তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।জহুরুল হক মুন্সী, বীর প্রতীকচিঠি বহনের অপরাধে নির্যাতিত হন তিনিতিনি কখনো কলা বিক্রেতা, কখনো জুতা সেলাইয়ের কাজ অর্থাৎ মুচি সেজে শত্রু পাকিস্তানিদের মনোভাব জানতেন, কিংবা তথ্য সংগ্রহ করতেন। আবার অস্ত্র হাতেও যুদ্ধ করেন। মাইন পোঁতায় তিনি ছিলেন খুবই পারদর্শী। ১৯৭১ সালের ডিসেম্বরে পাকিস্তানি সেনাদের কাছে আত্মসমর্পণের আহ্বানের চিঠি পৌঁছাতে গিয়ে তাদের হাতে নির্মম নির্যাতনের শিকার হন। যুদ্ধে বীরত্ব প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ তিনি দুটি বীর প্রতীক খেতাব পেয়েছেন। তাই তাঁর নামের শেষে প্রথম বন্ধনীতে ‘বার’ লেখা হয়। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর কামালপুর জয়ের পর জামালপুর শহরের পাকিস্তানি অবস্থানে হামলার প্রস্তুতি চলছিল। ৩১ বেলুচের প্রায় দেড় হাজার সেনা পিটিআইয়ে প্রতিরক্ষা অবস্থানে ছিল। এ অবস্থান উচ্ছেদ না করে মিত্র বাহিনীর টাঙ্গাইল হয়ে ঢাকার দিকে অভিযান পরিচালনা করা অনেকটা অসম্ভব ছিল। এ অবস্থায় শত্রুপক্ষের মনোভাব জানতে মিত্র বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার ক্লেয়ার আত্মসমর্পণের আহ্বান জানিয়ে চিঠি লেখেন পাকিস্তানি অধিনায়কের কাছে। কিন্তু এই চিঠি নিয়ে কে যাবে? মুন্সী তখন ভারতের পুরাখাসিয়ায় ক্যাম্পে ছিলেন। তিনি স্বেচ্ছায় রাজি হলেন। ৯ ডিসেম্বর তিনি সাদা পতাকা উড়িয়ে সাইকেলে চড়ে রওনা হন জামালপুরের দিকে। পিটিআই ক্যাম্পে যাওয়ার পথে পাকিস্তানি সেনারা তাঁকে আটক করে চোখ ও হাত বেধে নিয়ে যায় তাদের অধিনায়কের কাছে। চিঠি বহনের অপরাধে সে তাঁর ওপর নির্যাতন শুরু করে। এসএমজির বাঁটের আঘাতে মুন্সীর মুখের ওপরের পাটির চারটি দাঁত ভেঙে যায়। রাইফেলের বেয়োনেট দিয়ে খুঁচিয়ে তাঁর পা ক্ষতবিক্ষত করে দেয়। একপর্যায়ে তাঁকে ঝুলিয়ে কথা বের করার চেষ্টা করে। এরপর পাকিস্তানি অধিনায়ক ব্রিগেডিয়ার ক্লেয়ারের চিঠির জবাব লিখে চিঠির ভেতর রাইফেলের গুলি ভরে মুন্সীকে ফেরত পাঠায়। ওই দিনই গভীর রাতে মুন্সী পৌঁছান মিত্র বাহিনীর ক্যাম্পে। পরদিন ১০ ডিসেম্বর ভোরে মিত্র বাহিনী জামালপুরের পাকিস্তানি ক্যাম্পে আঘাত হানে। মুক্ত হয় জামালপুর।জহুরুল হক মুন্সী ১৯৭১ সালে ডক শ্রমিক ছিলেন। ষাটের দশক থেকে নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডে কাজ করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগ দেন।জহুরুল হক মুন্সীর বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার শ্রীবরদী পৌর এলাকার খামারিয়া পাড়ায়। বর্তমানে তাঁর বয়স ৬৮ বছর। তাঁর বাবার নাম আবদুল গফুর মিয়া। মা গোলেছা খাতুন। স্ত্রী মাহমুদা খাতুন। তাঁর তিন ছেলে, এক মেয়ে। সামান্য জমিতে চাষাবাদ করে কোনোমতে তাঁর সংসার চলে। অভাব যেন তাঁর পিছু ছাড়েনি। পাকিস্তানি সেনাদের নির্মম নির্যাতনের শিকার মুন্সীর ডান পায়ের ভরক্ষমতা দিনে দিনে কমে আসছে। এখন লাঠিতে ভর দিয়ে হাঁটেন। জহুরুল হক মুন্সী বলেন, ‘স্বাধীনতার ৪০ বছর পার হলেও আজ মুক্তিযোদ্ধাদের করুণ অবস্থা দেখে ঘৃণা হয়। কোনো সরকারই মুক্তিযোদ্ধাদের নিয়ে স্থায়ী কিছু করেনি।’সূত্র: জহুরুল হক মুন্সীর সাক্ষাৎকার। নিয়েছেন প্রথম আলোর জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১।গ্রন্থনা: তারা রহমান[email protected]