তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ তারা উদ্দিনবীর বিক্রমপাকিস্তানি গোলা এসে পড়ে তাঁর বাংকারেতারা উদ্দিন সংসারের দৈন্য ঘোচাতে ১৯৭০ সালে যোগ দিয়েছিলেন পাকিস্তানি সেনাবাহিনীতে। ভেবেছিলেন, চাকরি করে মা-বাবার মুখে হাসি ফোটাবেন। চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে বাড়িতে এসে মা-বাবার সঙ্গে দেখা করে যোগ দেন তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। কিছুদিন পরেই শুরু হলো মুক্তিযুদ্ধ। তিনি ঝাঁপিয়ে পড়লেন মুক্তিযুদ্ধে। ১৯৭১ সালের মার্চে এই রেজিমেন্টের অবস্থান ছিল সৈয়দপুর সেনানিবাসে।১৯৭১ সালের ডিসেম্বর। চারদিকে বিজয়ের বাতাস। প্রতিদিন মুক্তিবাহিনীর হাতে মুক্ত হচ্ছে দেশের একেকটি এলাকা। ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে সিলেট অভিমুখে বীরদর্পে এগিয়ে যাচ্ছেন মুক্তিযোদ্ধারা। ১৪ ডিসেম্বর কোম্পানীগঞ্জে অবস্থান নিয়েছে মুক্তিবাহিনীর কয়েকটি দল। একটি দলে আছেন তারা উদ্দিন। এই দলের (আলফা কোম্পানি) নেতৃত্বে ক্যাপ্টেন আনোয়ার। তাঁদের অবস্থান পাকিস্তানিদের অবস্থান থেকে ৫০০-৬০০ গজ দূরে। ভোররাতে শুরু হলো ভয়াবহ যুদ্ধ। মুক্তিযোদ্ধারা জয় বাংলা ও আল্লাহু আকবর ধ্বনি আর গুলি করতে করতে সামনে এগোতে থাকলেন। একপর্যায়ে শুরু হলো হাতাহাতি যুদ্ধ। সকালবেলা দেখা গেল, পাকিস্তানিরা পালিয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধারা এগিয়ে যেতে থাকলেন। কিন্তু এক স্থানে হঠাৎ থেমে গেল তাঁদের পদযাত্রা। সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক অংশের এক তেমাথায় ছিল পাকিস্তানিদের আরেকটি প্রতিরক্ষা অবস্থান। এখানে অবস্থানরত পাকিস্তানি সেনাদের কোনো অবস্থাতেই হটানো যাচ্ছে না। ১৫ ডিসেম্বর সারা দিন সেখানে যুদ্ধ চলল। পাকিস্তানিরা সেখানে সুবিধাজনক অবস্থায় ছিল। পরদিন ১৬ ডিসেম্বর সকাল থেকে শুরু হলো আবার যুদ্ধ। সেদিন পাকিস্তানিদের একটি গোলা এসে পড়ে তারা উদ্দিনে বাংকারে। সঙ্গে সঙ্গে তিনি শহীদ হন। সেদিন আরও কয়েকজন মুক্তিবাহিনী পাকিস্তানিদের গোলায় প্রাণ হারান। শহীদ তারা উদ্দিন ও অন্য শহীদদের যুদ্ধক্ষেত্রের পাশেই পীরেরটিলা নামক স্থানে সমাহিত করা হয়। সেই স্থানটি চিহ্নিত করা আছে। সিলেটের ওই স্থানে ১৮ ডিসেম্বর সকাল পর্যন্ত যুদ্ধ হয়। সেদিন দুপুরের পর পাকিস্তানিদের ওই অবস্থান মুক্তিযোদ্ধারা দখল করতে সক্ষম হন। যুদ্ধে ওখানে থাকা বেশির ভাগ পাকিস্তানি নিহত হয়। বাকিরা আত্মসমর্পণ করে।মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ তারা উদ্দিনকে মরণোত্তর বীর বিক্রম খেতাব দেওয়া হয়। শহীদ তারা উদ্দিন বীর বিক্রমের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নারায়ণডহর গ্রামে। তাঁর বাবার নাম খোদা নেওয়াজ খান। মা আতপজান বিবি। তিন ভাইয়ের মধ্যে তারা উদ্দিন ছিলেন দ্বিতীয়। তিনি অবিবাহিত ছিলেন।শহীদ তারা উদ্দিন বীর বিক্রমের বড় ভাই শাহাবউদ্দিন বলেন, ‘দেশের জন্য আমার ভাই জীবন দিয়েছেন। দেশ আজ স্বাধীন। এটাই আমাদের গর্ব।’ তিনি আরও জানালেন, শহীদ তারা উদ্দিনের কোনো ছবি তাঁদের কারও কাছে নেই।সূত্র: প্রথম আলোর পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি মো. গোলাম মোস্তফার পাঠানো তথ্য ও জীবনের যুদ্ধ, যুদ্ধের জীবন, (কর্নেল) নূরুন্নবী খান। ঘোষণা: প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে আপনাদের তথ্য জানা থাকলে তা এবং ধারাবাহিক এই প্রতিবেদন নিয়ে মতামত আমাদের কাছে পাঠাতে পারেন। গ্রন্থনা: তারা রহমান[email protected]