৫৯৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল করিম খন্দকার, বীর উত্তমমুক্তিযুদ্ধে তাঁর অবদান অসামান্য১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আবদুল করিম খন্দকার (এ কে খন্দকার) জুন মাস থেকে মুক্তিবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা ছিল বহুমাত্রিক। বিশেষত মুক্তিবাহিনীর বিমানবাহিনী গঠনে তাঁর ভূমিকা ছিল অনন্য। মূলত তাঁরই নিরন্তর প্রচেষ্টায় তিনটি পুরোনো বিমান নিয়ে বিমানবাহিনী গঠিত হয়। ষোলোই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি মুক্তিবাহিনীর পক্ষে প্রতিনিধিত্ব করেন।এখন জানা যাক তাঁর নিজ বয়ান থেকে কিছু কথা:‘২৫ মার্চের ক্র্যাকডাউনের পর আমি নিজেকে পাকিস্তান বিমানবাহিনীর সদস্য হিসেবে মেনে নিতে পারছিলাম না। আমি ফ্লাইট লেফটেন্যান্ট মারগুবের সঙ্গে যোগাযোগ করে ৩ এপ্রিল স্বাধীনতাযুদ্ধে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু যোগাযোগব্যবস্থার জন্য যেতে পারিনি। ১৫ মে তারিখে আগরতলায় পৌঁছি। ১৬ মে সকালে কলকাতার উদ্দেশে রওনা হই। কর্নেল ওসমানীর (আতাউল গনি ওসমানী, পরে জেনারেল) সঙ্গে দেখা হয়।‘১৯ বা ২০ মে আমরা কয়েকজন দিল্লি যাই ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য। উদ্দেশ্য ছিল বিমান সংগ্রহ করে বিমানবাহিনী গঠন করা। ভারতীয় বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়। আমরা আমাদের বক্তব্য পেশ করলাম। বুঝতে পারলাম, রাজনৈতিক ও নানাবিধ কারণে তাঁরা আমাদের বিমান দিয়ে সাহায্য করতে পারবেন না। সময় এলে তাঁরা আমাদের সাহায্য করবেন।‘তারপর আমরা কলকাতায় এলাম। সিদ্ধান্ত হলো, আমরা স্থলযুদ্ধে অংশগ্রহণ করব। এ সময় আমাকে মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফের দায়িত্ব দেওয়া হয়। মুক্তিবাহিনীর জন্য রিক্রুটমেন্ট, ট্রেনিং এবং তাঁদেরকে বিভিন্ন সেক্টরে পাঠানো, এসব দায়িত্ব আমার ছিল। অস্ত্রশস্ত্র জোগাড় করার দায়িত্বও আমার ছিল।‘অস্ত্রশস্ত্র ও ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সেক্টরে প্রয়োজন অনুসারে দেওয়া হতো। প্রথম মাসে দু-তিন হাজার মুক্তিযোদ্ধাকে গেরিলা প্রশিক্ষণ দিয়ে দেশের ভেতরে পাঠানো হয়। শেষ পর্যন্ত এক লাখ এক হাজার মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দেওয়া হয়েছিল।‘গেরিলা বাহিনীতে স্কুল-কলেজের ছাত্র এবং যুবকেরা বেশির ভাগ যোগ দিয়েছিল। ট্রেনিং শেষ করার পর প্রত্যেক সেক্টরে কতজন গেরিলা পাঠানো হবে, তা এবং অস্ত্রশস্ত্রের পরিমাণও হেডকোয়ার্টার্স থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল।‘গেরিলা যুদ্ধের শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশের ভেতরে গ্রাম এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর চলাচল মারাত্মকভাবে বিপন্ন হয়ে ওঠে। কোথায় যে মুক্তিযোদ্ধা আছে, তা তারা বলতে পারত না। মুক্তিবাহিনীর এ সাফল্যই বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর পরাজয়ের মূল কারণ।‘প্রথম দিকে বিমানবাহিনীর সমস্ত পাইলট, টেকনিশিয়ান স্থলযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পরে স্থির হয় একটা এয়ার ইউনিট গঠন করা হবে। ভারতীয় বিমানবাহিনী আমাদেরকে একটা অটার, একটা অ্যালুয়েট হেলিকপ্টার এবং একটা একটা ডিসি-৩ ডাকোটা বিমান দিয়েছিল।‘২৮ সেপ্টেম্বর নাগাল্যান্ডের ডিমাপুর বিমানবন্দরে সবাইকে (পাইলট ও টেকনিশিয়ান) একত্র করা হয়। আমরা রাতে আক্রমণ চালাব বলে ঠিক করলাম। প্লেনগুলোকে মাটির ওপর ৩০০ ফুট নিচ দিয়ে ফ্লাই করার সিদ্ধান্ত নেওয়া হলো। কেননা ৩০০ ফুটের নিচ দিয়ে উড়লে রাডার স্ক্রিনে তা ধরা পড়ে না।‘কোনো নেভিগেশন ছাড়াই আমরা রাতে প্রশিক্ষণ শুরু করি। আমি নিজে বিমানে উঠে ট্রেনিংয়ে সাহায্য করতাম। সারা রাত ধরে ট্রেনিংয়ের কাজ চলত।...৩ ডিসেম্বর রাত দুইটার সময় একই সময় আমাদের বিমান চট্টগ্রাম বন্দরের নিকটবর্তী অয়েল ডাম্প ও নারায়ণগঞ্জের কাছে গোদনাইলে বিমান হামলা চালায়। এ হামলা খুব কার্যকর হয়েছিল।’মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় আবদুল করিম খন্দকারকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ৫৮।আবদুল করিম খন্দকার স্বাধীনতার পর বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এবং পর্যায়ক্রমে এয়ার ভাইস মার্শাল পদে উন্নীত হন। ১৯৭৫ সালের পর বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নির্বাচিত সাংসদ।তাঁর পৈতৃক বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামে। তাঁর বাবার নাম খন্দকার আবদুল লতিফ, মা আরেফা খাতুন। স্ত্রী ফরিদা খন্দকার। তাঁদের এক মেয়ে, দুই ছেলে।সূত্র: মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, নবম ও দশম খণ্ড।গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]