৯৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মোস্তফা কামাল, বীর প্রতীকপাকিস্তানি লেফটেন্যান্টের সঙ্গে হাতাহাতি লড়াইমুক্তিযোদ্ধারা খবর পেলেন পাকিস্তানি সেনারা কাশিপুরে আসছে। তাঁদের অধিনায়ক তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন পাকিস্তানিদের অ্যামবুশ করার। মুক্তিযোদ্ধারা দ্রুত তৈরি হলেন। তাঁরা বেশির ভাগ ইপিআর (পরে বিডিআর, এখন বিজিবি), কয়েকটি ছোট ছোট দলে বিভক্ত। একটি দলে আছেন মোস্তফা কামাল। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের একটি গ্রাম কাশিপুর। কাশিপুরে আছে একটি সেতু। দুপুরের দিকে কয়েকটি গাড়িতে করে শতাধিক পাকিস্তানি সেনা সেখানে হাজির হলো। সেতুর পূর্ব প্রান্তে গাড়ি রেখে তারা ছড়িয়ে পড়ল বিভিন্ন দিকে।মোস্তফা কামালরা ছিলেন সেতুর পূর্ব প্রান্তে। পাকিস্তানি সেনারা সেতু অতিক্রম করে বিভিন্ন দিকে যাচ্ছিল বেশ নিশ্চিত মনেই। তারা কল্পনাও করেনি মুক্তিযোদ্ধাদের উপস্থিতি। এমন সময় একসঙ্গে গর্জে উঠল মুক্তিযোদ্ধাদের সব অস্ত্র। আকস্মিক আক্রমণে পাকিস্তানিরা হকচকিত ও দিশেহারা। তাদের বেশ কজন সঙ্গে সঙ্গে নিহত ও আহত হলো। তারপর তারাও পাল্টা আক্রমণ শুরু করল। যুদ্ধ চলল কয়েক ঘণ্টা। পাকিস্তানিরা বেশির ভাগ রণে ভঙ্গ দিয়ে পালিয়ে গেল। যারা পালাতে পারল না, তারা আত্মগোপন করল।এরপর মোস্তফা কামালরা তাদের খুঁজতে থাকলেন। তিনি ও তাঁর এক সহযোদ্ধা আরব আলী পাটখেতের পাশ দিয়ে যাচ্ছেন, দেখেন ছয়জন পাকিস্তানি সেনা। গর্জে উঠল তাঁর ও সহযোদ্ধার অস্ত্র। নিহত হলো তিন পাকিস্তানি সেনা। বাকি তিনজন একটি বাড়িতে আত্মগোপন করে। পরে তাদের তাঁরা গুলি করেন। এর মধ্যে একজন ছিল লেফটেন্যান্ট। সে মরার মতো ভাব করে পড়ে ছিল। মোস্তফা কামাল একা তার কাছে যাওয়ামাত্র সে উঠে তাঁকে জাপটে ধরে। দীর্ঘক্ষণ হাতাহাতি লড়াই করে মোস্তফা কামাল শেষ পর্যন্ত ওই পাকিস্তানি লেফটেন্যান্টকে পরাস্ত করেন। ১৯৭১ সালের এ ঘটনা। ২৭ বা ২৮ জুন। সেদিন কাশিপুরে মুক্তিযোদ্ধাদের হাতে ১৫-১৬ জন পাকিস্তানি সেনা নিহত ও অসংখ্য আহত হয়। মুক্তিযোদ্ধাদের সুবেদার মনিরুজ্জামান (বীর বিক্রম) শহীদ ও কয়েকজন আহত হন। মোস্তফা কামাল ১৯৭১ সালে যশোর ইপিআর সেক্টরের বর্ণি বিওপিতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। প্রতিরোধ যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। এরপর ভারতে যান। তিনি পরে ৮ নম্বর সেক্টরের বয়রা সাব-সেক্টরের গোয়ালহাটি-ছুটিপুর, বর্ণি ও গঙ্গাধরপুর, বেলতাসহ আরও কয়েক স্থানে যুদ্ধ করেন। সেপ্টেম্বর মাসের প্রথম দিকে তিনিসহ চারজন গোয়ালহাটি-ছুটিপুরে অগ্রবর্তী পেট্রলপার্টির দায়িত্বে ছিলেন। তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর সম্ভাব্য আক্রমণ ও গতিবিধি লক্ষ করতেন। তাঁদের দলনেতা ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ (বীরশ্রেষ্ঠ)। একদিন (৫ সেপ্টেম্বর) হঠাৎ পাকিস্তানি সেনারা তিন দিক থেকে তাঁদের ঘেরাও করে আক্রমণ করে। তখন তাঁরা সাহসিকতার সঙ্গে পাকিস্তানিদের সঙ্গে দীর্ঘক্ষণ যুদ্ধ করেন। এই যুদ্ধে দলনেতা নূর মোহাম্মদ শেখ শহীদ হন ও সহযোদ্ধা নান্নু মিয়া (বীর প্রতীক) আহত হন। মুক্তিযুদ্ধে, বিশেষত কাশিপুর ও গোয়ালহাটি-ছুটিপুরের যুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মোস্তফা কামাল বীর প্রতীক খেতাব পেয়েছেন।মোস্তফা কামালের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলি গ্রামে। সেখানেই এখন বসবাস করেন। ২০০৫ সাল পর্যন্ত তিনি বিজিবিতে চাকরি করেছেন। তাঁর বাবার নাম কফিলউদ্দীন শিকারী, মা আমেনা খাতুন, স্ত্রী লতিফা বেগম। তাঁদের দুই ছেলে, এক মেয়ে।মোস্তফা কামাল বলেন, ‘মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে আমরা যখন মিত্রবাহিনীর সঙ্গে যশোর আসছিলাম, তখন এক স্থানে কয়েকটি বাংকারে ১৭ জন নারীকে পাই। তাঁদের কারও শরীরে বস্ত্র ছিল না। তাঁরা আমাদের জানায়, শান্তি কমিটির লোকজন ও রাজাকাররা তাঁদের ধরে পাকিস্তানিদের কাছে দিয়েছে। এ জন্যই যুদ্ধাপরাধীদের কঠিন শাস্তি দেওয়া দরকার। যুদ্ধাপরাধীরা অবশ্যই মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করেছে। সূত্র: মোস্তফা কামাল বীর প্রতীকের সাক্ষাৎকার ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮।গ্রন্থনা: তারা রহমান[email protected]