তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ মানিক, বীর প্রতীকবীরের মতো লড়াই করে শহীদ হনসকাল থেকেই গোপন আস্তানায় মুক্তিযোদ্ধাদের মধ্যে উত্তেজনা। সবাই নিজেদের অস্ত্র পরীক্ষা করে প্রয়োজনীয় গুলি গুছিয়ে রাখলেন। বিস্ফোরক দ্রব্য সব ঠিকঠাক আছে কি না তাও দেখলেন। সন্ধ্যার পর তাঁরা যাবেন একটি সেতু ধ্বংসের অপারেশনে। মুক্তিযোদ্ধাদের মধ্যে আছেন মানিক (রেজাউল করিম মানিক), নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু (নাট্যকার), মিলন, শফিউল, ওমর, হামিম, ইফু ও তৌফিকসহ আরও কয়েকজন। তাঁরা সব দুই নম্বর সেক্টরের ঢাকা (উত্তর) গেরিলা দলের সদস্য।দুপুরে মানিকসহ সবাই একসঙ্গে ভাত খেলেন। খেয়েদেয়ে সবাই বিশ্রাম নিলেন। কোনো অপারেশনে যাওয়ার আগে তাঁদের জন্য এটি বেশ প্রয়োজনীয়। কিন্তু মানিকের জন্য ওই খাবারই ছিল শেষ খাবার। এই ঘটনা ১৯৭১ সালের। ১৪ নভেম্বরের।সন্ধ্যার পর তাঁরা রওনা হলেন। তাঁদের লক্ষ্য, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানার অন্তর্গত ভায়াডুবি সড়কসেতু। পাকিস্তানি সেনাবাহিনীর চলাচল বিঘ্নিত করার জন্য এই সেতু ধ্বংস করা খুবই জরুরি। দুই নম্বর সেক্টর থেকে নির্দেশ এসেছে ওই সেতু ধ্বংস করার। কারণ, এই সড়ক দিয়েই দেশের উত্তর-দক্ষিণের সঙ্গে ঢাকার যোগাযোগ।রাতের অন্ধকারে মানিকসহ অন্য গেরিলা যোদ্ধারা নিঃশব্দে পৌঁছালেন সেখানে। তাঁদের সঙ্গে নিয়মিত বাহিনীরও কয়েকজন আছেন। সেতুটি গুরুত্বপূর্ণ। সে জন্য সেখানে সার্বক্ষণিক প্রহরায় আছে পাকিস্তানি সেনা ও রাজাকাররা। অতর্কিতে তাঁরা আক্রমণ করলেন সেখানে। কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানিদের দিক থেকে প্রতিরোধ স্তিমিত হয়ে যায়। দুই-তিন জন নিহত হওয়ার পর বাকিরা পালিয়ে গেল। এরপর গেরিলারা সেতু ধ্বংসের কাজ শুরু করলেন। এমন সময় পাকিস্তানি সেনাদের একটি কনভয় সেখানে এসে তাঁদের আক্রমণ করে। তখন শুরু হয় দুপক্ষে তুমুল যুদ্ধ। এর মধ্যেই মানিক ও আরও কয়েকজন সেতু ধ্বংস করলেন। পরে মানিকও যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। তাঁরা সাহসিকতা ও বীরত্বের সঙ্গে পাকিস্তানি সেনাদের মোকাবিলা করছিলেন। যুদ্ধ চলতে থাকে। তখন রাত আনুমানিক সাড়ে ১০টা। বীরের মতো লড়ছিলেন মানিক। এমন সময় পাকিস্তানিদের ছোড়া মর্টারের তপ্ত স্প্লিন্টার এসে আঘাত করে তাঁর গায়ে। তাঁর শরীরটা সঙ্গে সঙ্গে কুঁকড়ে গেল। নিমেষেই শহীদ হলেন মানিক। সেদিন মানিকের আত্মত্যাগ বৃথা যায়নি। তাঁর সহযোদ্ধারা পাকিস্তানি সেনাদের পিছু হটতে বাধ্য করে।শহীদ মানিক সমাহিত আছেন আজিমপুর কবরস্থানে। সহযোদ্ধারা তাঁর লাশ উদ্ধার করে নিয়ে যান। পরে তাঁর বাবা-মা খবর পেয়ে ধামরাই গিয়ে লাশ ঢাকায় এনে আজিমপুর কবরস্থানে কবর দেন।রেজাউল করিম মানিক ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস (সম্মান) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এতে যোগ দেওয়ার জন্য তিনি একদিন বাড়ি থেকে পালিয়ে নরসিংদীতে যান। পরে আগরতলা হয়ে পশ্চিম দিনাজপুরে পৌঁছেন। ঢাকার আরও বেশ কিছু ছাত্র-যুবক সেখানে সমবেত হন। তাঁরা সেখানে প্রশিক্ষণ নিতে থাকেন। প্রশিক্ষণ চলাকালে দুই নম্বর সেক্টরের অধিনায়ক মেজর খালেদ মোশাররফ (বীরউত্তম, পরে মেজর জেনারেল) তাঁদের কথা জানতে পারেন। তিনি তাঁদের তাঁর সেক্টরে নিয়ে এসে বিশেষ প্রশিক্ষণ দিয়ে গেরিলা দলে অন্তর্ভুক্ত করেন। এই দল ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় গেরিলা যুদ্ধ করে। ঢাকা (উত্তর) গেরিলা দল কয়েকটি উল্লেখযোগ্য অপারেশন পরিচালনা করে।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ রেজাউল করিম মানিককে মরণোত্তর বীর প্রতীক খেতাব প্রদান করা হয়েছে।শহীদ রেজাউল করিম মানিকের বাবার নাম মো. ওয়াজেদ আলী। তিনি আইনজীবী ছিলেন। তাঁর পৈতৃক নিবাস ভারতের পশ্চিমবঙ্গে। ১৯৪৭ সালের পর তিনি ঢাকায় আসেন। মা রাজিয়া বেগম। মানিক তাঁদের একমাত্র পুত্রসন্তান। একমাত্র মেয়ে বিলকিস রহমান। মানিকের বাবা-মা বসবাস করতেন ঢাকার মগবাজারের হাসনাবাদ কলোনিতে। বিলকিস রহমান বলেন, ‘নয়াপল্টন থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত সড়কের নাম শহীদ মানিকের নামে করা হয়েছে। আজিমপুরে তাঁর নামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে। শুধু, সড়ক ও স্কুলের নামকরণেই মানিকের আত্মা সন্তুষ্ট হবে না। যখন এ দেশের দুঃখী মানুষ পেটভরে খেতে পারবে, শিক্ষায় আলোকিত হবে, মাথা গোঁজার ঠাই পাবে—তখনই মানিকের আত্মা শান্তি পাবে। সূত্র: বিলকিস রহমান ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২। ঘোষণা: প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে তথ্য জানা থাকলে তা এবং ধারাবাহিক এই প্রতিবেদন নিয়ে আপনাদের মতামত আমাদের কাছে পাঠান।গ্রন্থনা: তারা রহমান[email protected]