তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মহিউদ্দিন মানিক, বীর প্রতীকমহিলারাও পাকিস্তানিদের দা দিয়ে হত্যা করেকয়েক দিন ধরে পাকিস্তানি বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ ও সফল অভিযান চালিয়ে মুক্তিযোদ্ধারা বেশ ক্লান্ত। একদিন রাতে তাঁরা অবস্থান নিলেন একটা খালে। ক্লান্ত ও পরিশ্রান্ত থাকায় কয়েকজন ছাড়া সবাই নৌকায় ঘুমিয়ে পড়লেন। তাঁদের নেতৃত্বে শাহজাহান ওমর। এই দলের একজন সদস্য কে এস এ মহিউদ্দিন মানিক। ভোররাতে দুজন লোক সেখানে এল। তারা বলে, তাদের গ্রামে একদল পাকিস্তানি সেনা অবস্থান করছে। নৌকায় থাকা মুক্তিযোদ্ধারা কোনো চিন্তা না করেই ওই গ্রামের উদ্দেশে যাত্রা করেন। গ্রামে ঢুকে বেশ কয়েকটি বাড়িতে আগুন জ্বলতেও দেখলেন তাঁরা। কী করবেন কিছু ভেবে উঠতে পারছেন না। ভোরের আলো তখনো পুরো ফোটেনি। হঠাৎ মানিক দেখতে পেলেন কয়েকজন পাকিস্তানি সেনাকে। তারা জঙ্গলের ভেতর শুয়ে আছে, মাথার হেলমেট চিকচিক করছে। মহিউদ্দিন মানিক তাদের দেখে সহযোদ্ধা জিয়াউদ্দিনকে বললে তিনি প্রথমে বিশ্বাস করেননি। পরমুহূর্তেই তাঁরা দেখলেন খালের ওপর সাঁকোর পাশে পাকিস্তানি সেনাদের। খালের দুই পাড়ে চারটি স্থানে তাদের মর্টারের অবস্থান। মানিক সঙ্গে সঙ্গে সহযোদ্ধা জিয়াউদ্দিনের কাছে থাকা মর্টারে গোলা ভরে দিলেন। তিনি মর্টার চার্জ করলে তা পাকিস্তানিদের মর্টার অবস্থানে পড়ে। এরপর চলতে থাকে সম্মুখ যুদ্ধ।সংবাদ পেয়ে আশপাশে থাকা অন্যান্য মুক্তিযোদ্ধার দলও তাঁদের সঙ্গে যোগ দেয়। তাঁরা পাকিস্তানিদের চারদিক থেকে ঘিরে ফেলে। দিনব্যাপী যুদ্ধ চলে। অসংখ্য পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী রাজাকার এই যুদ্ধে মারা যায়। কিছুসংখ্যক পালিয়ে যেতে সক্ষম হলেও অধিকাংশই জনতা মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয়। গ্রামের মহিলারাও দা দিয়ে কুপিয়ে তাদের হত্যা করে। সেদিন যুদ্ধে মানিকের কপালের ডান দিকে গুলি লাগে। তিনি আহত হন। তাঁর সহযোদ্ধা আউয়াল শহীদ হন। এ ঘটনা ১৯৭১ সালের। ১৩ নভেম্বরে। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার চাচৈর গ্রামে।মহিউদ্দিন মানিক ১৯৭১ সালে মা-বাবার নির্দেশে মুক্তিযুদ্ধে যোগ দেন। ২৫ এপ্রিল বরিশাল পুলিশ লাইন থেকে পাওয়া অস্ত্র নিয়ে চলে যান বানারীপাড়ায়। সেখানে কয়েকজন মিলে মুক্তিবাহিনীর একটা দল গঠন করেন। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তাঁরা সাবসেক্টর কমান্ডার শাহজাহান ওমরের দলে একীভূত হন। এরপর থেকে তাঁর সঙ্গেই যুদ্ধ করেন। ৮ ডিসেম্বর তাঁরা বাকেরগঞ্জ থানা মুক্ত করেন। সেদিন তিনি আবার আহত হন।মুক্তিযুদ্ধে বিশেষ করে চাচৈরের যুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক খেতাব পেয়েছেন।মহিউদ্দিন মানিকের বাবার নাম কাজী মনোয়ার হোসেন। মা আনোয়ারা বেগম। স্ত্রী কামরুন্নাহার নাজনীন। তাঁর এক ছেলে ও এক মেয়ে। তাঁর গ্রামের বাড়ি বানারীপাড়া উপজেলায়। বর্তমানে তিনি বরিশাল শহরের বগুড়া রোডে পৈতৃক বাড়িতে বসবাস করছেন।কে এস এ মহিউদ্দিন মানিক বলেন, অনেকে মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও মুক্তিযোদ্ধা সেজে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। যাচাই-বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিরূপণ করা অত্যন্ত জরুরি। সূত্র: কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীকের সাক্ষাৎকার। নিয়েছেন প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৯।গ্রন্থনা: তারা রহমান[email protected]