৭৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।সিতারা বেগম, বীর প্রতীকঅসাধ্য সাধনের মতো ছিল তাঁর কাজ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে আহত বা অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিভিন্ন সেক্টরে হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এ রকম একটি হাসপাতাল ছিল ২ নম্বর সেক্টরে। নাম ‘বাংলাদেশ হাসপাতাল’। এখানে ডা. জাফরউল্লাহ, ডা. মোবিন, ডা. আখতার, ডা. সিতারা বেগমসহ আরও অনেক চিকিৎসক, মেডিকেল কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও সেবিকা নিয়োজিত ছিলেন। এটি প্রথমে স্থাপিত হয় সীমান্তসংলগ্ন ভারতের সোনামুড়ায়। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে তা স্থানান্তর করা হয় আগরতলার সন্নিকটে বিশ্রামগঞ্জে। সেখানে হাসপাতালটির ঘরের কাঠামো ছিল বাঁশ দিয়ে তৈরি। চারদিকে বাঁশের বেড়া, মাটির ভিত এবং বাঁশের চারটি খুঁটির ওপর মাচা বেঁধে বিছানা। একেকটি ঘরে ৪০-৫০টি বিছানা। অপারেশন রুম প্লাস্টিক দিয়ে ঘেরা। ওপর-নিচ চারদিকে প্লাস্টিক। ভেন্টিলেশনের জন্য কয়েক স্থানে ছোট ছোট ফোঁকর। বেশির ভাগ সময় দিনের বেলাতেই এখানে অপারেশন হতো। রাতে জরুরি হলে হারিকেন বা টর্চলাইট জ্বালিয়ে অপারেশন হতো। শেষদিকে অবশ্য জেনারেটর ছিল। ডা. সিতারা বেগম জুলাই মাসের শেষে বাংলাদেশ হাসপাতালে যোগ দেন। পরে হাসপাতালের সিও (কমান্ডিং অফিসার) কর্মকর্তা হিসেবে কাজ করেন। তাঁকে সিও হিসেবে নিয়োগ দেওয়ার পর সামরিক হাসপাতাল যেভাবে চলে, সেভাবে এই হাসপাতাল পরিচালিত হয়।বাংলাদেশ হাসপাতালে অসাধ্য সাধনের মতো ছিল ডা. সিতারার কাজ। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্মুখসমরে আহত মুক্তিযোদ্ধা প্রতিদিনই এই হাসপাতালে পাঠানো হতো। কেউ শেলের স্প্রীন্টারে আঘাতপ্রাপ্ত, কেউ গুলিবিদ্ধ। যতোই আহত হন না কেন মুক্তিযোদ্ধারা সেখানকার সেবায় চাঙ্গা হয়ে উঠতেন। অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসাও এখানে হতো। ওষুধপত্র ও চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা সত্ত্বেও একজন ছাড়া আর কেউ এই হাসপাতালে মারা যাননি। আহত মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙ্গা রাখতে তিনি ও তাঁর সহযোগীরা যে অবদান রেখেছেন তা স্মরণীয়।ডা. সিতারা বেগম কুমিল্লা সিএমএইচের চিকিৎসক ছিলেন। ১৯৭১ সালের মার্চে তিনি ছুটিতে বাড়িতে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে বড় ভাই এ টি এম হায়দারের সহায়তায় ভারতে যান। পরে বাংলাদেশ হাসপাতালে যোগ দেন।মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ হাসপাতালে মেধা, শ্রম ও দক্ষতা দিয়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ডা. সিতারা বেগমকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছে।সিতারা বেগম বীর প্রতীকের বাবার নাম মোহাম্মদ ইসরাইল। মা জাকিমুননেছা বেগম। স্বামী ডা. আবিদুর রহমান। তিনিও একজন মুক্তিযোদ্ধা। সিতারা বেগমের পৈতৃক ঠিকানা: গ্রাম-কান্দাইল, উপজেলা-সদর, জেলা-কিশোরগঞ্জ। তিনি বর্তমানে তাঁর স্বামীর সঙ্গে আমেরিকায় বসবাস করেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলে। ডা. সিতারা বেগম বলেন, মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করেছি। মুক্তিযুদ্ধের সময় দুঃখ-কষ্টের মধ্যেও একটা আনন্দ ছিল। পরবর্তী সময়ে নিজেদের মধ্যে বিভক্তি, রেষারেষি, হিংসা আমাদের একেকজনকে বিচ্ছিন্ন করে দিল। ১৯৭৫ সালে হত্যা করা হলো বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, আমার বড় ভাই বীর উত্তম এ টি এম হায়দারসহ আরও অনেককে। এ জন্য দেশের প্রতি আমার অভিমান ছিল। দেশের পতাকা দেখলে আমার কান্না আসতো।’সূত্র: সিতারা বেগম বীর প্রতীকের সাক্ষাৎকার। নিয়েছেন প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল হক মোল্লা, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১, নারী, প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারীর বিবরণ।ঘোষণা: প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে আপনাদের তথ্য জানা থাকলে তা এবং ধারাবাহিক এই প্রতিবেদন নিয়ে মতামত আমাদের কাছে পাঠাতে পারেন।গ্রন্থনা: তারা রহমান[email protected]