তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৯৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।এ কে এম আতিকুল ইসলাম, বীর প্রতীকসাহসী এক মুক্তিযোদ্ধামৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অন্তর্গত লাতু রেলস্টেশন। ভারত-বাংলাদেশ সীমান্তে। ১৯৭১ সালে এখানে পাকিস্তানি সেনারা ঘাঁটি করে। ১০ আগস্ট মুক্তিবাহিনী এ ঘাঁটিতে আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধারা কয়েকটি দল ও উপদলে বিভক্ত ছিলেন। একটি উপদলের নেতৃত্বে ছিলেন এ কে এম আতিকুল ইসলাম। তাঁদের সার্বিক নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন আবদুর রব।পূর্বপরিকল্পনা অনুযায়ী, এ কে এম আতিকুল ইসলামসহ মুক্তিযোদ্ধারা বিকেলে একযোগে আক্রমণ করেন। এরপর দুই পক্ষে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। তীব্র আক্রমণ প্রতিরোধের চেষ্টা করতে গিয়ে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত বা আহত হয়। ১৫ মিনিট পর পাকিস্তানি সেনারা ঘাঁটি ছেড়ে পালিয়ে যেতে থাকে। সন্ধ্যা সাতটার পর সব সেনা ঘাঁটি ছেড়ে চলে যায়। ঘাঁটি দখল করে মুক্তিযোদ্ধারা সেখানে উড্ডীন পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা ওড়ান এবং অবস্থান নেন।এ দিকে লাতুতে পাকিস্তান সেনাবাহিনীর রিইনফোর্সমেন্ট যাতে না আসতে পারে, সে জন্য মুক্তিবাহিনীর একটি দল কাট অফ পার্টি হিসেবে নিয়োজিত ছিল। তাঁরা বড়লেখা থেকে রিইনফোর্স হিসেবে আগত পাকিস্তানি সেনাবাহিনীকে প্রতিরোধে ব্যর্থ হয়। ফলে লাতু ঘাঁটি দখলকারী মুক্তিযোদ্ধারা বেশ সংকটে পড়েন।পাকিস্তান সেনাবাহিনীর নতুন এ দল লাতুতে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের ওপর ব্যাপক শেলিং শুরু করে। এ কে এম আতিকুল ইসলামসহ মুক্তিযোদ্ধারা এতে বিচলিত হননি। সাহসিকতার সঙ্গে তাঁরা পাল্টা আক্রমণ মোকাবিলা করেন। কিন্তু মুক্তিযোদ্ধাদের ক্ষয়ক্ষতি বেড়ে যায়। তখন তাঁদের অধিনায়ক বাধ্য হয়ে পশ্চাদপসরণের সিদ্ধান্ত নেন।এরপর মুক্তিযোদ্ধারা যুদ্ধক্ষেত্র ছেড়ে যান। ঘাঁটি দখল করে তাঁরা তা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলেও এ ঘটনা পাকিস্তানিদের মনোবলে যথেষ্ট চিড় ধরায়। পাকিস্তানিরা পাঁচজনের লাশ এবং বিপুল গোলাবারুদ ও কিছু অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে গিয়েছিল।লাতুতে ব্যর্থ হলেও এ কে এম আতিকুল ইসলামরা লুবাছড়ায় ব্যর্থ হননি। এ যুদ্ধের বর্ণনা আছে মেজর সি আর (চিত্তরঞ্জন) দত্তের (বীর উত্তম, পরে মেজর জেনারেল) বয়ানে। তিনি বলেন:‘মুক্তিযোদ্ধা কমান্ডার সাদী (মাহবুব রব সাদী বীর প্রতীক) তাঁর দলের মুক্তিযোদ্ধা নিয়ে লুবাছড়া চা-বাগানে আক্রমণ চালান। দুই দিন তুমুল যুদ্ধের পর লুবাছড়া-কারবালা আমাদের হস্তগত হয়। পরে পাকিস্তানিরা বারবার চেষ্টা চালিয়েছে লুবাছড়া দখল করতে। কিন্তু তারা সমর্থ হয়নি। লুবাছড়া শেষ পর্যন্ত মুক্ত ছিল।‘এ যুদ্ধে কয়েকজন বীরত্ব প্রদর্শন করেন। তাঁদের বীরত্বসূচক খেতাব দেওয়ার জন্য আমি সিএনসির (মুক্তিবাহিনীর প্রধান) কাছে সুপারিশ করেছিলাম। তাঁরা হলেন: খাজা নিজামউদ্দীন, রফিকউদ্দিন, মো. বশির আহমেদ, মইজুল ইসলাম, মো. শাহাবউদ্দিন, মোহাম্মদ হোসেন, আতিকুল ইসলাম (এ কে এম আতিকুল ইসলাম), আশরাফুল হক ও মাহবুব রব।’এ কে এম আতিকুল ইসলাম ১৯৭১ সালে শিক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতে যান। প্রশিক্ষণ নিয়ে ৪ নম্বর সেক্টরের বড়পুঞ্জি ও জালালপুর সাব-সেক্টর এলাকায় যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য এ কে এম আতিকুল ইসলামকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ৩৪৯।এ কে এম আতিকুল ইসলাম বর্তমানে সপরিবারে কানাডায় বসবাস করেন। তাঁর পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার উত্তর নোয়াগাঁও গ্রামে। তাঁর বাবার নাম এ কে এম সিরাজুল ইসলাম, মা নসিবা খাতুন। স্ত্রী মারুফা ইসলাম। তাঁদের দুই ছেলে এক মেয়ে।সূত্র: মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক, আহমদ তাজুল ইসলাম (এ কে এম আতিকুল ইসলাম বীর প্রতীকের বড় ভাই) এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, দশম খণ্ড।গ্রন্থনা: রাশেদুর রহমানৎashedtৎ@pৎothom-alo.info