তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মোহাম্মদ সোলায়মান, বীর প্রতীকঅল্পের জন্য তিনি বেঁচে যানমোহাম্মদ সোলায়মান ১৯৭১ সালে নীলফামারী জেলার (তখন রংপুর জেলার অন্তর্গত মহকুমা) কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন। সেখানে বাঙালি পুলিশের পাশাপাশি বেশ কজন অবাঙালি পুলিশও ছিল। সে সময় তিনি টগবগে যুবক। মাত্র এক বছর আগে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কয়েক দিন পর থানা থেকে একটি অস্ত্রসহ পালিয়ে যোগ দেন স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে। এর পরই ঠাকুরগাঁও থেকে এক দল ইপিআর এসে স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যোগ দেয়। তখন তাদের মনোবল আরও বেড়ে গেল।৭ এপ্রিল সৈয়দপুর সেনানিবাসে অবস্থানরত পাকিস্তান সেনাবাহিনী ট্যাংক, কামান, মেশিনগান ও অন্যান্য ভারী অস্ত্র নিয়ে তাঁদের আক্রমণ করে। তখন তাঁরা পাকিস্তানিদের প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু ভারী অস্ত্রশস্ত্র মোকাবিলা করার ক্ষমতা তাঁদের ছিল না। কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে তাঁদের প্রতিরোধ। তখন তাঁরা ছত্রভঙ্গ হয়ে চলে যান বিভিন্ন দিকে। মোহাম্মদ সোলায়মান একটি দলের সঙ্গে চলে যান পঞ্চগড় এলাকায়। সেখানে তাঁরা অবস্থান নেন সীমান্তে।তাঁরা একদল মুক্তিযোদ্ধা তেঁতুলিয়া থানার (বর্তমানে উপজেলা) জগদলহাটের কাছাকাছি একটি বাংকারে অবস্থান করছিলেন। ১৯৭১ সালের একদিন। সে দিন শবেবরাত ছিল। স্থানীয় এক নারী খবর দিলেন, তাঁদের বাংকারের দিকে পাকিস্তানি সেনারা আসছে। খবরটি নিশ্চিত কি না, তা দেখার জন্য মোহাম্মদ সোলায়মান বাংকার থেকে উঠে সামনে একটু এগিয়েই দেখেন একদল পাকিস্তানি সেনা। তারা তাঁর উপস্থিতি টের পেয়ে যায়। তিনি দ্রুত একটি গাছের আড়ালে অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে তাঁর এলএমজি দিয়ে ব্রাশ ফায়ার করেন। তখন পাকিস্তানিরাও পাল্টা গুলি করে। গুলির শব্দ শুনে বাংকারে থাকা তাঁর সহযোদ্ধারাও গুলি শুরু করেন। এতে বেশ কজন পাকিস্তানি সেনা হতাহত হয়। এরপর পাশের জগদলহাটে অবস্থানরত পাকিস্তানি সেনারাও সেখানে আসে। তখন ভয়াবহ যুদ্ধ হয়। সারা রাত যুদ্ধ চলে। ভোরের আলো ফুটছে, এমন সময় এক ঝাঁক গুলি এসে লাগে মোহাম্মদ সোলায়মানের হাতে ও এলএমজিতে। তিনি গুলিতে আহত হন। এই যুদ্ধে মোহাম্মদ সোলায়মান যথেষ্ট বীরত্ব প্রদর্শন করেন।মোহাম্মদ সোলায়মান হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা নিয়ে আবার যুদ্ধে যোগ দেন। পরে নভেম্বর মাসে জগদলহাটে রেকি করার সময় পাকিস্তানি সেনারা তাঁকে আক্রমণ করে। তিনি অল্পের জন্য বেঁচে যান। পরে সেখানে যুদ্ধ হয়। সেই যুদ্ধে সকিমউদ্দীনসহ তাঁর দুই সহযোদ্ধা শহীদ ও কয়েকজন আহত হন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মোহাম্মদ সোলায়মান বীর প্রতীক খেতাব পেয়েছেন।স্বাধীনতার পর তিনি দিনাজপুর শহরের মহারাজা স্কুল ক্যাম্পে ছিলেন। ওই ক্যাম্পে উদ্ধার করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ ছিল। ১৯৭২ সালের ৪ জানুয়ারি সেখানে আকস্মিক বিস্ফোরণ ঘটে। সে সময় তিনি ক্যাম্পের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। তবে এই দুর্ঘটনায় কয়েক শ মুক্তিযোদ্ধা প্রাণ হারান। অনেকে ধরে নিয়েছিলেন তিনিও এই দুর্ঘটনায় মারা গেছেন। পরে ওই ঘটনার স্মরণে একটি শহীদ মিনার নির্মিত হয়। তাতে শহীদদের নাম লেখা ছিল। সেই তালিকায় দীর্ঘদিন তাঁর নামও লেখা ছিল। পরে অবশ্য তাঁর নাম মুছে ফেলা হয়।মোহাম্মদ সোলায়মানের বাড়ি নাটোর জেলায়। শহরের কাপুরিয়াপট্টি মহল্লায় তাঁর পৈতৃক বাড়ি। তবে তিনি সেখানে থাকেন না। বর্তমানে তিনি বাস করেন দক্ষিণ পটুয়াপাড়া মহল্লায়। বর্তমানে তিনি পঙ্গু। তাঁর বাবার নাম আবদুল হাই। মা রহিমা বেগম। স্ত্রী মাজেদা বেগম। তাঁদের এক ছেলে ও চার মেয়ে।মোহাম্মদ সোলায়মান বলেন, ‘মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সময় বাবা-মা কারও কথা ভাবিনি। মাতৃভূমিকে ভালোবেসে যুদ্ধে যাই। স্বপ্ন দেখেছিলাম স্বাধীন দেশে সবাই সুখশান্তিতে বাস করব। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি।’সূত্র: মোহাম্মদ সোলায়মান বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর নাটোর প্রতিনিধি মো. মুক্তার হোসেন ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৬।গ্রন্থনা: তারা রহমান[email protected]