তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯১স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আনিসুল হক আকন্দ, বীর প্রতীকপাকিস্তানিদের প্রথম আত্মসমর্পণ কামালপুরে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া ইউনিয়নের একটি গ্রাম কামালপুর। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এ গ্রামের মাঝামাঝি সীমান্ত ফাঁড়ি (বিওপি)। একাত্তর সালে এখানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর শক্তিশালী একটি প্রতিরক্ষা অবস্থান। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ৪ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সিদ্ধান্ত নেয়, কামালপুরের পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণ করাবে। এ জন্য তাদের কাছে আত্মসমর্পণের আহ্বানসংবলিত চিঠি পাঠানো হবে। বশির আহমদ নামের একজন মুক্তিযোদ্ধা মৃত্যুভয় উপেক্ষা করে দায়িত্ব নিলেন এই দুরূহ কজের। তিনি রওনা হলেন পাকিস্তানিদের ক্যাম্পের অভিমুখে। তারপর সময় গড়াতে লাগল। তিনি ফিরে এলেন না। এরপর আরেকজনের সেখানে যাওয়ার পালা। এবার দায়িত্ব নিলেন আনিসুল হক আকন্দ নামের এক মুক্তিযোদ্ধা। সহযোদ্ধারা সঞ্জু নামেই তাঁকে চিনতেন। এবারও একই ঘটনা ঘটল। সঞ্জুও ফিরে এলেন না। সহযোদ্ধা ও মিত্রবাহিনীর সবাই ভাবলেন, হয় পাকিস্তানিদের গুলিতে, না-হয় মাইন বিস্ফোরণে মারা গেছেন তাঁরা দুইজন। এমন সময় সবাই দেখেন, সঞ্জু ফিরে আসছেন। তিনি প্রায় দৌড়াতে দৌড়াতে এসেছেন। হাঁপাতে হাঁপাতে বললেন, পাকিস্তানিরা আত্মসমর্পণে রাজি হয়েছে। আর বশির আহমদ পাকিস্তানিদের ক্যাম্পে আছেন। বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনী প্রথম আত্মসমর্পণ করে কামালপুরে। আনিসুল হক আকন্দ (সঞ্জু) ১৯৭১ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে যান। পরে প্রশিক্ষণ নিয়ে মহেন্দ্রগঞ্জ সাব-সেক্টরে যোগ দেন। তিনি ছিলেন একজন সাহসী গণযোদ্ধা। তিনি বেশ কটি সম্মুখযুদ্ধেও অংশ নেন। এর মধ্যে ৩১ জুলাইয়ের যুদ্ধ উল্লেখযোগ্য।মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা প্রদর্শনের জন্য আনিসুল হক আকন্দ (সঞ্জু) বীর প্রতীক খেতাব পান। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বরের গেজেটে বীর প্রতীকের তালিকায় ৩৯২ নম্বরে নাম মো. আনিসুর রহমান (সঞ্জু) ও ৩৯৮ নম্বরে আনিসুল হক আকন্দ। মো. আনিসুর রহমান (সঞ্জু) নামের কেউ বীর প্রতীকের খেতাব দাবি করেননি। এই দুই নাম সম্ভবত একই ব্যক্তির । আনিসুল হক আকন্দ (সঞ্জু)-র বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল গ্রামের লংপুর গ্রামে। ২০০৮ সালে তিনি মারা গেছেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের নিরাপত্তা বিভাগে ১৭ বছর চাকরি করেন। তাঁর বাবার নাম আবদুল আজিজ আকন্দ। মা মুসলিমা খাতুন। স্ত্রী নূর নাহার। তাঁর ছয় ছেলে ও চার মেয়ে। তাঁর স্ত্রী, ছেলেমেয়েরা এখন বসবাস করছেন ঢাকার ডেমরা এলাকার পশ্চিম টেংরায় ভাড়াবাড়িতে। মৃত্যুর আগে তিনি এখানেই বাস করতেন।আনিসুল হক আকন্দ (সঞ্জু) বীর প্রতীকের বড় ছেলে নূরে আলম আকন্দ বললেন, ‘আমরা অনেক কষ্টে দিন যাপন করছি। গ্রামে বসতভিটা ছাড়া আর কিছুই নেই। সরকার বলে, মুক্তিযোদ্ধাদের সন্তানদের কর্মসংস্থান করা হবে। তাঁদের জন্য কোটা আছে। কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আমার ও আমার ভাইদের কারও চাকরি হয়নি।’সূত্র: নূরে আলম আকন্দ, হারুন হাবীব (সাংবাদিক ও মুক্তিযোদ্ধা) এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১। ঘোষণা: প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে তথ্য জানা থাকলে তা এবং ধারাবাহিক এই প্রতিবেদন নিয়ে মতামত আমাদের কাছে পাঠাতে পারেন।গ্রন্থনা: তারা রহমান[email protected]