তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ আতাহার আলী মল্লিক, বীর বিক্রমঅন্ধকারে শুরু হলো প্রচণ্ড যুদ্ধসকাল হতেই বেজে উঠল যুদ্ধের দামামা। প্রতিরোধ-যোদ্ধাদের অবস্থানের আশপাশে বৃষ্টির মতো পড়তে থাকল পাকিস্তানি গোলা। প্রতিরোধ-যোদ্ধাদের একজন আতাহার আলী মল্লিক। তাঁরা ঘাপটি মেরে আছেন। কোনো পাল্টা জবাব দিলেন না। পাল্টা জবাব না দেওয়ায় পাকিস্তানি সেনারা দ্রুত এগিয়ে আসতে থাকল। মুক্তিযোদ্ধারা এটাই চাইছিলেন। পাকিস্তানিরা পুরোপুরি আওতার মধ্যে এসে পড়লে তাঁদের অস্ত্রগুলো একসঙ্গে গর্জে উঠল; এর সঙ্গে গ্রেনেড ও মর্টার। গোলাগুলির অব্যর্থ আঘাতে নিহত হলো বেশ কজন পাকিস্তানি সেনা। তীব্র গোলাগুলি ও ঘটনার আকস্মিকতায় বাকি পাকিস্তানিরা পালিয়ে গেল।প্রতিরোধ যোদ্ধাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিজয়ের আনন্দে উৎফুল্ল তাঁরা। কিন্তু তা ছিল সাময়িক, কারণ আবার যেকোনো সময় পাকিস্তানিদের নতুন আক্রমণ শুরু হতে পারে। তাই তাঁরা চলে গেলেন নিজ নিজ অবস্থানে। তারপর ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। দুপুর-বিকেল গড়িয়ে গেল। পাকিস্তানিদের আর দেখা নেই। প্রতিরোধ যোদ্ধারা ভাবলেন, আজ হয়তো তারা আসবে না।কিন্তু তাঁদের এ ধারণা ছিল ভুল। সন্ধ্যাবেলায় আবার পাকিস্তানিদের আকস্মিক আক্রমণ, এবার তারা এল বিপুল শক্তি নিয়ে। অন্ধকারে শুরু হলো প্রচণ্ড যুদ্ধ। একটু পর পর জ্বলে উঠছে ট্রেসারের উজ্জ্বল আলো। সেই আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে সব। এবার মুক্তিযোদ্ধারা কিছুটা কোণঠাসা। হঠাৎ পাকিস্তানি শেলের স্প্রিন্টারে আহত হলেন আতাহার আলী মল্লিক। আহত হলেন আরও অনেকে। কিছুক্ষণের মধ্যেই তিনি শহীদ হলেন। প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে ক্রমশ হতাহতের সংখ্যা বেড়ে যাচ্ছিল। এই অবস্থায় তাঁরা পিছু হটলেন। শহীদ সহযোদ্ধাদের লাশ তাঁরা নিতে পারলেন না। পাকিস্তানি সেনারা ওই এলাকা থেকে চলে যাওয়ার পর কয়েকজন তাঁদের লাশ খুঁজতে যান, কিন্তু লাশ পাননি।১৯৭১ সালের ২ এপ্রিলের ঘটনা এটি। মুক্তিযুদ্ধ শুরু হলে রংপুর ইপিআর (স্বাধীনতার পর বিডিআর, এখন বিজিবি) উইংয়ের বাঙালি ইপিআররা বিদ্রোহ করে। ইপিআরের বি কোম্পানি তিস্তা নদীর সেতুতে ব্যারিকেড দিয়ে অবস্থান নেয় কুড়িগ্রাম প্রান্তে। তাদের লক্ষ্য ছিল রংপুর সেনানিবাস থেকে অগ্রসরমাণ পাকিস্তানি সেনাদের বাধা দেওয়া। ১ এপ্রিল সেখানে প্রথম যুদ্ধ হয়।আতাহার আলী মল্লিক ১৯৭১ সালে কর্মরত ছিলেন চিলমারী বিওপিতে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি এতে ঝাঁপিয়ে পড়েন। ২৮ মার্চ তাঁরা সমবেত হন তিস্তা নদীর অপর পাড়ে। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে তিস্তা নদী এলাকার যুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আতাহার আলী মল্লিককে মরণোত্তর বীর বিক্রম খেতাব দেওয়া হয়।শহীদ আতাহার আলী মল্লিকের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের গোপালপুর গ্রামে। এখানেই বসবাস করেন তাঁর স্ত্রী ও সন্তানেরা। তাঁর বাবার নাম কাঞ্চন আলী মল্লিক। মা জামিনা খাতুন। স্ত্রী ফাতেমা বেগম। তাঁর দুই ছেলে এক মেয়ে।শহীদ আতাহার আলী মল্লিকের স্ত্রী বলেন, ‘আমি আমার স্বামীর লাশ দেখতে পাইনি। ঢাকার পিলখানায় স্মৃতিফলকে তাঁর নাম আছে।’ তিনি আরও বললেন, শহীদ মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে তিনি আলাদা কোনো ভাতা পান না, শুধু পেনশনের এক হাজার ৯০০ টাকা পান। সূত্র: প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমানের পাঠানো তথ্য এবং মুক্তিযুদ্ধে রাইফেলস ও অন্যান্য বাহিনী, সুকুমার বিশ্বাস। গ্রন্থনা: তারা রহমান[email protected]