তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মাহাবুব এলাহী রঞ্জু, বীর প্রতীকপাকিস্তানি সেনারা রণে ভঙ্গ দেয়ভোরের আলো ফোটার আগেই মুক্তিযুদ্ধের গণবাহিনীর একদল যোদ্ধা গোপন আস্তানা থেকে হাজির হলেন বালাসীঘাটে। তাঁদের নেতৃত্বে মাহাবুব এলাহী রঞ্জু। অদূরেই বন্যানিয়ন্ত্রণ বাঁধ। তার ঢালুতে উঁচু-নিচু স্থান ও জমির উঁচু আইলে তাঁরা দ্রুত অবস্থান নিলেন। চারদিক কুয়াশায় ঢাকা। ক্রমেই সূর্যের আলো স্পষ্ট হতে থাকল। ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে। এমন সময় দূরে দেখা গেল পাকিস্তানি সেনাদের টহল দলকে। নিশ্চিন্তে এগিয়ে আসছে। কল্পনাও করেনি তারা মুক্তিযোদ্ধাদের অ্যামবুুশে পড়বে। রঞ্জু ও তাঁর সহযোদ্ধারা নিঃশব্দে অপেক্ষা করছেন। কয়েক মিনিটের মধ্যে টহল দল চলে এল তাঁদের আওতার মধ্যে। রঞ্জু সংকেত দিলেন। সঙ্গে সঙ্গে গর্জে উঠল মুক্তিযোদ্ধাদের অস্ত্র।আকস্মিক এই আক্রমণে পাকিস্তানি সেনারা একেবারে হতবিহব্বল। পাল্টা আক্রমণের তেমন সুযোগ পেল না। মুক্তিযোদ্ধাদের গুলিতে তাদের বেশ কয়েকজন হতাহত হলো। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তারা পরে শুরু করল পাল্টা আক্রমণ। আশপাশে থাকা পাকিস্তানি সেনারাও সেখানে এল। যুদ্ধ চলল দুপুর পর্যন্ত। পাকিস্তানি সেনারা বিপুল ক্ষয়ক্ষতি শিকার করে শেষ পর্যন্ত রণভঙ্গ দিল। তারা পালিয়ে গেল গাইবান্ধার দিকে।এ ঘটনা ১৯৭১ সালের। ৩ নভেম্বর। গাইবান্ধা জেলা সদর থেকে পূর্ব দিকে সোজা ১০-১১ কিলোমিটার দূরে বালাসীঘাট। পাকিস্তানি সেনারা নিয়মিত এ ঘাটে টহল দিত। ফলে এ পথ ব্যবহার করে গাইবান্ধায় অপারেশন পরিচালনা করা দুঃসাধ্য হয়ে পড়েছিল।সেদিনের যুদ্ধে পাকিস্তানি বেশ কজন সেনা হতাহত হয়। তবে নিহত সেনাদের লাশ তারা নিয়ে যায়। মুক্তিবাহিনী তাদের বেশ কটি অস্ত্র ও বিপুলসংখ্যক গুলি হস্তগত করে। অন্যদিকে মুক্তিবাহিনীর ফজলু নামে একজন শহীদ ও তাজুল ইসলাম টুকু নামে একজন মারাত্মকভাবে আহত হন।মাহাবুব এলাহী রঞ্জু ১৯৭১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে মার্চ-এপ্রিলের প্রতিরোধযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। এরপর ভারতে গিয়ে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে ১১ নম্বর সেক্টরের মানকারচর সাব-সেক্টর এলাকায় যুদ্ধ করেন। এই সাব-সেক্টরের মুক্তিযোদ্ধারা গাইবান্ধা এলাকায়ও যুদ্ধ করেন। তিনি ছিলেন গণবাহিনীর একটি কোম্পানির অধিনায়ক। তাঁর নামেই কোম্পানিটির নামকরণ করা হয়। রঞ্জু কোম্পানি গাইবান্ধা জেলার উড়িয়াঘাট, রতনপুর, দাড়িয়াপুর, ছাপড়াহাটি, বাদিয়াখালী, কাইয়ারহাট, কেতকীর হাটসহ কুড়িগ্রাম জেলার রৌমারী এলাকার বিভিন্ন স্থানে অ্যামবুুশ, সেতু ধ্বংস, প্রত্যক্ষ যুদ্ধসহ নানা ধরনের অপারেশন করে।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য গণবাহিনীর যোদ্ধা মাহাবুব এলাহী রঞ্জু বীর প্রতীক খেতাব পেয়েছেন।মাহাবুব এলাহী রঞ্জুর বাড়ি গাইবান্ধা জেলায়। শহরের মুন্সিপাড়ায় তাঁর পৈতৃক বাসা। বর্তমানে তিনি ঢাকায় বাস করেন। তাঁর বাবার নাম ফজলে এলাহী, মা মেহেরুননেছা। স্ত্রী ফাতেমা জিনাত। তাঁর দুই ছেলে এক মেয়ে।মাহাবুব এলাহী রঞ্জু বলেন, স্বাধীনতার ৪০ বছরেও মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ আজও বাস্তবায়িত হয়নি। বলা যায়, তা ভূলুণ্ঠিত। তবে আমি স্বপ্ন দেখি আমাদের নতুন প্রজন্ম তা প্রতিষ্ঠিত করবে।সূত্র: মাহাবুব এলাহী রঞ্জু বীর প্রতীকের সাক্ষাৎকার, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৬ ও ১১ এবং জহুরুল কাইয়ুম (গাইবান্ধা)।ঘোষণা: প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে কোনো তথ্য আপনাদের জানা থাকলে তা এবং ধারাবাহিক এই প্রতিবেদন নিয়ে মতামত আমাদের কাছে পাঠাতে পারেন।গ্রন্থনা: তারা রহমান[email protected]