্যন্ত পিছু হটে যায়।পরে পাকিস্তানিরা আরও কয়েকবার গোয়ালঝাড়ে আক্রমণ করে। আজিজুর রহমান প্রতিবারই সহযোদ্ধাদের নিয়ে সাহসিকতার সঙ্গে পাকিস্তানি আক্রমণ প্রতিরোধ করেন। তাঁর দলের নিয়ন্ত্রণে থাকা গোয়ালঝাড় পাকিস্তানিরা আর কখনই দখল করতে পারেনি। দেশ স্বাধীন হওয়া পর্যন্ত গোয়ালঝাড় গ্রামসহ পাশের বিরাট এলাকা মুক্ত ছিল। স্বাধীনতার পর স্থানীয় জনসাধারণ গোয়ালঝাড় গ্রামের নাম তাঁর নামে অর্থাৎ আজিজনগর নামে নামকরণ করে। গোয়ালঝাড় গ্রামের নাম এখনো আজিজনগর হিসেবে প্রচলিত আছে।আজিজুর রহমান চাকরি করতেন ইপিআরে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন দিনাজপুর সেক্টরের ৯ নম্বর উইংয়ে (বর্তমানে ব্যাটালিয়ন)। তখন তাঁর পদবি ছিল হাবিলদার। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পর বীরগঞ্জ এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। প্রতিরোধযুদ্ধ শেষে তেঁতুলিয়ায় সমবেত হন। পরে ভারতে যান।তেঁতুলিয়ায় তিনি কিছুদিন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ৬ নম্বর সেক্টরের ভজনপুর সাব-সেক্টরে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। অমরখানায় এক সেতু ধ্বংসের অপারেশনে তিনি আহত হন। সুস্থ হওয়ার পর আবার ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আজিজুর রহমানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ২০১।আজিজুর রহমান স্বাধীনতার পর বাংলাদেশ রাইফেলস (বিডিআর, বর্তমানে বিজিবি) থেকে নায়েব সুবেদার হিসেবে অবসর নেন। ১৯৯০ সালে তিনি মারা যান। তাঁর পৈতৃক বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার বনকোলা গ্রামে। তাঁর বাবার নাম আবদুল আলী মোল্লা, মা জাগিরননেছা। স্ত্রী লুৎফা বেগম। তাঁদের তিন মেয়ে ও পাঁচ ছেলে।আজিজুর রহমানের স্ত্রী লুৎফা বেগম বেঁচে আছেন। তিনি পেনশন পান, কিন্তু স্বামীর মুক্তিযোদ্ধা ভাতা পান না। ছেলে নজরুল ইসলাম জানালেন, স্বাধীনতা, বিজয় দিবসসহ বিজিবির অনুষ্ঠানে তাঁরা নিয়মিত আমন্ত্রণ পান না।সূত্র: নজরুল ইসলাম, জাহিদ রহমান এবং মুক্তিযুদ্ধে রাইফেলস ও অন্যান্য বাহিনী, সুকুমার বিশ্বাস।গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]