তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।জালাল আহম্মেদ, বীর প্রতীকবীরোচিত যুদ্ধে আহত হনমধ্যরাতে হঠাৎ প্রচণ্ড হইচই আর গোলাগুলির শব্দে ঘুম ভেঙে গেল জালাল আহম্মেদের। বাইরে থেকে তাঁদের ব্যারাকের ওপর তীব্র গোলাগুলি হচ্ছে। তিনি ঘুমিয়ে ছিলেন। উঠে দেখতে পেলেন, অনেকে ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন; অসংখ্য আহত। চারদিকে শুধু রক্ত আর লাশ। যাঁরা আহত, তাঁরা আর্তনাদ করছেন। আকস্মিক এই ঘটনায় যাঁরা গুলিবিদ্ধ হননি, তাঁরা দিশাহারা হয়ে ছোটাছুটি করছেন। তিনিও বেঁচে গেছেন। জানতে পারলেন, পাকিস্তানি সেনারা (২০ বালুচ রেজিমেন্ট) তাঁদের আক্রমণ করেছে।এ ঘটনা ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতের; চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি)। তখন সেখানে প্রায় দুই হাজার প্রশিক্ষণরত সেনা ছিলেন। সবাই বাঙালি। সুবেদার জালাল আহম্মেদ ছিলেন তাঁদের একজন প্রশিক্ষক। পাকিস্তানি সেনাবাহিনী প্রশিক্ষণরত প্রায় দেড় হাজার বাঙালি সেনাকে ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে হত্যা করে। বাকি সেনারা পালিয়ে পার্শ্ববর্তী পাহাড়ে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান। তাঁদের মধ্যে জালাল আহম্মেদও ছিলেন।জালাল আহম্মেদ পরে স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যোগ দেন। তাঁদের সঙ্গে চট্টগ্রামের বারআউলিয়ায় পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেন। কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণে তাঁরা এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন। তখন তিনি নিজ এলাকা হয়ে ভারতে যান। সেখানে প্রথমে কিছু দিন প্রশিক্ষক হিসেবে কাজ করেন। পরে তাঁকে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়।জালাল আহম্মেদ প্রথম প্রত্যক্ষ যুদ্ধে অংশ নেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নকশী বিওপিতে। ৪ আগস্ট অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেখানে আক্রমণ করে। তখন সেখানে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। তিনি ছিলেন আলফা কোম্পানির একটি প্লাটুনের নেতৃত্বে। এই কোম্পানির নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন আমীন আহম্মেদ চৌধুরী (বীর বিক্রম, পরে মেজর জেনারেল)। নকশীতে তাঁরা যখন পাকিস্তানি সেনাদের ক্যাম্পের ১০০ গজের মধ্যে পৌঁছে যান, ঠিক তখনই পাকিস্তানিদের একটি গোলা তাঁদের অবস্থানের ওপর বিস্ফোরিত হয়। বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা সঙ্গে সঙ্গে শহীদ হন। এতে তাঁরা কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এরপরও তাঁদের অনেকে আরও এগিয়ে যান এবং পলায়নরত পাকিস্তানি সেনাদের আঘাত করতে থাকেন। পাকিস্তানিরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। অবশ্য নকশীতে তাঁরা সফল হতে পারেননি। এরপর তাঁদের কিছু দিন বিশ্রামে রাখা হয়। জালাল আহম্মেদ পরবর্তী সময়ে যুদ্ধ করেন বৃহত্তর সিলেট জেলায়। বড়লেখা ও ভানুগাছায় যুদ্ধ করে তাঁদের দল ফেঞ্চুগঞ্জ হয়ে সুরমা নদীর দক্ষিণ তীরের কাছাকাছি পৌঁছে। তখন মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়। সেখানে যুদ্ধে জালাল আহম্মেদসহ আরও কয়েকজন আহত হন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য জালাল আহম্মেদ বীর প্রতীক খেতাব পেয়েছেন।জালাল আহম্মেদের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের কুহুমা গ্রামে। ১৯৮২ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর থেকে তিনি এখানেই বাস করছেন। তাঁর বাবার নাম শেখ আহম্মদ। মা রহিমের নেছা। স্ত্রী গুলনাহার বানু। তাঁদের তিন মেয়ে, এক ছেলে। বর্তমানে তাঁর বয়স প্রায় ৮০ বছর। বার্ধক্যে নুয়ে পড়েছেন। বয়সের কারণে তাঁর স্মৃতিবিভ্রম হয়। জালাল আহম্মেদ বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরে তিনি গর্বিত।সূত্র: জালাল আহম্মেদ বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস।ঘোষণা: প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে আপনাদের তথ্য জানা থাকলে তা এবং ধারাবাহিক এই প্রতিবেদন নিয়ে মতামত আমাদের কাছে পাঠাতে পারেন।গ্রন্থনা: তারা রহমান[email protected]