তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।রফিকুল আহসান, বীর প্রতীকবাবার বন্দুক নিয়ে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েনথানার চারদিকে অস্ত্র হাতে অবস্থান নিয়েছে মুক্তিযোদ্ধাদের কয়েকটি দল। একটি দলে আছেন রফিকুল আহসান। তাঁদের সবার নেতৃত্বে সাব-সেক্টর কমান্ডার শাহজাহান ওমর। মুক্তিযোদ্ধাদের এবার যুদ্ধ করতে হলো একদল বাঙালির বিরুদ্ধেই। এ ঘটনা ১৯৭১ সালের। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। বাকেরগঞ্জ ছিল ৯ নম্বর সেক্টরের অধীন একটি এলাকা। মুক্তিযুদ্ধকালে মুক্তিযোদ্ধাদের কখনো কখনো যুদ্ধ করতে হয়েছে বাঙালিদের বিরুদ্ধে। তখন মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়। সে সময় বাকেরগঞ্জে পাকিস্তানি সেনারা ছিল না। থানায় ছিল তাদের সহযোগী একদল বাঙালি রাজাকার ও পুলিশ। তারা সব মিলে সংখ্যায় ৩০০-৪০০। তাদের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত ওসি। তার নাম মালেক। তার ধারণা, এ দেশ কোনো দিন স্বাধীন হবে না। ৩ ডিসেম্বর গভীর রাতে মুক্তিযোদ্ধারা ওই থানা ঘেরাও করে পাকিস্তানিদের সহযোগী রাজাকার ও পুলিশদের আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু বাঙালি ওসি মালেক তা প্রত্যাখ্যান করেন। সকাল থেকে শুরু হলো যুদ্ধ। কয়েক দিন যুদ্ধ চলল। ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা চারদিক থেকে সাঁড়াশি আক্রমণ চালালেন। শেষ পর্যন্ত তারা আত্মসমর্পণ করে। মুক্ত হয় বাকেরগঞ্জ থানা। এই যুদ্ধে রফিকুল আহসান যথেষ্ট সাহসের পরিচয় দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে রফিকুল আহসান মায়ের অনুপ্রেরণায় বাবার বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। বাকেরগঞ্জের নাসির বাহিনীর সঙ্গে থেকে পাকিস্তানি সেনাদের ঘাঁটি, লঞ্চ ও গানবোটে আক্রমণে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী যুদ্ধ, বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে নদীতে পাকিস্তানি লঞ্চে আক্রমণ, শ্যামপুরের যুদ্ধ, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার চাচৈর যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য রফিকুল আহসান বীর প্রতীক খেতাব পেয়েছেন।রফিকুল আহসানের ডাক নাম বাদশা। তিনি রফিকুল আহসান বাদশা নামে পরিচিত। তাঁর বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের দুর্গাপাশা গ্রামে। রফিকুল আহসান ১৯৯২ সালে মারা গেছেন। তিনি বসবাস করতেন বরিশাল শহরের ব্রাউন কমপাউন্ড রোডে। তাঁর বাবার নাম আসমত আলী। মা রাবেয়া খাতুন। রফিকুল আহসানের বাবা তাঁর জন্মের এক বছর পর মারা যান। এরপর তাঁর মা রাবেয়া খাতুনের মোহাম্মদ আলী খানের সঙ্গে বিয়ে হয়। তিনি রফিকুল আহসানকে নিজের সন্তানের মতোই লালন-পালন করেন। স্ত্রী পারভীন আহসান। তাঁর দুই ছেলে। রফিকুল আহসান বীর প্রতীক জীবদ্দশায় জানতে পারেননি, তিনি খেতাবপ্রাপ্ত। ১৯৯২ সালে সরকার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করলে জানা যায় তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। রফিকুল আহসানের স্ত্রী বলেন, ‘আমার স্বামী মারা যাওয়ার দুই মাস পর সরকার থেকে আমাদের জানানো হয়, তিনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আমার দুঃখ একটাই, মৃত্যুর আগে তিনি জেনে যেতে পারলেন না তাঁর সম্মানের কথাটি। শুধু খেতাবপ্রাপ্ত নয়, সব মুক্তিযোদ্ধার অবদানের কথা জানুক আগামী প্রজন্ম। সম্মান দিক মুক্তিযোদ্ধাদের। সূত্র: প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমানের পাঠানো তথ্য ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৯।গ্রন্থনা: তারা রহমান[email protected]