৭৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।বজলুল মাহমুদ, বীর প্রতীকমুহূর্তে বিকট শব্দ দাউ দাউ আগুনগভীর রাত। চারদিক নিস্তব্ধ। জনমানুষের কোনো সাড়া নেই। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। পাড়ার কুকুরগুলোও যেন দানবের ভয়ে নীরব। গ্রিন রোডের ভূতের গলির গোপন আস্তানা থেকে বেরিয়ে পড়লেন মুক্তিবাহিনীর ক্র্যাক প্লাটুনের কয়েকজন—বজলুল মাহমুদ, শেখ আবদুল মান্নান, পটু, সিদ্দিক ও আলমগীর। তাঁরা মোট পাঁচজন। নিঃশব্দে এ গলি, সে গলি দিয়ে তাঁরা যাচ্ছেন। ওই পথের সামনে আছে একটি জলাশয়। সেখানে কোথাও বুক, কোথাও গলাসমান পানি (তখন ভূতের গলি ও ক্রিসেন্ট রোডের মধ্যবর্তী স্থানে একটি বড় জলাশয় ছিল, সেটি এখন নেই)। অন্ধকারে এই পানির মধ্যে অস্ত্র ও গোলাবারুদ দুই হাতে উঁচু করে ধরে তাঁরা সেই জলাশয় পার হলেন। অনতিদূরে একটি বাড়িতে স্কুল। সেখানে আছে পাকিস্তানি মিলিশিয়া বাহিনীর ক্যাম্প। বজলুল মাহমুদেরা নিঃশব্দে এর চারদিকে অবস্থান নিলেন। তখন রাত প্রায় একটা। কয়েক মিনিটের মধ্যে তাঁরা স্কুলের ভেতরে চার্জ করলেন ফসফরাস গ্রেনেড। মুহূর্তে বিকট শব্দ ও দাউ দাউ আগুন। চারদিক আলোকিত হয়ে পড়ল। তাঁরা দেখতে পেলেন, ভেতরে শুরু হয়েছে পাকিস্তানি মিলিশিয়াদের দিগ্বিদিক জ্ঞানশূন্য ছোটাছুটি। ক্ষিপ্রগতিতে বজলুল মাহমুদ এবং তাঁর সহযোদ্ধারা অবস্থান নিলেন স্কুলের গেটের সামনে। হুড়োহুড়ি করে গেট দিয়ে বেরিয়ে আসছিল মিলিশিয়ারা। সঙ্গে সঙ্গে গর্জে উঠল তাঁদের হাতে থাকা অস্ত্রগুলো। তারপর দ্রুত সেখান থেকে তাঁরা সরে পড়লেন। ফিরে গেলেন নিজেদের গোপন আস্তানায়।এ ঘটনা ১৯৭১ সালের। ২ আগস্ট। মধ্যরাতে। ঢাকার ক্রিসেন্ট রোডের নিউ মডেল স্কুলের (সেখানে এখন ওই স্কুল নেই, স্বাধীনতার পর শুক্রবাদে স্থানান্তর করা হয়েছে) মিলিশিয়া ক্যাম্পে। পরে বজলুল মাহমুদ সংবাদ নিয়ে জানতে পারেন, তাঁদের আক্রমণে সেদিন পাঁচজন পাকিস্তানি মিলিশিয়া নিহত ও কয়েকজন আহত হয়েছে।১৯৭১ সালে বজলুল মাহমুদ এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ঢাকা থেকে পালিয়ে প্রথম সোনারগাঁ যান। পরে সেখান থেকে ভারতে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। ২ নম্বর সেক্টরে এ টি এম হায়দারের অধীনে গেরিলাযোদ্ধা হিসেবে প্রশিক্ষণ নিয়ে ঢাকায় আসেন। তাঁর দলনেতা ছিলেন আবদুল আজিজ। তিনি ঢাকার ধানমন্ডি, কলাবাগান, গ্রিন রোড, কাঁঠালবাগানে সফল অপারেশন করেন। এসব অপারেশনে পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগী বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে গ্রিন রোডের নূর হোটেলের সামনের অপারেশন ছিল উল্লেখযোগ্য। এই অপারেশনের সংবাদ ২২ আগস্ট বিবিসি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত হয়। ১৫ নভেম্বর তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন। পাকিস্তানিরা তাঁকে অমানুষিক নির্যাতন করে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি মুক্তি পান। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য বজলুল মাহমুদ বীর প্রতীক খেতাব পেয়েছেন।বজলুল মাহমুদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালিয়াকান্দি গ্রামে। বর্তমানে তিনি ঢাকা মহানগরের সেন্ট্রাল রোডে পৈত্রিক বাড়িতে বসবাস করেন। তাঁর বাবার নাম এ এস ইসমাইল, মা মাহমুদা বেগম। স্ত্রী আর্জুমান্দ বেগম। তাঁর দুই মেয়ে।আলাপকালে বজলুল মাহমুদ বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে একাত্তরের চেতনা নিয়ে কাজ করতে হবে। তবেই দেশের মানুষের মঙ্গল হবে।সূত্র: বজলুল মাহমুদ বীর প্রতীকের সাক্ষাৎকার ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।গ্রন্থনা: তারা রহমান[email protected]