৬৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।বশির আহমেদ, বীর প্রতীকতিনি চিঠি নিয়ে যেতে রাজি হলেন১১ নম্বর সেক্টরের মহেন্দ্রগঞ্জ সাব-সেক্টরে মুক্তিযোদ্ধাদের মধ্যে টানটান উত্তেজনা। কামালপুরে টানা কয়েক মাস যুদ্ধ করে পাকিস্তানিরা অনেকটা চুপসে এসেছে। তবু তারা আত্মসমর্পণ করছে না। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর। সকাল সাড়ে সাতটার দিকে ভারতীয় মিত্র বাহিনীর ব্রিগেডিয়ার গুরবক্স সিং গিল আত্মসমর্পণের আহ্বান জানিয়ে পাকিস্তানিদের কামালপুর ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন হাসান মালিকের কাছে চিঠি পাঠাবেন। তিনি যাঁকেই বলছেন, কেউ রাজি হচ্ছেন না। গিল রেগে গিয়ে বললেন, ‘তোমাদের একজন লোকও কী জীবন দিতে পারবে না?’ তখন বশির আহমেদ রাজি হয়ে গেলেন। কামালপুর ক্যাম্পের কমান্ডারকে দেওয়ার জন্য আত্মসমর্পণের আহ্বানসংবলিত চিঠি ও সাদা পতাকা দেওয়া হলো তাঁর হাতে।কামালপুর ক্যাম্পের কাছাকাছি গিয়ে তিনি প্রথমে সাদা সোয়েটার দেখান। পরে সাদা পতাকা নাড়িয়ে পাকিস্তানি সেনাদের দৃষ্টি আকর্ষণ করেন। তারা তাঁকে ক্যাম্পে নিয়ে যায়। পাকিস্তানি একজন অফিসার চিঠি ও পতাকা নিয়ে তাঁকে বেঞ্চে বসিয়ে রাখে। তারা তাঁকে রুটি, ডাল ও পানি দেয়। তিনি রুটিই খাবেন, নাকি বাঁচবেন, ভাবছেন। এমন সময় ভারতের যুদ্ধবিমান আকাশে চক্কর দেয়। ক্যাম্পের আশপাশে কয়েকটা বোমা ফেলে আতঙ্ক সৃষ্টি করে। পাকিস্তানিরা বেলা সোয়া তিনটা পর্যন্ত তাঁকে আটক করে রাখে। এদিকে তাঁকে মেরে ফেলেছে ধারণা করে সনজু নামের আরেকজন মুক্তিযোদ্ধাকে সাদা পতাকা দিয়ে কামালপুর ক্যাম্পে পাঠানো হয়। সে সময় আবার ভারতীয় যুদ্ধবিমান এসে বোমা ফেলে। এতে দুই-তিনজন পাকিস্তানি সেনা নিহত হয়। সনজু আর বশির আহমেদ বিমান লক্ষ্য করে সাদা পতাকা দেখান। কামালপুরের পাকিস্তানি অধিনায়ক আত্মসমর্পণের ইচ্ছার কথা জানিয়ে চিঠির জবাব দিয়ে তাঁদের ছেড়ে দেন। শেষ পর্যন্ত কামালপুর ক্যাম্পের ক্যাপ্টেন হাসান মালিকসহ ১২৬ জন পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে।বশির আহমেদ ১৯৭১ সালে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি এপ্রিল মাসে ভারতে যান। মে মাসের পর সেখানে প্রশিক্ষণ নিয়ে কামালপুর এলাকায় বেশ কটি যুদ্ধে অংশ নেন।মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বশির আহমেদ (৬০) বীর প্রতীক খেতাব পেয়েছেন। বশির আহমেদের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া ইউনিয়নের ডুমুরতলা গ্রামে। বর্তমানে তিনি বকশীগঞ্জ সদরের চরিয়াপাড়া ব্র্যাক সড়কে বসবাস করেন। তাঁর বাবার নাম লাল মামুদ। মা কিশোরী বেওয়া। স্ত্রী রোকেয়া বেগম। তাঁর তিন ছেলে। পেনশনভাতা আর সামান্য কিছু জমি চাষাবাদ করে অনেক টানাপোড়েনের মধ্যে সংসার চলে তাঁর। বর্তমানে তিনি খুব অসুস্থ। বাতের ব্যথায় চলাফেরা করতে খুবই কষ্ট হয় তাঁর।বশির আহমেদ বললেন, দীর্ঘ ৪০ বছরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য কোনো সরকারই স্থায়ী কিছু করেনি। সাধারণ মুক্তিযোদ্ধারা আজ কী অবস্থায় আছেন, এ থেকেই তা বোঝা যায়।সূত্র: বশির আহমেদ বীর প্রতীকের সাক্ষাৎকার। নিয়েছেন প্রথম আলোর জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১।গ্রন্থনা: তারা রহমান[email protected]