৮৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মোজাম্মেল হক, বীর প্রতীকমোনায়েম খানের বাড়িতে অপারেশনএকাত্তর সালে মোজাম্মেল হক কিশোর। সবে দশম শ্রেণীতে উঠেছেন। ২৬ মার্চ পাকিস্তানিদের নির্বিচার হত্যাযজ্ঞ নিজের চোখে দেখেন। তারপর শোনেন রেডিওতে স্বাধীনতার ঘোষণা। এসব ঘটনা তাঁকে উদ্বুদ্ধ করল মুক্তিযুদ্ধে যোগ দিতে। বাড়ি থেকে পালিয়ে চলে গেলেন ভারতে। মেলাঘরের ক্যাপ্টেন এ টি এম হায়দার তাঁকে গেরিলা বাহিনীর সদস্য হিসেবে রিক্রুট করে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ শেষে তাঁকে একটি দলের সঙ্গে ঢাকায় পাঠানো হয় এক অপারেশনের জন্য। কিন্তু তাঁরা ব্যর্থ হন। পথিমধ্যে পাকিস্তানি বাহিনীর অ্যামবুশে পড়ে তাঁরা অস্ত্রশস্ত্র সব খোয়ান। এরপর তাঁরা ভারতে ফিরে গেলে ক্যাপ্টেন হায়দার বলেন, তাঁদের আর কোনো দায়িত্ব দেওয়া হবে না। এ সিদ্ধান্তে মোজাম্মেল হক মনোবল হারালেন না। তিনি লেগে থাকলেন। একদিন হায়দার তাঁকে বললেন, ‘মোনায়েম খান আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে। সে একজন কুখ্যাত লোক। তুমি কি তার বাড়িতে অপারেশন করতে পারবে?’ মোজাম্মেল হকের মুক্তিযোদ্ধা জীবনে পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের বাড়িতে অপারেশনই ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। ক্যাপ্টেন হায়দার তাঁকে এটা বলামাত্র তিনি সঙ্গে সঙ্গে রাজি হন।অক্টোবরের প্রথম দিক। এক দিন মোজাম্মেল হক তাঁর চাচার সহযোগিতায় ওই বাড়িতে ঢুকলেন। তাঁর সঙ্গীরা থাকলেন বাইরে। তাঁর চাচা তাঁকে পরিচয় করিয়ে দেন ওই বাড়ির দুই কাজের লোকের সঙ্গে। তাঁরা মোনায়েম খানের ওপর ক্ষুব্ধ ছিলেন। তাঁদের সহযোগিতা সত্ত্বেও তিনি প্রথমবার সফল হলেন না। দু-তিন দিন পর আবার গেলেন। এবারও ব্যর্থ। বাড়ির লোকজন ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশরা টের পেয়ে যাওয়ায় দেয়াল টপকে তিনি পালিয়ে যান। সেদিন কোনোমতে তিনি তাঁর জীবন বাঁচান। কয়েক দিন পর আবার গেলেন। এবার তাঁর সঙ্গে থাকলেন শুধু আনোয়ার হোসেন (তিনিও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত)।এদিন তাঁরা সফল হলেন। সন্ধ্যার পর তিনি ও আনোয়ার হোসেন মোনায়েম খানের বাড়িতে ঢুকে ড্রয়িংরুমে গিয়ে একসঙ্গে স্টেনগানের গুলি চালালেন। আনোয়ার হোসেন একটি গ্রেনেডও ছুড়ে মারেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গ্রেনেড বিস্ফোরিত হয়নি। এর পর তাঁরা দ্রুত দেয়াল টপকে পালিয়ে গেলেন। এর পরের ঘটনা সে আরেক কাহিনি। মোনায়েম খান নিহত হওয়া ছিল মুক্তিযুদ্ধে আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা। মুক্তিযুদ্ধে, বিশেষত মোনায়েম খানের বাড়িতে করা অপারেশনে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মোজাম্মেল হককে বীর প্রতীক খেতাব দেওয়া হয়।মোজাম্মেল হকের পৈতৃক বাড়ি ঢাকা মহানগরের ভাটারা ইউনিয়নের সোলমাইদ গ্রামে। বর্তমানে তিনি বসবাস করেন একই ইউনিয়নের ভাটারা কমপ্লেক্সে। তাঁর বাবার নাম হাসেনউদ্দিন। মা তারা বানু। স্ত্রী নূরজাহান বেগম। তাঁর এক মেয়ে।মোজাম্মেল হক বলেন, ‘১৯৭১ সালে আমরা গণতন্ত্র ও মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ করেছি। কিন্তু প্রকৃত গণতন্ত্র আজও আসেনি। গণতন্ত্র এখন টাকার হাতে বন্দী।’সূত্র: মোজাম্মেল হক বীর প্রতীকের সাক্ষাৎকার ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।ঘোষণা: প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে আপনাদের তথ্য জানা থাকলে তা এবং ধারাবাহিক এই প্রতিবেদন নিয়ে মতামত আমাদের কাছে পাঠাতে পারেন।গ্রন্থনা: তারা রহমান[email protected]