৮৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. আবদুল মজিদ, বীর প্রতীকতাঁর ডান পায়ে গুলি লাগেযুদ্ধক্ষেত্রে আবদুল মজিদের ডান পায়ে গুলি লাগে। তার পরও তিনি সাহস হারাননি। দমে যাননি। গুলি করতে করতে সামনের দিকে ক্রলিং করে এগিয়ে গেছেন। ক্রলিং করে যাওয়ার সময় দেখেছেন তাঁর অনেক সহযোদ্ধার লাশ আর রক্ত। সেদিন পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর প্রায় ৬৭ জন শহীদ হন। তাঁদের রক্তের ওপর দিয়ে যুদ্ধ করেই শেষ পর্যন্ত তাঁরা ওই এলাকা দখল করতে সক্ষম হন।এ ঘটনা ১৯৭১ সালের। ২১ বা ২২ নভেম্বর। সেদিন ছিল ঈদের দিন। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্দ্রপুরে। কসবা রেলস্টেশন থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার দূরেই চন্দ্রপুর। মুক্তিযুদ্ধ চলাকালে ওই এলাকা ২ নম্বর সেক্টরের গঙ্গাসাগর সাব-সেক্টরের অধীনে ছিল। সাব-সেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন আইনউদ্দীন (বীর প্রতীক, পরে মেজর জেনারেল)।১৮ নভেম্বর ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার তুলে ক্যাপ্টেন আইনউদ্দীনকে বলেন চন্দ্রপুর আক্রমণ করতে। সেখানে পাকিস্তানি সেনারা প্রতিরক্ষা অবস্থানে ছিল। মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী যৌথভাবে চন্দ্রপুর আক্রমণ করে। ভারতীয় বাহিনীর নেতৃত্বে ছিলেন এক মেজর ও মুক্তিবাহিনীর নেতৃত্বে লেফটেন্যান্ট খন্দকার আবদুল আজিজ। পরিকল্পনা অনুযায়ী মুক্তিবাহিনী বাংলাদেশের ভেতর থেকে এবং ভারতীয় সেনাবাহিনী সীমান্ত দিয়ে সেখানে আক্রমণ করে। ওই আক্রমণে পাকিস্তানি সেনাবাহিনীর তুলনায় মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যরাই বেশি হতাহত হন। কারণ, পাকিস্তানি সেনারা সেখানে সুবিধাজনক অবস্থানে ছিল। সেদিন মুক্তিবাহিনীর লে. খন্দকার আবদুল আজিজসহ ২২ জন এবং ভারতীয় সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার ও তিনজন জুনিয়র কমিশন অফিসারসহ ৪৫ জন শহীদ হন। সারা রাত সেখানে যুদ্ধ হয়। সকালে পাকিস্তানি সেনারা চন্দ্রপুর থেকে পিছু হটে যায়। পরে অবশ্য পাকিস্তানিরা ওই এলাকা আবার দখল করে।মো. আবদুল মজিদ চন্দ্রপুর ছাড়াও গঙ্গাসাগর সাব-সেক্টরের চারগাছ, কৃষ্ণপুর-বাগবাড়ী, কসবা, গঙ্গাসাগরসহ আরও কয়েকটি স্থানে যুদ্ধ করেন। একাত্তর সালে তিনি পাকিস্তান বিমানবাহিনীতে এমওডিসির সিপাহি পদে কর্মরত ছিলেন। ১৯৭০ সালের ১৯ ফেব্রুয়ারি তিনি বিমানবাহিনীতে যোগ দেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কর্মস্থল থেকে পালিয়ে ভারতে যান। সেখানে তাঁকে নবম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়।মুক্তিযুদ্ধে, বিশেষত চন্দ্রপুরের যুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুল মজিদ বীর প্রতীক খেতাব পেয়েছেন।মো. আবদুল মজিদের বাড়ি রংপুর জেলার সদর উপজেলার তামপাট ইউনিয়নের ঘাঘটপাড়া (আক্কেলপুর) গ্রামে। তাঁর বাবার নাম কছিমউদ্দিন আহমেদ। তিনি পল্লিচিকিৎসক ছিলেন। মা মরিয়ম বেগম। স্ত্রী শামসুন নাহার বেগম। তাঁদের চার ছেলেমেয়ে।মো. আবদুল মজিদ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে কোনো ভাতা পান না। চাকরিকালের সুযোগ-সুবিধা, পেনশন ও গ্র্যাচুইটির টাকাও পাননি। বর্তমানে তিনি অর্থাভাবে রয়েছেন। তাঁর সামান্য কিছু আবাদি জমি আছে। কিন্তু তা দিয়ে সংসার চালানো তাঁর জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠেছে।মো. আবদুল মজিদ বলেন, ‘যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সে জন্য গর্ববোধ করি। সম্মুখযুদ্ধের সময় অনেক সহযোদ্ধার মৃত্যুর কোলে ঢলে পড়ার দৃশ্য দেখেছি। নিজেও আহত হয়েছি। তার পরও সে দিনগুলো অবিস্মরণীয়। স্বাধীনতাবিরোধীদের আজও বিচার হয়নি। তাদের বিচার দেখে মরতে চাই।’সূত্র: মো. আবদুল মজিদ বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর রংপুর প্রতিনিধি আরিফুল হক ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, দলিলপত্র, দশম খণ্ড।গ্রন্থনা: তারা রহমান[email protected]