৮৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. আতাউর রহমান, বীর প্রতীকমৃত্যুর মুখোমুখি লড়াই করেন১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রণাঙ্গনে সম্মুখযুদ্ধে মো. আতাউর রহমানের ডান হাতে গুলি লাগে। সেই হাত দিয়ে তিনি এখন কোনো কাজ করতে পারেন না। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় যুদ্ধ করার সময় তিনি অনেক সহযোদ্ধার শহীদ হওয়ার দৃশ্য প্রত্যক্ষ করেছেন। সহযোদ্ধাদের ক্ষতবিক্ষত লাশ দেখে শিউরে উঠেছেন। কিন্তু ভয় পাননি বা পিছু হটেননি। তাঁর দলের একজন সহযোদ্ধা শুধু বেঁচে ছিলেন। পাকিস্তানি সেনাদের সঙ্গে তাঁর দূরত্ব ছিল ১৬ ফুটের মতো। মাঝখানে শুধু একটি রাস্তা। রাস্তার ওপারে পাকিস্তানি সেনা আর এপারে আতাউর রহমান ও তাঁর সহযোদ্ধা। ভেবেছিলেন, আর বাঁচা যাবে না। একেবারে মৃত্যুর মুখোমুখি লড়াই করেছেন। ঘটনাটি ২৩ সেপ্টেম্বরের।আতাউর রহমান ও তাঁর সহযোদ্ধার কাছে ছিল মেশিনগান। তিনি মেশিনগান দিয়ে অনবরত ব্রাশফায়ার করেন। একপর্যায়ে তাঁর ডান হাতে গুলি লাগে; রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর পাশে থাকা একমাত্র সহযোদ্ধাও গুলিতে আহত হন। সেদিন এত মুক্তিযোদ্ধা হতাহত হতেন না। অপারেশনের আগের দিন পুরো এলাকা তাঁরা রেকি করেছিলেন। কোন দিকে কোন গ্রুপ অবস্থান নেবে, তা ঠিক করা হয়। কিন্তু পরদিন সকাল থেকে ওই এলাকায় শুরু হয় প্রবল বর্ষণ। ফলে সেখানকার পথ-ঘাট পানিতে তলিয়ে যায়। এর পরও অপারেশন শুরু হয়। কোনটি পথ আর কোনটি খাল-বিল-ডোবা, তা চেনার উপায় ছিল না। তিনটি দলে বিভক্ত মুক্তিযোদ্ধা দলের যোগাযোগের জন্য ছিল ওয়্যারলেস সেট। বৃষ্টিতে সেগুলো বিকল হয়ে পড়ে। কোনো দলেরই সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। অনেকের অস্ত্রও পানিতে ভিজে কাজ করছিল না। এর পরও যুদ্ধ চালিয়ে যেতে হয়েছে। তিনটি দলে বিভক্ত প্রথম দলের ৩০ জনই মারা যান। দ্বিতীয় দলের তিনিসহ আরেকজন মুখোমুখি লড়াই করেছেন। পরে জানতে পারেন, তাঁর এই বীরত্বপূর্ণ সাহসিকতার জন্য ওই দিন সেখান থেকে পাকিস্তানি সেনারা পিছু হটতে বাধ্য হয়। এই যুদ্ধের জন্যই তাঁকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়।আতাউর রহমান ১৯৭১ সালে যশোর সেনানিবাসের প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সেনানিবাস থেকে পালিয়ে ভারতে যান। তিনি রৌমারী এলাকা ছাড়াও ১১ নম্বর সেক্টরের অধীন কামালপুর সীমান্ত এলাকায় যুদ্ধ করেন।যুদ্ধে আহত হওয়ার পর ভারতের একটি সামরিক হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। তিনি ডান হাতের কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। স্বাধীনতার পরও তিনি ভারতে চিকিৎসাধীন ছিলেন। আতাউর রহমান চাকরির পেনশন, গ্র্যাচুয়িটিসহ সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কিংবা সরকারি কোনো সাহায্য পাননি। তাঁর সংসার চালানো কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাঁর পৈতৃক নিবাস কুষ্টিয়ার দৌলতপুরে। সেখানে এখন তাঁর কিছুই নেই। পদ্মা নদীর ভাঙনে বসতভিটাসহ সব আবাদি জমি বিলীন হয়ে গেছে। তিনি বর্তমানে রংপুরের সদর উপজেলার সাতগাড়া ইউনিয়নের বড়বাড়ী দেওডোবা পাইকারপাড়ায় শ্বশুরবাড়িতে স্ত্রী রানী বেগম ও তিন ছেলেমেয়ে নিয়ে বসবাস করছেন। তাঁর বাবার নাম আছলেম উদ্দিন মণ্ডল। মা গোলেজান নেছা।আতাউর রহমান বলেন, ‘যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু এখন না খেয়ে, কষ্ট করে দিন অতিবাহিত করতে হচ্ছে।’সূত্র: আতাউর রহমান বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর রংপুর প্রতিনিধি আরিফুল হক ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১।গ্রন্থনা: তারা রহমান[email protected]