তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ নূরুল ইসলাম বীর বিক্রমশেল এসে পড়ল তাঁর বাংকারের পাশেএকদিকে বৃষ্টি, অন্যদিকে সারা রাত জাগার ক্লান্তি। সব উপেক্ষা করে নূরুল ইসলাম বাংকারে বসে আছেন। তিনি একা নন, তাঁর সঙ্গে আছেন আরও অনেক মুক্তিযোদ্ধা। তাঁদের এই অপেক্ষা শত্রু পাকিস্তানি সেনাদের জন্য। এলাকাজুড়ে একটা থমথমে অবস্থা। পাকিস্তানি সেনাবাহিনীর বিশাল একটি দল মুক্তিযোদ্ধাদের দখলে থাকা এলাকা পুনর্দখলের জন্য আক্রমণ শুরু করেছে। কয়েক দিন ধরে শুরু হয়েছে তাদের আর্টিলারির গোলাবর্ষণ। আগের রাতে পাকিস্তানিরা নূরুল ইসলামদের অবস্থানে অবিরাম গোলাবর্ষণ করেছে। কিন্তু তাঁরা সেসব উপেক্ষা করে তাঁদের অবস্থান ধরে রেখেছেন। সকাল হলেই দেখা গেল, শত শত পাকিস্তানি সেনা তাদের অবস্থানের দিকে এগিয়ে আসছে। পাকিস্তানি সেনাবাহিনীর ১৫ ও ১৯ বেলুচ রেজিমেন্ট, ২১ আজাদ কাশ্মীর রাইফেলস ও ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্সেস (ইপিকাপ) সমন্বয়ে সম্মিলিত পাকিস্তানি বাহিনী। পাকিস্তানিরা তাদের কামান, মর্টার ও বিকোয়েললেস রাইফেল দিয়ে বৃষ্টির মতো গোলাবর্ষণ করছিল। তার মধ্যেই সাহসিকতার সঙ্গে নূরুল ইসলাম ও তাঁর সহযোদ্ধারা যুদ্ধ করে যাচ্ছিলেন। তাঁদের পাল্টা আক্রমণে পাকিস্তানি বাহিনী ছত্রভঙ্গ হয়ে পেছন দিকে সরে যায়। এমন সময় শত্রু পাকিস্তানিদের একটি শেল এসে পড়ল নূরুল ইসলামের অবস্থানে। শেলের টুকরার আঘাতে তাঁর শরীর কুঁকড়ে গেল। রক্তে ভেসে যেতে থাকল তাঁর বাংকার। পাশের বাংকার থেকে দুজন সহযোদ্ধা এসে তাঁকে নিয়ে গেলেন একটু দূরে। কিন্তু নূরুল ইসলামের দুর্ভাগ্য। আবার একটি মর্টার শেল এসে আঘাত করল তাঁর শরীরে। সঙ্গে সঙ্গে তাঁর জীবনপ্রদীপ নিভে গেল। শহীদ হলেন তিনি। এ ঘটনা ১৯৭১ সালের। ৮ জুন (সঠিক তারিখ নিয়ে বিভ্রান্তি আছে, এই যুদ্ধের তারিখ একেক বইয়ে একেক রকম আছে)। বিলোনিয়া এলাকায়। সেদিন মুন্সিরহাটে মোক্তারবাড়িতে পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়। এই যুদ্ধে নূরুল ইসলাম পাকিস্তানি গোলার আঘাতে শহীদ হন। তাঁকে সেখানেই মসজিদের পাশে কবর দেওয়া হয়।শহীদ নূরুল ইসলাম প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের মার্চে ছুটিতে বাড়িতে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ২ নম্বর সেক্টরের রাজনগর সাবসেক্টরে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ নূরুল ইসলামকে মরণোত্তর বীর বিক্রম খেতাব প্রদান করা হয়েছে। শহীদ নূরুল ইসলাম বীর বিক্রমের বাড়ি ফেনী জেলার সদর উপজেলার মোটবি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। তাঁর বাবার নাম মুনশি আহমদ উল্লাহ, মা ফিরোজা বেগম। তিনি বিবাহিত ছিলেন। প্রথম স্ত্রী কাঞ্চন আরা বিবি মারা গেলে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী জাহানারা বেগম। পরে তাঁর অন্যত্র বিয়ে হয়। শহীদ নূরুল ইসলামের চার ছেলে ও এক মেয়ে। শহীদ নূরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম জানালেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত দেওয়া ছাড়া আর কেউ তাঁদের খোঁজ নেয় না। বাবার কবর আজও অরক্ষিত। সেখানে একটি নামফলক ছিল, কিন্তু সেটি নষ্ট হয়ে গেছে। তাঁদের এমন আর্থিক সংগতি নেই যে নতুন করে নামফলক লাগাবেন। তাঁরা রাষ্ট্রীয় কোনো সুযোগ-সুবিধাও পান না। এলাকার মানুষ জানেও না তাঁর বাবা বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তিনি আরও বললেন, তাঁদের কাছে তাঁর বাবার কোনো ছবি নেই। সূত্র: প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহেরের পাঠানো তথ্য ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর-২। গ্রন্থনা: তারা রহমান[email protected]