৬৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ আবুল বশর, বীর প্রতীক‘শেষ ব্যক্তি, শেষ গুলি’ পর্যন্ত লড়াই করেনবানার নদের পাড়ে এক স্থানে দুই দিন ধরে ওত পেতে আছেন একদল মুক্তিযোদ্ধা। তাঁদের নেতৃত্বে সুবেদার আবুল বশর। তাঁরা খবর পেয়েছেন, নদ দিয়ে লঞ্চে পাকিস্তানি সেনারা সেখানে আসবে। কিন্তু মুক্তিযোদ্ধাদের দুর্ভাগ্য, পাকিস্তানিদের এদেশীয় দোসর স্থানীয় কয়েকজন তাঁদের অবস্থান ও গতিবিধি আগে থেকেই গোপনে পর্যবেক্ষণ করছিল। বিশ্বাসঘাতক ওই বাঙালিরা মুক্তিবাহিনীর অবস্থান, সংখ্যা ও অস্ত্রশস্ত্র সম্পর্কে পাকিস্তানিদের কাছে খবর পাঠিয়ে দেয়। খবর পেয়ে তারা তৎক্ষণাৎ পাল্টা কার্যক্রম, অর্থাৎ অ্যান্টি অ্যামবুশ ড্রিল গ্রহণ করে। এ ঘটনা ১৯৭১ সালের জুলাই মাসে। নরসিংদী জেলার বেলাব উপজেলায়।পাকিস্তানিরা সাধারণত লঞ্চযোগে যাতায়াত করত। ১৪ জুলাই তারা অন্য কায়দায় এল। এবার তারা লঞ্চ ছাড়াও ছোট ছোট দেশি নৌকায় করে আসে। লঞ্চগুলো ছিল নৌকার বেশ পেছনে। নৌকাগুলো যখন ওই স্থান অতিক্রম করছিল, তখন মুক্তিযোদ্ধারা সন্দেহ করেননি। তার পরও মমতাজ নামে একজন মুক্তিযোদ্ধার নৌকাগুলোর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তিনি একটা নৌকাকে থামার নির্দেশ দেন। আর ঠিক তখনই পাকিস্তানিরা নৌকা থেকে গুলি শুরু করে। মুক্তিযোদ্ধা মমতাজ তাদের গুলিতে সঙ্গে সঙ্গে শহীদ হন। এরপর শুরু হয়ে যায় ব্যাপক গুলিবিনিময়। এর মধ্যে পাকিস্তানিরা মুক্তিযোদ্ধাদের পেছন থেকে ঘেরাও করে ফেলে এবং তাদের আক্রমণে বেশ কজন মুক্তিযোদ্ধা হতাহত হলেন। দলনেতা আবুল বশর যখন ঘটনা বুঝতে পারলেন, তখন অনেক দেরি হয়ে গেছে। আর শত্রুরাও তাঁদের থেকে সংখ্যায় অনেক। এ অবস্থায় লড়াই করার অর্থ নিশ্চিত মৃত্যু। কৌশলগত কারণে পশ্চাদপসরণ করাই বরং শ্রেয়। কিন্তু এর জন্যও প্রয়োজন নিখুঁত কভারিং ফায়ার। উপায়ান্তরহীন দলনেতা বশর নিজেই এ দায়িত্ব নিলেন। ‘শেষ ব্যক্তি, শেষ গুলি’ পর্যন্ত লড়ার জন্য তিনি মনস্থির করলেন। সহযোদ্ধাদের পশ্চাদপসরণের নির্দেশ দিয়ে তিনি নিজে একা লড়াই চালিয়ে যেতে থাকেন। একসময় গুলি এসে লাগে তাঁর পেটে। গুলির আঘাতের স্থানে গায়ের জামা বেঁধে যুদ্ধ চালিয়ে গেলেন অনেকক্ষণ। রক্তক্ষরণে তাঁর শরীর অসাড় হয়ে পড়ছে। যখন বুঝতে পারলেন জীবনের শেষ, তখন রক্তমাখা শার্ট নাগালের মধ্যে থাকা ঝোপ গাছের ওপর ঝুলিয়ে রেখে ঢলে পড়লেন মৃত্যুর কোলে। হলুদের খেতে পড়ে থাকে দ্রোহী নির্ভীক যোদ্ধা আবুল বশরের প্রাণহীন দেহ। তাঁর নিথর হাত তখনো এলএমজির ওপর। এ যুদ্ধে মুক্তিবাহিনীর আবুল বশর ছাড়াও শহীদ হন আরও ছয়-সাতজন। আহত হন বেশ কজন। সেদিন পাকিস্তানিদেরও বেশ ক্ষয়ক্ষতি হয়।শহীদ আবুল বশর ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি প্লাটুনের সুবেদার ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগ দেন। ৩ নম্বর সেক্টরের বিভিন্নস্থানে তিনি যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ আবুল বশর মরণোত্তর বীর প্রতীক খেতাব পান।শহীদ আবুল বশরের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শেখপাড়া গ্রামে। তাঁর বাবার নাম সৈয়দ হোসেন। মা সৈয়দা সাজেদা বেগম। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। স্ত্রী হোসনে আরা বেগম। তাঁর দুই ছেলে, তিন মেয়ে।শহীদ আবুল বশরের স্ত্রী বললেন, ‘পেনসনের টাকা ছাড়া অর কোনো সুযোগ সুবিধা পাইনি। সরকার আসে যায়, কিন্তু তাঁদের মতো শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ভাগ্য পরিবর্তন হয় না।সূত্র: প্রথম আলো রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি মীর মোহাম্মদ আসলামের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, দশম খণ্ডগ্রন্থনা: তারা রহমান[email protected]