৯৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ শামসুজ্জামান, বীর উত্তমঅসীম সাহসী এই যোদ্ধা শহীদ হলেন রণাঙ্গনেগভীর রাতে অ্যাসেম্বলি এরিয়া থেকে এফইউপিতে এলেন দুই কোম্পানি মুক্তিযোদ্ধা। তাঁরা কয়েকটি প্লাটুনে বিভক্ত। একটি প্লাটুনে আছেন শামসুজ্জামান। তিনি গণবাহিনীর। তাঁরা সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর শক্তিশালী একটি ঘাঁটিতে আক্রমণ করবেন। মুক্তিবাহিনীর দুই কোম্পানিতে সেনা মাত্র ২৪-২৫ জন। বাকি সবাই স্বল্প ট্রেনিংপ্রাপ্ত গণবাহিনীর। তাঁরা মাত্র ২৮ দিনের ট্রেনিং নিয়েছেন। নিয়মিত মুক্তিবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে।মুক্তিযোদ্ধা সবাই নিঃশব্দে ফায়ারবেসে অবস্থান নিয়েছেন। অধিনায়ক ক্যাপ্টেন আমীন আহম্মেদ চৌধুরী (বীর বিক্রম, পরে মেজর জেনারেল) আক্রমণের সংকেত দিলেন। শুরু হলো আর্টিলারি ফায়ার। একই সঙ্গে মুক্তিযোদ্ধারা লক্ষ্যের দিকে এগোতে থাকলেন। পাকিস্তানিরাও বসে থাকল না। তাদের দিক থেকেও শুরু হলো পাল্টা আর্টিলারি ফায়ার। সীমান্তের ওই এলাকাজুড়ে যেন প্রলয় শুরু হয়ে গেল। গোলাগুলিতে গোটা এলাকা প্রকম্পিত হয়ে উঠল। এ ঘটনা ১১ নম্বর সেক্টরের অধীন নকশী বিওপিতে। ১৯৭১ সালের ৪ আগস্ট ভোরে। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার অন্তর্গত নকশী।প্রথাগত যুদ্ধক্ষেত্রে তুমুল গোলাগুলির মধ্যে সামনে অগ্রসর হওয়া দুঃসাহসিক কাজ। কখনো ক্রলিং করে, কখনো দৌড়ে সামনে এগোতে হয়। স্বল্প ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা পেশাদার সেনাদের মতো তা-ই করছিলেন। মুক্তিযোদ্ধাদের কয়েকটি প্লাটুন অত্যন্ত সাহস ও ক্ষিপ্রতার সঙ্গে গুলি করতে করতে পাকিস্তানি অবস্থানের প্রায় কাছাকাছি পৌঁছে যায়। এর মধ্যে শামসুজ্জামানও ছিলেন। এমন সময় তাদের ওপর এসে পড়ে পাকিস্তানি একটি আর্টিলারি গোলা। গোলার টুকরার আঘাতে বেশ কজন মুক্তিযোদ্ধা শহীদ হন। দু-তিনজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এতে মুক্তিযোদ্ধারা কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়েন। কিন্তু শামসুজ্জামানসহ আরও কয়েকজন মনোবল হারালেন না। তাঁদের অদম্য মনোবল, সাহস ও বীরত্বে পাকিস্তানিরা কোণঠাসা হয়ে পড়ে। তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে থাকে। রণক্ষেত্র মৃত ও আহত সেনায় ভরে যায়। এর বেশির ভাগই পাকিস্তানি। শামসুজ্জামান বিওপির ৫০ গজের মধ্যে পৌঁছে গেছেন। হঠাৎ একটি ভূমিমাইনে তিনি শহীদ হন। এই সময় আহত হলেন অধিনায়কসহ মুক্তিবাহিনীর আরও অনেকে। বিজয়ের দ্বারপ্রান্তে এসেও মুক্তিযোদ্ধারা সেদিন সফল হতে পারেননি। শহীদ শামসুজ্জামানসহ অনেক সহযোদ্ধার লাশ সেদিন মুক্তিযোদ্ধারা উদ্ধার করতে পারেননি। যুদ্ধক্ষেত্র পাকিস্তানিদের অনুকূলে চলে যাওয়ায় তাঁদের পশ্চাদপসরণ করতে হয়।শামসুজ্জামান ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার জন্য ভারতে যান। সেখানে তিনি ২৮ দিনের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তাঁকে জেড ফোর্সের অধীন অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়।মুক্তিযুদ্ধে, বিশেষত নকশী যুদ্ধে অসাধারণ সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ শামসুজ্জামানকে মরণোত্তর বীর উত্তম খেতাব প্রদান করা হয়।শহীদ শামসুজ্জামানের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা (সাবেক দাউদকান্দি) উপজেলার সোনার চর গ্রামে। তাঁর বাবার নাম মো. দৌলত হোসেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মা আয়েতুন নেছা। তাঁরা সোনার চরেই বাস করতেন। শামসুজ্জামানেরা দুই ভাই তিন বোন। ভাইয়ের নাম আবদুল মান্নান। মূলত তিনিই ছিলেন তাঁর অভিভাবক। আবদুল মান্নান জানান, স্বাধীনতার পর কুমিল্লা সেনানিবাসে একটি সড়ক এবং চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের পিটি গ্রাউন্ডের নাম শহীদ শামসুজ্জামানের নামে নামকরণ করা হয়েছে।সূত্র: আবদুল মান্নান, মেজর জেনারেল (অব.) আমীন আহম্মেদ চৌধুরী, বীর বিক্রম ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১।সংশোধনী: গতকাল (২৮ জুন ২০১১, মঙ্গলবার) শহীদ মানিক বীর প্রতীকের পারিবারিক বৃত্তান্তে লেখা হয়েছে, বিলকিস রহমান তাঁর একমাত্র বোন। প্রকৃতপক্ষে তাঁর বোন তিনজন। অপর দুই বোনের নাম সুলতানা নাজনীন ও সুলতানা নাসরীন। অনিচ্ছাকৃত এ ত্রুটির জন্য দুঃখিত।গ্রন্থনা: তারা রহমান[email protected]