৭৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ ফজলুর রহমান খন্দকার, বীর উত্তমবীরের মতো লড়াই করে শহীদ হন তিনিসন্ধ্যা থেকে শুরু হয়েছে বৃষ্টি। এর সঙ্গে ঝোড়ো বাতাস। এর মধ্যেই নৌকাযোগে নদী পার হলেন মুক্তিযোদ্ধারা। তাঁরা বেশির ভাগ ইপিআরের (স্বাধীনতার পর বিডিআর, এখন বিজিবি) সদস্য। একটি কোম্পানির নেতৃত্বে সুবেদার ফজলুর রহমান খন্দকার। আর তাঁদের সবার নেতৃত্বে সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মতিউর রহমান।নদী পার হওয়ার পর মুক্তিযোদ্ধাদের পার হতে হলো আরও একটি বড় খাল। এই খালের ওপারেই পাকিস্তানি সেনাদের অবস্থান। সুবেদার ফজলুর রহমান ও তাঁর সঙ্গীরা নিঃশব্দে দ্রুত পজিশন নিয়েছেন। ভোর হয়ে গেল। দূরে দেখা যাচ্ছে পাকিস্তানি সেনাদের। তারা কোনো কিছু টের পেল না। প্রথম ফায়ার ওপেন করলেন ক্যাপ্টেন মতিউর রহমান। এরপর মুক্তিযোদ্ধারা একযোগে আক্রমণ চালালেন। সারা দিন যুদ্ধ চলল। অব্যাহত গোলাগুলির মধ্যে ফজলুর রহমান সন্ধ্যার আগেই তাঁর দল নিয়ে এগিয়ে গেলেন পাকিস্তানি সেনাদের অবস্থানের খুব কাছাকাছি। আকস্মিক এই ঘটনায় পাকিস্তানি সেনারা দিশাহারা। মুক্তিযোদ্ধাদের ধাবমান এই দলের গতি রোধ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ল। মুক্তিযোদ্ধারা জোর কদমে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এমন সময় শুরু হলো পাকিস্তানি সেনাদের দিক থেকে তীব্র গোলাবৃষ্টি। ফজলুর রহমান অতি কষ্টে তাঁর দলকে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করলেন। কিন্তু পাকিস্তানি সেনাদের বিপুল সমরাস্ত্রের সামনে টিকে থাকা তাঁদের জন্য কষ্টকর হয়ে পড়ল। তার পরও তিনি ও তাঁর অন্যান্য সহযোদ্ধা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে হঠাৎ গোলার টুকরোর আঘাতে তিনি গুরুতর আহত হলেন। এর পরও তিনি লড়াই করে যাচ্ছিলেন। কিন্তু একটু পরই তাঁর জীবনপ্রদীপ নিভে গেল। সত্যিকারে একজন বীরের মতো লড়াই করে শহীদ হলেন তিনি।এ ঘটনা ২৭ সেপ্টেম্বর ১৯৭১ সালের। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়। সেখানে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্প। তিন দিনের এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পাকিস্তানিদের। মুক্তিবাহিনীর আরও ছয়জন শহীদ এবং ৩০ জন আহত হন। শহীদ ফজলুর রহমান খন্দকারসহ অন্য শহীদ যোদ্ধাদের সমাহিত করা হয় হাতীবান্ধা হাইস্কুল প্রাঙ্গণে।ফজলুর রহমান খন্দকার ১৯৭১ সালে কর্মরত ছিলেন রংপুর ইপিআর উইংয়ে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি প্রথমে সাহেবগঞ্জ সাবসেক্টরে ও পরে পাটগ্রাম সাবসেক্টরের অধীনে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে, বিশেষত হাতীবান্ধার যুদ্ধে সাহসিকতা প্রদর্শনের জন্য ফজলুর রহমান খন্দকারকে মরণোত্তর বীর উত্তম খেতাব দেওয়া হয়।বীর উত্তম শহীদ ফজলুর রহমান খন্দকারের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামে। তাঁর বাবার নাম খন্দকার আবুল হোসেন, মা আমিরুন্নেছা। স্ত্রী মমতাজ বেগম। তাঁর তিন মেয়ে।ফজলুর রহমান খন্দকারের বড় মেয়ে নাসিমা বেগম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা বিশেষ করে, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা তিন বোন গর্বিত। কিন্তু আমার বাবার কোনো স্মৃতিচিহ্ন কোথাও নেই। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অবদান জাতিকে জানানো প্রয়োজন। তাঁদের নামে কোনো কিছুর নামকরণ বা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা উচিত।’সূত্র: প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমানের পাঠানো তথ্য ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৬।প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে তথ্য জানা থাকলে এবং ধারাবাহিক এই প্রতিবেদন নিয়ে আপনাদের মতামত আমাদের কাছে পাঠাতে পারেন।গ্রন্থনা: তারা রহমান [email protected]