৬০০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠপাকিস্তানি বিমান নিয়ে যাওয়ার চেষ্টা করেনপাকিস্তান বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন মতিউর রহমান। তাঁর কর্মস্থল ছিল পাকিস্তানের (তখন পশ্চিম পাকিস্তান) করাচির মশরুর বিমান ঘাঁটিতে। ১৯৭১ সালের জানুয়ারি মাসের শেষে তিনি ছুটি নিয়ে ঢাকায় আসেন। ১ মার্চ তাঁর ছুটি শেষ হলেও তিনি পাকিস্তানে যাননি। মুক্তিযুদ্ধ শুরু হলে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যান।পাকিস্তান সেনাবাহিনীর হত্যাযজ্ঞে মতিউর রহমান মানসিকভাবে খুবই বিচলিত হয়ে পড়েন। গ্রামের বাড়িতে থাকা অবস্থায় তিনি মুক্তিযুদ্ধের স্থানীয় নানা কর্মকাণ্ডে পরোক্ষভাবে জড়িত থাকেন। তবে নানা কারণে প্রত্যক্ষভাবে যোগ দেওয়ার ব্যাপারে তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। ২৩ এপ্রিল তিনি ঢাকায় ফেরেন। ঢাকায় দুজন বাঙালি সহকর্মীসহ কয়েকজন আত্মীয়ের সঙ্গে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার ব্যাপারে কথা বলেন। দুই সহকর্মী ছিলেন এম খাদেমুল বাশার (বীর উত্তম) ও সুলতান মাহমুদ (বীর উত্তম)।কিন্তু নিজের ও স্ত্রীর, দুই পক্ষের আত্মীয়স্বজন মুক্তিযুদ্ধে যাওয়ার ব্যাপারে মতিউরকে প্রবলভাবে বাধা দেন। ফলে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত হয়ে পড়েন। ৬ মে তিনি ভগ্নহূদয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে করাচি ফিরে যান।করাচিতে যাওয়ার কিছুদিন পর থেকেই মতিউর মনে মনে পরিকল্পনা করতে থাকেন কীভাবে পাকিস্তান বিমানবাহিনীর একটা বিমান ছিনতাই করে মুক্তিযুদ্ধে যোগ দেওয়া যায়। তাঁর এ পরিকল্পনা তিনি কাউকে বলেননি। এমনকি নিজের স্ত্রীকেও বুঝতে দেননি। স্ত্রীও তাঁর হাবভাবে বুঝতে পারেননি।এর পর থেকেই তিনি সুযোগ খুঁজতে থাকেন। কিন্তু এ সময় (জুলাই) পাকিস্তানে কর্মরত সব বাঙালি বৈমানিককে গ্রাউন্ডেড করে বিমান চালনা ছাড়া অন্যান্য কাজে নিয়োজিত করা হয়। মতিউরকে বেস ফ্লাইট সেফটি অফিসার হিসেবে বদলি করা হয়। এতে তাঁর পরিকল্পনা হোঁচট খায়। কিন্তু তিনি তাঁর নিজ সিদ্ধান্তে অটল থাকেন।দেশে আসার আগে মতিউর রহমান পাকিস্তানি শিক্ষানবিশ পাইলট রাশেদ মিনহাজকে বিমান উড্ডয়ন শিক্ষা দিতেন। গ্রাউন্ডেড হওয়ার পর সিদ্ধান্ত নেন মিনহাজ যখন প্লেন নিয়ে উড়তে যাবেন, তখন তিনি ওই প্লেনে চড়ে সেটি ছিনতাই করবেন। বিমান ঘাঁটির কাছাকাছি সীমান্তের ওপারে আছে ভারতের এক বিমান ঘাঁটি। বিমান ছিনতাই করতে পারলে তিনি সেখানে যাবেন।মতিউর রহমান তাঁর পরিকল্পনা বাস্তবায়নের তারিখ নির্ধারণ করেন ২০ আগস্ট, শুক্রবার। সেদিন বেলা ১১টায় মিনহাজের একাই টি ৩৩ বিমান নিয়ে ওড়ার শিডিউল ছিল। আর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এ বিমানের যোগাযোগের সাংকেতিক নাম ছিল ‘ব্লুবার্ড’। সেদিন নির্ধারিত সময় মিনহাজ বিমান নিয়ে ৪ নম্বর ট্যাক্সি-ট্র্যাক দিয়ে রানওয়েতে ঢোকার জন্য এগিয়ে আসতে থাকেন। এ সময় মতিউরও নিজের গাড়ি চালিয়ে ওই ট্যাক্সি-ট্রাকে রওনা দেন। বিমানটি সেখানে একটি টিলার আড়ালে পৌঁছামাত্র তিনি বিমান থামানোর সংকেত দেন।তাঁর সংকেতে মিনহাজ বিমান থামান। কারণ, কন্ট্রোল টাওয়ার ক্লিয়ারেন্স দেওয়ার পরও ফ্লাইট সেফটি অফিসার কোনো বৈমানিককে বিমান থামানোর সংকেত দিলে তিনি বিমান থামাতে বাধ্য থাকেন। মতিউর সেফটি অফিসারের এ ক্ষমতা প্রয়োগ করেন। ফলে মিনহাজ বিমান থামাতে বাধ্য হন এবং ক্যানোপি (জঙ্গি বিমানের বৈমানিকদের বসার স্থানের ওপরের স্বচ্ছ আবরণ) খুলে কারণ জানতে চান।মতিউর এ সুযোগে দ্রুতগতিতে বিমানের ককপিটে উঠে পড়েন। এর একটু আগে একটি যুদ্ধবিমান অবতরণ করায় তখন রানওয়ে খালিই ছিল। হকচকিত মিনহাজ কিছু বুঝে ওঠার আগেই তিনি বিমানটি রানওয়েতে নিয়ে আকাশে ওড়ান। কিছুক্ষণের মধ্যে বিমানটি দিগন্তে মিলিয়ে যায়। তবে মতিউর বিমানটির নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে পারেননি। আকাশে ওড়ার পর দুজনের মধ্যে ধস্তাধস্তি চলা অবস্থায় সেটি বিধ্বস্ত হয় এবং তাঁরা দুজনই নিহত হন।পাকিস্তানিরা পরে মতিউর রহমানের মরদেহ মশরুর বিমান ঘাঁটির চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য নির্ধারিত কবরস্থানে ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াই সমাহিত করে। স্বাধীনতার ৩৫ বছর পর (২০০৬) তাঁর দেহাবশেষ পাকিস্তান থেকে এনে ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় সমাহিত করা হয়েছে।শহীদ মতিউর রহমানকে তাঁর প্রচেষ্টার জন্য মরণোত্তর বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ০৫।শহীদ মতিউর রহমানের পৈতৃক বাড়ি নরসিংদী জেলায়। উত্তরাধিকারীদের বর্তমান ঠিকানা ১১২ মণিপুরী পাড়া, ঢাকা। তাঁর বাবার নাম আবদুস সামাদ, মা মোবারকুন্নেছা। স্ত্রী মিলি রহমান। তাঁর দুই মেয়ে।সূত্র: মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক এবং বীরশ্রেষ্ঠ, জাহানারা ইমাম, গণ প্রকাশনী।গ্রন্থনা: রাশেদুর রহমান ৎashedtৎ@pৎothom-alo.info