৫৭৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মোহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তমদক্ষ এক সেক্টর অধিনায়কমোহাম্মদ খাদেমুল বাশার জুন মাস থেকে মুক্তিবাহিনীর ৬ নম্বর সেক্টরে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বৃহত্তর রংপুর ও বৃহত্তর দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে ছিল এ সেক্টর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে এ সেক্টরে অসংখ্য যুদ্ধ সংঘটিত হয়। এ সেক্টরে একটা বৈশিষ্ট্য ছিল, তা হলো সেক্টরসহ কয়েকটি সাব-সেক্টরের অবস্থান বাংলাদেশের ভূখণ্ডেই ছিল। পাকিস্তান সেনাবাহিনী তা দখল করতে পারেনি।৬ নম্বর সেক্টর সামরিক ও ভৌগোলিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এর পশ্চিম ও উত্তরে ভারতের শিলিগুড়ি করিডর। পাকিস্তান সেনাবাহিনী শিলিগুড়ি করিডর দখল করলে ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। সে ক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গতি-প্রকৃতি ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার সম্ভাবনা ছিল।খাদেমুল বাশারের প্রত্যক্ষ ও পরোক্ষ পরিচালনায় ৬ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অসংখ্য অপারেশন করেন। এর মধ্যে ভূরুঙ্গামারীর যুদ্ধ অন্যতম। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এ যুদ্ধ সংঘটিত হয়। ৬ নম্বর সেক্টরে গণবাহিনীর মুক্তিযোদ্ধা ছিলেন আখতারুজ্জামান মণ্ডল। তিনি একটি দলের দলনেতা ছিলেন। মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে লেখা তাঁর বইয়ে আছে খাদেমুল বাশারের কথা। তিনি লিখেছেন:‘সেক্টর কমান্ডার এম কে বাশার ৬ নম্বর সেক্টরের প্রতিটি মুক্তিযোদ্ধার অবিচল আস্থা অর্জন করেছিলেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে তিনি আন্তরিকতার সঙ্গে মিশতেন। সময়-সুযোগমতো তাঁদের সঙ্গ দেওয়ার চেষ্টা করতেন। তাঁর অমায়িক ভ্রাতৃত্ববোধ ও সেনানায়কোচিত ব্যবহার আমাদের মুগ্ধ করেছিল।‘রোজা শুরু হওয়ার আগের দিন দুপুরের পর তিনি আমাদের ঘাঁটিতে এলেন। ভূরুঙ্গামারীর পাকিস্তান সেনাবাহিনীর অবস্থানের ওপর আক্রমণ অভিযান পরিকল্পনার জন্য সন্ধ্যার কিছু আগেই সাবসেক্টর অফিসে ক্যাপ্টেন নওয়াজিশসহ আমাদের কয়েকজনকে নিয়ে আলোচনায় বসলেন।‘একটির পর একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল। একপর্যায়ে ক্যাপ্টেন নওয়াজিশ বললেন, “স্যার, আপনি অনেক দিন পরিবারের সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন রয়েছেন। কোনো সংবাদ পাননি। তাই তাদেরকে দেখে এলে ভালো হয়।”‘সেক্টর কমান্ডার তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে বললেন, “ঠিকই বলেছ, তবে কি জানো, তোমরা মুক্তিযোদ্ধারাই আমার পরিবারের আপন সদস্য। তোমাদের সঙ্গে থাকা আর আমার পরিবারের সঙ্গে থাকা একই কথা। আগে অভিযান সফল করো। তোমরা শত্রুর সাথে যুদ্ধ করবে আর আমি পরিবারের সাথে দেখা করব, তা কী করে হয়।”‘সেক্টর কমান্ডারের পরিকল্পনা ও নির্দেশ অনুযায়ী রোজার আগের রাতে ভূরুঙ্গামারীর পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটি আক্রমণের সকল প্রস্তুতি সম্পন্ন হলো। রাত নয়টায় অভিযানে অংশগ্রহণকারী সারিবদ্ধভাবে দাঁড়ানো মুক্তিযোদ্ধাদের সামনে দাঁড়িয়ে তিনি আবেগময় বক্তৃতা করলেন। “জয় বাংলা, বাংলার জয়” এবং “মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি” গানটি টেপ রেকর্ডারে বাজিয়ে শোনানো হলো।‘অভিযানে অংশগ্রহণকারী দেড় শ মুক্তিযোদ্ধা প্রত্যেকের সঙ্গে তিনি হাত মেলালেন এবং ব্যক্তিগতভাবে আদর করলেন।...অপারেশন থেকে আমরা ফিরে না আসা পর্যন্ত তিনি এক মুহূর্তও স্থির হয়ে বসে থাকেননি। যুদ্ধের ময়দানে বিভিন্ন সময় তাঁর সাহসিকতাপূর্ণ অসাধারণ কৃতিত্বের প্রমাণ আমরা পেয়েছি।‘বড় ও ছোট ঝুঁকিপূর্ণ আক্রমণ পরিচালনা, অ্যামবুশ ও রেইড ইত্যাদি তিনি নিজেই পরিচালনা করতেন। সফল রণকৌশল, অস্ত্র চালনা, প্রত্যুৎপন্নমতিত্ব, আত্মবিশ্বাস, সেই সাথে সহকর্মী ও মুক্তিযোদ্ধাদের প্রতি তাঁর গভীর অনুভূতি, স্নেহ ইত্যাদি আমাদের মন থেকে কোনো দিন মুছে যাবে না। মুছে যাবার নয়।’মোহাম্মদ খাদেমুল বাশার পাকিস্তান বিমানবাহিনীতে চাকরি করতেন। ১৯৭১ সালে রাডার স্কোয়াড্রনের অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন ঢাকার তেজগাঁও বিমানবন্দরে। তখন তাঁর পদবি ছিল উইং কমান্ডার। মুক্তিযুদ্ধ শুরু হলে মে মাসের শুরুতে আরও কয়েকজনের সঙ্গে পালিয়ে ভারতে যান এবং যুদ্ধে যোগ দেন।তিনি স্থলযুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তাঁকে মুক্তিবাহিনীর ৬ নম্বর সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। স্থলযুদ্ধের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত বিচক্ষণতা, দক্ষতা ও সাহসিকতার সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীকে মোকাবিলা করেন।মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মোহাম্মদ খাদেমুল বাশারকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ৫৯।মোহাম্মদ খাদেমুল বাশার ১৯৭৭ সালে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মারা যান। তখন তিনি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর পদবি ছিল এয়ার ভাইস মার্শাল। তাঁর পৈতৃক বাড়ি বগুড়া জেলায়। তাঁর বাবার নাম এম এইচ শাহ। স্ত্রী শিরিন বাশার। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে। স্ত্রী ও ছেলেমেয়ে সবাই বিদেশে বসবাস করেন।সূত্র: মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক, ১৯৭১ উত্তর রণাঙ্গনে বিজয়, আখতারুজ্জামান মণ্ডল এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ০৬।গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]