তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।নূরুল আজিম চৌধুরী, বীর প্রতীকশুরু হলো হাতাহাতি লড়াইব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে সিলেট অভিমুখী সড়ক ধরে ৩০ কিলোমিটার গেলেই মাধবপুর। সেখান থেকেই হবিগঞ্জ জেলার শুরু। ১৯৭১ সালের ২৭-২৮ এপ্রিল এখানে পাকিস্তানি সেনাদের সঙ্গে সংঘটিত হয় সর্বাত্মক যুদ্ধ। রক্তক্ষয়ী এই সম্মুখসমরে পাকিস্তানি সেনাদের মোকাবিলা করে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একদল সেনা। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন নাসিমের (পরে লে. জেনারেল ও সেনাপ্রধান) কোম্পানিতে ছিলেন মো. নূরুল আজিম চৌধুরী। পাকিস্তানিরা বিপুল শক্তি নিয়ে তাঁদের ওপর আক্রমণ করে। তারা প্রচণ্ডভাবে কামানের গোলা ও বিস্ফোরক নিক্ষেপ করতে করতে মুক্তিবাহিনীকে তিন দিক থেকে ঘেরাও করে। নূরুল আজিম চৌধুরী ও তাঁর সহযোদ্ধারা তাঁদের বাংকার ও ট্রেঞ্চের মধ্য থেকে রিকোয়েললেস রাইফেল, মেশিনগান, হালকা মেশিনগান, মর্টার, রাইফেল প্রভৃতি অস্ত্র দিয়ে পাকিস্তানিদের আক্রমণের যথোপযুক্ত জবাব দিতে থাকেন। একপর্যায়ে মুক্তিযোদ্ধাদের গোলাবারুদ শেষ হয়ে যায়। তখন শুরু হয় হাতাহাতি যুদ্ধ। এ পর্যায়ে মো. নূরুল আজিম চৌধুরী ও তাঁর সহযোদ্ধারা অসীম সাহস এবং দৃষ্টান্তমূলক দৃঢ়তার পরিচয় দেন। এই যুদ্ধে তিনি ও তাঁর সহযোদ্ধারা পেশাগত দক্ষতা, নৈপুণ্য, সাহস ও দেশপ্রেমের এক অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেন।মো. নূরুল আজিম চৌধুরী ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডো ও প্যারাট্রুপার। ১৯৭১ সালে কর্মরত ছিলেন দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। তখন তাঁর ইউনিটের অবস্থান ছিল টাঙ্গাইলে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। জুলাই মাস পর্যন্ত তিনি তেলিয়াপাড়ায় ছিলেন। এরপর তিনি নরসিংদী জেলার বেলাবো, রায়পুরাসহ কিশোরগঞ্জ জেলার কয়েকটি উপজেলায় যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধকালে ৩ নম্বর সেক্টরের অধীন নরসিংদী, কিশোরগঞ্জ এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর গেরিলা যুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনীর গণযোদ্ধাদের পাশাপাশি নিয়মিত সৈনিকদেরও দায়িত্ব দেওয়া হয়। আগস্ট মাসে তিনি এই দায়িত্ব পান। এর আগে এ দায়িত্বে ছিলেন সুবেদার আবুল বশর। তিনি ১৪ জুলাই পাকিস্তানিদের সঙ্গে এক যুদ্ধে শহীদ হন। এই এলাকায় নূরুল আজিম চৌধুরীর প্রথম অপারেশন ছিল নরসিংদীর একটি বিদ্যুৎকেন্দ্রে। পরে ঢাকা-নরসিংদী সড়কের অনেক সেতু তাঁর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ধ্বংস করেন।মুক্তিযুদ্ধে সাহসী ও বীরত্বপূর্ণ অবদানের জন্য মো. নূরুল আজিম চৌধুরীকে বীর প্রতীক খেতার দেওয়া হয়।মো. নূরুল আজিম চৌধুরীর বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী ইউনিয়নের উত্তর গোমদণ্ডী গ্রামে। তিনি বর্তমানে চট্টগ্রাম শহরের চান্দগাঁওয়ে মেয়ের বাড়ি থাকেন। তাঁর বাবার নাম আমির হোসেন চৌধুরী। মা ফরিদা খাতুন। স্ত্রী ছনোয়ারা বেগম। তাঁর চার ছেলে, চার মেয়ে।মো. নূরুল আজিম চৌধুরী বলেন, ‘জাতীয় দিবস এলে “মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান” বলা হয়। পরে আর কেউ খোঁজ নেয় না। স্বাধীনতাবিরোধীরা উচ্চ আসনে আসীন হয়েছে। মৃত্যুর আগে যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে চাই।’সূত্র: মো. নূরুল আজিম চৌধুরী বীর প্রতীকের সাক্ষাৎকার। নিয়েছেন প্রথম আলোর বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি মুহাম্মদ নাজিম উদ্দিন এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৩।গ্রন্থনা: তারা রহমান [email protected]