তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭১স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।এস এম নুরুল হক, বীর প্রতীকমুহূর্তেই ধ্বংস পতেঙ্গার তেল শোধনাগাররাত ১০টার দিকে একটি যুদ্ধবিমান (অটার) ভারতের নাগাল্যান্ড রাজ্যের ডিমাপুর বিমানঘাঁটি থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করল। বিমানে আছেন এস এম নুরুল হকসহ আরও তিনজন। তাঁদের উদ্দেশ্য, পতেঙ্গায় অবস্থিত পূর্ব পাকিস্তানের একমাত্র তেল শোধনাগারটি ধ্বংস করা। মনে প্রচণ্ড সাহস আর উত্তেজনা নিয়ে তাঁরা এগিয়ে যাচ্ছেন চরম ঝুঁকিপূর্ণ ওই অপারেশনের দিকে। রাত দুইটার দিকে তাঁরা পতেঙ্গার কাছাকাছি পৌঁছে বিমান থেকে তেল শোধনাগারে হামলার জন্য রকেট, বোমা, মেশিনগান প্রস্তুত করলেন। রাত সোয়া দুইটার দিকে তেল শোধনাগারের ওপর গিয়ে খুব দ্রুত কাজটি সেরে ফেললেন তাঁরা। পাকিস্তানিরা কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তেই শোধনাগারটি দাউ দাউ করে জ্বলে উঠল। এরপর নিচ থেকে শুরু হলো ওই যুদ্ধবিমানটি লক্ষ্য করে পাকিস্তানি সেনাদের গুলি ছোড়াছুড়ি। বিমানবিধ্বংসী কামান ও অসংখ্য গুলিতে মুক্ত আকাশে বিমান চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে সাগরপথ দিয়ে (বঙ্গোপসাগর) তা চলতে শুরু করল। তারপর ফেনী সীমান্ত দিয়ে ভারতের আসামের কোম্ভিগ্রাম বিমানঘাঁটিতে বিমানটি নিরাপদে অবতরণ করল। তখন ভোর পাঁচটা। এ ঘটনা ১৯৭১ সালের। ১ ডিসেম্বর। এস এম নুরুল হক ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর একজন সদস্য। তিনি মুক্তিযুদ্ধে আরও কয়েকটি অপারেশনে অংশ নেন। এস এম নুরুল হক (৬৩) ১৯৭১ সালে পাকিস্তানের সারগোদা বিমানঘাঁটিতে কর্মরত ছিলেন। ১ জুন সেখান থেকে পালিয়ে দেশে আসেন। ১১ জুন মুক্তিযুদ্ধে যোগ দেন। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ১ নম্বর সেক্টরে রণকৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেন। ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানবাহিনী গঠিত হলে তিনি সেখানে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। মুক্তিযুদ্ধে সাহসিকতা প্রদর্শনের জন্য এস এম নুরুল হক বীর প্রতীক খেতাব পেয়েছেন।এস এম নূরুল হকের বাড়ি কক্সবাজার জেলার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজারের মুক্তারকুল গ্রামে। তাঁর বাবার নাম শফিকুল হক মাস্টার, মা ছমুদা খাতুন। স্ত্রী জাহান আরা বেগম। তাঁর পাঁচ ছেলে, তিন মেয়ে। ১৯৭৭ সালে তিনি বিমানবাহিনীর চাকরি থেকে অবসর নেন। এর পর কক্সবাজারের উখিয়া উপজেলার ধুয়াপালং শরণার্থী শিবিরে তিনি কাজ করেন। পরে কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চবিদ্যালয়ে যোগ দেন। ২০০৮ সালে সেখান থেকে অবসর নেন। কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ হলে ২০০৯ সালে কক্সবাজার শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আবার ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি এখনো সেখানে কর্মরত।এস এম নুরুল হক বলেন, ‘আমরা যে উদ্দেশ্য নিয়ে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, তার বাস্তবায়ন হয়নি। এখনো মুক্তিযোদ্ধারা রাস্তায় দুমুঠো ভাতের জন্য রিকশা চালান। অনেকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত দেওয়া ছাড়া আমাদের খোঁজখবর নেওয়ারও কেউ নেই। এ রকম বাংলাদেশ তো আমরা চাইনি। আমরা চেয়েছিলাম শোষণমুক্ত সোনার বাংলাদেশ। যেখানে জঙ্গি তৎপরতা, সন্ত্রাসবাদ থাকবে না। অভাবমুক্ত বাংলাদেশ হবে।’সূত্র: এস এম নুরুল হক বীর প্রতীকের সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর কক্সবাজার প্রতিনিধি আবদুল কুদ্দুস এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস।গ্রন্থনা: তারা রহমান[email protected]