৮১স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. আবদুল হক, বীর বিক্রমঅধিনায়ক আহত হলে তিনি নেতৃত্ব নেন১৯৭১ সালের নভেম্বর মাস। বৃহত্তর বরিশাল জেলার মুক্তিযোদ্ধারা একেকটি এলাকা মুক্ত করছেন আর এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। তাঁদের নেতৃত্বে ক্যাপ্টেন শাহজাহান ওমর। সহ-অধিনায়ক হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন মো. আবদুল হক। নভেম্বরের মাঝামাঝি ঝালকাঠি জেলার চাচৈরে পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধ করে তাঁরা হাজির হলেন রাজাপুর থানায়। সেখানে ছিল একদল পাকিস্তানি পুলিশ ও বাঙালি রাজাকার। রাজাপুর থানার অবস্থান ঝালকাঠি সদরের দক্ষিণে, পিরোজপুর জেলার সীমান্তে।ভোররাতে মুক্তিযোদ্ধারা অবস্থান নিলেন থানার আশপাশের ধানখেতসহ বিভিন্ন স্থানে। শাহজাহান ওমর ও মো. আবদুল হক ছিলেন ধানখেতে। সকাল হতেই শুরু হলো যুদ্ধ। দুই পক্ষেই তুমুল গোলাগুলি। পাকিস্তানি পুলিশরা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। হঠাৎ গুলিবিদ্ধ হলেন দলনেতা শাহজাহান ওমর। ব্রাশফায়ারের গুলি এসে লাগল তাঁর পায়ে। আবদুল হক তাঁর পাশেই ছিলেন। তাঁর চোখের সামনেই ঘটল ঘটনাটি। তিনি সহযোদ্ধাদের বললেন যুদ্ধ চালিয়ে যেতে। এরপর তিনি আহত শাহজাহান ওমরকে কাঁধে নিয়ে ক্রলিং করে ধানখেত অতিক্রম করে নিরাপদ স্থানে গেলেন। তাঁকে চিকিৎসকের কাছে পৌঁছে দিয়ে তিনি আবার ফিরে এলেন যুদ্ধক্ষেত্রে। মুক্তিযোদ্ধারা আবদুল হকের নেতৃত্বে যুদ্ধ চালিয়ে গেলেন।অনেকক্ষণ যুদ্ধের পর পাকিস্তানি পুলিশ ও রাজাকারেরা কোণঠাসা হয়ে পড়ে। তখন তারা পালানোর চেষ্টা করে। কিন্তু তাদের পালানোর পথ ছিল রুদ্ধ। পালানোর সময় বেশির ভাগ মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়ে। বাকিরা আত্মসমর্পণ করে। মুক্ত হলো রাজাপুর থানা।পরে মুক্তিযোদ্ধারা আটক ও আত্মসমর্পণকারী পাকিস্তানি পুলিশ ও রাজাকারদের হাত বেঁধে নিয়ে যান পার্শ্ববর্তী জীবন দাসকাঠি স্কুলে। সেখানে প্রকাশ্য গণ-আদালতে তাদের বিচার করা হয়। গণ-আদালত তাদের মৃত্যুদণ্ড দেন। মুক্তিযোদ্ধারা সেই দণ্ড সঙ্গে সঙ্গে কার্যকর করেন।মো. আবদুল হক পাকিস্তান সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে নায়েক পদে চাকরি করতেন। কর্মস্থল ছিল পাকিস্তানের লাহোর। ১৯৭০ সালের ডিসেম্বরের মাঝামাঝি তিন মাসের ছুটি নিয়ে দেশে আসেন। ১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলন শুরু হলে তিনি চাকরিতে আর যোগ দেননি। সে সময় ঢাকায় ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ঢাকা থেকে পালিয়ে বরিশাল যান এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি প্রথম দিকে ৯ নম্বর সেক্টরের অধীন বসন্তপুর, খাঞ্জা, বাঁশঝাড়ি, উকসা, কৈখালী ও ভেটখালীতে যুদ্ধ করেন। পরে বৃহত্তর বরিশালে যুদ্ধ করেন। ভেটখালীর যুদ্ধে তিনি আহত হন।মুক্তিযুদ্ধে, বিশেষত ভেটখালীর যুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মো. আবদুল হক বীর বিক্রম খেতাব পেয়েছেন।মো. আবদুল হকের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার সাকোকাঠি গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মেরুল বাড্ডায় ভাড়াবাড়িতে বসবাস করেন। স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন। অবসর গ্রহণের সময় তাঁর পদমর্যাদা ছিল অনারারি ক্যাপ্টেন। তাঁর বাবার নাম কফিলউদ্দীন মোল্লা, মা জমিলা খাতুন। স্ত্রী মাহমুদা হক। তাঁর এক ছেলে ও এক মেয়ে।মো. আবদুল হক বলেন, ‘আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, তা পাইনি। রাজনৈতিক কারণে আমরা বিভক্ত হয়ে পড়েছি।’সূত্র: মো. আবদুল হক বীর বিক্রমের সাক্ষাৎকার ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর-৯।ঘোষণা: প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে আপনাদের তথ্য জানা থাকলে তা এবং ধারাবাহিক এই প্রতিবেদন নিয়ে মতামত আমাদের কাছে পাঠাতে পারেন।গ্রন্থনা: তারা রহমান[email protected]