তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মকবুল হোসেন, বীর প্রতীকতিনি পাকিস্তানি ওপি খুঁজে বের করেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কয়েকটি বড় যুদ্ধ আমাদের বিজয়ের পটভূমি তৈরি করে। ধলই যুদ্ধ ছিল এমন একটি যুদ্ধ, যা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ২৭-২৮ অক্টোবর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বিত শক্তি ধলই বিওপি দখলের জন্য যুদ্ধ শুরু করে। পাঁচ দিনের তুমুল যুদ্ধের পর তা মুক্তিবাহিনীর দখলে আসে। ধলই বিওপির পাকিস্তানি প্রতিরক্ষা অবস্থানে আক্রমণের জন্য নিয়মিত মুক্তিবাহিনীর প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টকে অক্টোবর মাসের মাঝামাঝি কমলপুরে একত্র করা হয়। একটি দলে ছিলেন হাবিলদার মকবুল হোসেন। ২৭ অক্টোবর ভোর সাড়ে তিনটার দিকে তাঁরা আক্রমণ শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় অর্থাৎ এসল্ট ফরমেশনে যাওয়ার আগেই তাঁদের প্লাটুন ও আরেকটি প্লাটুন পাকিস্তানি সেনাদের হাতে আক্রান্ত হয়। পাকিস্তানিদের গোলাগুলির ব্যাপকতা এমন ছিল যে মকবুল হোসেনদের অগ্রযাত্রা কিছুটা থমকে যায়। কিন্তু তাঁরা দমে গেলেন না। এর মধ্যেই তাঁরা ফায়ার অ্যান্ড মুভ পদ্ধতিতে অগ্রসর হতে থাকলেন। উঁচু টিলার ওপর পাকিস্তানি সেনাদের একটি এলএমজি পোস্ট ছিল। সেখান থেকে অনবরত গুলি বর্ষিত হচ্ছিল। ফলে মুক্তিবাহিনীর হতাহতের সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছিল। মকবুল হোসেন গুলি করতে করতে পাকিস্তানিদের অবস্থানের একদম কাছাকাছি পৌঁছে যান। এমন সময় গুলি এসে লাগল তাঁর পায়ে। তাঁর অধিনায়কও আহত হন। তিনি তাঁর পাশেই ছিলেন। সহযোদ্ধা আবদুর রহমানের বুকে গুলি লাগে। হামিদুর রহমানের বুক ও কপাল গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। হতাহত হলো তাঁদের প্রায় ১৫ জন। এভাবে তাঁদের প্রথম দিনের আক্রমণ পরিসমাপ্তি ঘটলেও যুদ্ধ সেখানে থেমে থাকেনি। কয়েক দিন ধরে সেখানে যুদ্ধ চলে। অবশেষে ৩ নভেম্বর ধলই মুক্ত হয়। মকবুল হোসেন এর আগে আরও কয়েকটি যুদ্ধে অংশ নেন। এর মধ্যে কুড়িগ্রাম জেলার রৌমারী ও জামালপুর জেলার কামালপুর যুদ্ধ উল্লেখযোগ্য। ৩১ আগস্ট কামালপুরের যুদ্ধে তাঁদের দলের ব্যাপক ক্ষতি হয়। এই যুদ্ধে তাঁদের অধিনায়ক ছিলেন মেজর মইনুল হোসেন চৌধুরী (বীর বিক্রম, পরে মেজর জেনারেল)। তিনি পরে বুঝতে পারেন, পাকিস্তানিরা কোনো উঁচু স্থান থেকে তাঁদের কার্যক্রম পর্যবেক্ষণ করে। তিনি ঘোষণা করেন, ওই ওপি (অবজারভেশন পোস্ট) যে খুঁজে বের করতে পারবে, তাঁকে পুরস্কৃত করা হবে। তখন মকুবল হোসেন জীবনের ঝুঁকি নিয়ে একাই পাকিস্তানিদের অবস্থানের মধ্যে ঢুকে সেই ওপি খুঁজে বের করেন। ওপিতে একজন পাকিস্তানি সেনা ছিল। তাকে তিনি জীবন্ত ধরে আনেন। মকবুল হোসেন ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। তাঁদের অবস্থান ছিল যশোর সেনানিবাসে। আক্রান্ত হওয়ার পর তাঁরা সেনানিবাস থেকে পালিয়ে যান। পরে মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধে, বিশেষত ধলই যুদ্ধে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য মকবুল হোসেন বীর প্রতীক খেতাব পেয়েছেন। মকবুল হোসেনের পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামে। বর্তমানে তিনি বাস করেন ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা গ্রামে। তাঁর বাবার নাম আবদুল আজিজ। মা আমেনা খাতুন। স্ত্রী রোকেয়া বেগম। তাঁদের চার মেয়ে দুই ছেলে। মকবুল হোসেন বলেন, জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু দেশের মানুষ স্বাধীনতা পায়নি। সূত্র: মকবুল হোসেন বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি মো. আমিনুল হক ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, ব্রিগেডভিত্তিক ইতিহাস। গ্রন্থনা: তারা রহমান [email protected]