তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।রত্তন আলী শরীফ, বীর প্রতীকজনগণ পাকিস্তানিদের খুঁজে বের করেমধ্যরাত। নিঃশব্দে এগিয়ে চলেছেন একদল মুক্তিযোদ্ধা। তাঁদের নেতৃত্বে রত্তন আলী শরীফ। তাঁরা যাচ্ছেন পাকিস্তানি সেনাদের একটি ক্যাম্প আক্রমণ করতে। ভোর হওয়ার আগেই তাঁরা পৌঁছে গেলেন পাকিস্তানিদের ওই ক্যাম্পের কাছে। মুক্তিযোদ্ধারা সংখ্যায় প্রায় ১০০ জন। তাঁদের সবার হাতে অস্ত্র নেই। ৭০ জন সশস্ত্র যোদ্ধা। বাকিরা তাঁদের সহযোগী। রত্তন আলী শরীফ ও তাঁর সহযোদ্ধারা ক্যাম্পের কাছে পৌঁছে দ্রুত অবস্থান নিলেন। সূর্যের আলো ফোটার আগেই প্রথমে গর্জে উঠল তাঁর অস্ত্র। তিনি গুলি করামাত্র অন্যদের অস্ত্রও একসঙ্গে গর্জে উঠল। পাকিস্তানিরাও পাল্টা গুলি চালাল। কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে কিছুক্ষণের মধ্যেই তারা কোণঠাসা হয়ে পড়ল। দিশেহারা পাকিস্তানিরা যুদ্ধে টিকতে না পেরে ক্যাম্প থেকে পালিয়ে আত্মগোপন করল।এদিকে বেলা যত বাড়তে থাকল, স্থানীয় শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে দা, কুড়াল, খন্তা ইত্যাদি নিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দিল। পাকিস্তানি ও তাদের সহযোগীদের অত্যাচারে স্থানীয় গ্রামবাসী ছিল অতিষ্ঠ। গ্রামবাসীরা পাকিস্তানি সেনাদের খুঁজে বের করতে তাঁদের সহযোগিতা করল। পাকিস্তানি সেনারা পার্শ্ববর্তী খালের মধ্যে নেমে কচুরিপানার মধ্যে লুকিয়ে ছিল। গ্রামবাসী তাদের এক এক করে খুঁজে বের করল। মুক্তিযোদ্ধারা পরে এসব পাকিস্তানিকে হত্যা করেন। অবশ্য এর আগেই গ্রামবাসী দা, খন্তা, কুড়াল, কোদাল ইত্যাদি দিয়ে কুপিয়ে তাদের আহত করেছিল।এ ঘটনা ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে (সঠিক তারিখ তাঁর মনে নেই); বরিশাল জেলার সন্ধ্যা নদীর পূর্ব পারের দোয়ারিকায়। এর আগে আগস্টের শেষে রত্তন আলী শরীফ পার্শ্ববর্তী নতুনহাট এলাকায় পাকিস্তানিদের আরেকটি ক্যাম্পে আক্রমণ চালান। তখন সেখানে থাকা ৩৫ জন বিহারি রাজাকার ও বাঙালি পুলিশ তাঁদের কাছে আত্মসমর্পণ করে। রত্তন আলী শরীফ ১৯৭১ সালে করাচিতে পাকিস্তানি বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। মার্চের মাঝামাঝি সময়ে ছুটি নিয়ে দেশে আসেন। মুক্তিযুদ্ধ শুরু হলে স্থানীয়ভাবে একটি দল গঠন করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। প্রতিরোধ যুদ্ধের পর তিনি প্রথম প্রত্যক্ষ যুদ্ধ করেন জুলাইয়ের শেষে, সুগন্ধা নদীর পশ্চিম পারে। শেষ যুদ্ধ করেন ৩ ডিসেম্বর। সেদিন বরিশালের গৌরনদী থেকে একদল পাকিস্তানি সেনা বরিশাল যাচ্ছিল। তিনি তাদের ওপর আক্রমণ চালান। সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত যুদ্ধ হয়। সেদিন তাঁর দুই সহযোদ্ধা আবুল হোসেন (ইপিআর সদস্য) ও আবুল বাশার (গণবাহিনী) শহীদ হন। তিনি নিজেও আহত হন। তাঁর হাতে ও পায়ে গুলি লাগে।মুক্তিযুদ্ধে, বিশেষত ৩ ডিসেম্বরের যুদ্ধে অপরিসীম সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য রত্তন আলী শরীফকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়। সরকারি গেজেটে তাঁর নাম ভুল করে ‘রতন শরীফ’ লেখা হয়েছে।রত্তন আলী শরীফের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের নতুনহাটে। বাংলাদেশ বিমানবাহিনীর চাকরি থেকে অবসর নিয়ে তিনি বর্তমানে এখানেই বসবাস করছেন। তাঁর বাবার নাম নূর মোহাম্মদ শরীফ। মা কদবানু। স্ত্রী জাহানারা বেগম। তাঁর পাঁচ ছেলে এবং চার মেয়ে।রত্তন আলী শরীফ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারকাজ ত্বরান্বিত করতে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।’সূত্র: রত্তন আলী শরীফ বীর প্রতীকের সাক্ষাৎকার। নিয়েছেন প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান।ঘোষণা: প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে আপনাদের তথ্য জানা থাকলে তা এবং ধারাবাহিক এই প্রতিবেদন নিয়ে মতামত আমাদের কাছে পাঠাতে পারেন।গ্রন্থনা: তারা রহমান[email protected]