তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।সাইদুর রহমান, বীর প্রতীককামালপুর যুদ্ধে তাঁর পেটে গুলি লাগেপ্রাকৃতিক বিপর্যয় ও নিজেদের বোমার শিকার হয়েও সাইদুর রহমানসহ একদল মুক্তিযোদ্ধা পাকিস্তানি সেনাদের অবস্থানে প্রচণ্ড গতিতে আক্রমণ করলেন। প্রথাগত সামরিক যুদ্ধে সাধারণত শত্রুপক্ষকে আতঙ্কিত করার জন্য তাদের ওপর আগে আর্টিলারি বোমাবর্ষণ করা হয়। তারপর শুরু হয় আক্রমণ। কিন্তু সেদিন মুক্তিযোদ্ধারা এফইউপিতে (ফর্মি আপ প্লেস) পৌঁছে অ্যাসল্ট ফরমেশন তৈরির আগেই ওই গোলাবর্ষণ শুরু হয়ে যায়। সেই গোলার কিছু তাঁদেরও ওপর এসে পড়তে থাকে। অন্যদিকে ছিল মুষলধারে বৃষ্টি। বৃষ্টির কারণে গাঢ় অন্ধকারে মুক্তিযোদ্ধারা ঠিকঠাক কোনোকিছু ঠাওর করতে পারছিলেন না। ফলে তাঁদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ ঘটনা ১৯৭১ সালের ৩১ জুলাই, কামালপুরে। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গ্রাম কামালপুর; বাংলাদেশ-ভারত সীমান্তে। কামালপুরে পাকিস্তানি সেনাবাহিনী প্রথম সারিতে যে প্রতিরক্ষা অবস্থান গড়ে তুলেছিল, তা মুক্তিবাহিনীর প্রচণ্ড আক্রমণে ভেঙে পড়ে। তখন তারা তাদের নিজ আন্তসীমা অবস্থানে চলে যায়। সাইদুর রহমানসহ আরও বেশ কিছু মুক্তিযোদ্ধা সাহসিকতার সঙ্গে সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে সেখানে গিয়ে যুদ্ধ করতে থাকেন। এমন সময় তাঁদের দুই অধিনায়কের একজন আহত ও অপরজন শহীদ হন। সালাহউদ্দীন মমতাজ তাঁর চোখের সামনেই শহীদ হন। এরপর শোকের ছায়া নেমে আসে মুক্তিযোদ্ধাদের মধ্যে। নেতৃত্বশূন্যতায় তাঁদের কেউ কেউ পিছু হটতে থাকেন। কিন্তু সাইদুর রহমানসহ আরও কয়েকজন যোদ্ধা পিছু হটেননি। তাঁরা সাহসিকতা ও বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকেন। সুরক্ষিত বাংকার থেকে পাকিস্তানি সেনারা বৃষ্টির মতো গুলি করছিল। এতে মুক্তিযোদ্ধাদের হতাহতের সংখ্যা বেড়ে যাচ্ছিল। সেখানে এক প্রকার হাতাহাতি যুদ্ধ হয়। জায়গাটা লাশে ভরে গেল। একসময় সাইদুর রহমানও আহত হলেন। তাঁর পেটে গুলি লাগে। এ অবস্থায় তাঁর পক্ষে যুদ্ধ করাও সম্ভব ছিল না। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়ার মতোও কেউ সেখানে ছিলেন না। তিনি ক্ষতস্থান চেপে ধরে অনেক কষ্টে পেছনে যান। সেখান থেকে মুক্তিযোদ্ধারা তাঁকে ফিল্ড হাসপাতালে পাঠান। পরে গুয়াহাটিতে হাসপাতালে তাঁর চিকিৎসা হয়।সাইদুর রহমান ১৯৭১ সালে যশোর ইপিআর (পরে বিডিআর, এখন বিজিবি) সেক্টরে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে সেখানকার বাঙালি ইপিআর সদস্যরা বিদ্রোহ করে প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তাঁরা দুই ভাগে ভাগ হয়ে তখন পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করেন। সাইদুর রহমান ছিলেন ৬ পাউন্ডার গান (ট্যাংক বিধ্বংসী অস্ত্র) ইউনিটের সদস্য। ৩০ মার্চ সন্ধ্যায় সাঁজোয়া গাড়িতে পাকিস্তানি সেনারা চাঁচড়ায় আসছিল। তখন তাঁরা আক্রমণ করেন। তাঁদের গোলার আঘাতে দুটি গাড়ি সম্পূর্ণ ধ্বংস ও কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়। এর আগে ২৩ মার্চ যশোর ইপিআর সেক্টর হেডকোয়ার্টারে পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিরোধ যুদ্ধের পর তিনি ভোমরা ডিফেন্সে ছিলেন। জুন মাসের প্রথমার্ধে তাঁকে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়। তিনি ডি কোম্পানির ১১ নম্বর প্লাটুনে ছিলেন। তিনি সিলেটের কানাইঘাট ও সালুটিকরেও যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে, বিশেষত কামালপুরের যুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য সাইদুর রহমান বীর প্রতীক খেতাব পেয়েছেন।সাইদুর রহমানের প্রকৃত নাম খন্দকার সাইদুর রহমান। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ঘোষভিলা গ্রামে। বর্তমানে সেখানেই বসবাস করেন। স্বাধীনতার পর তিনি বিজিবিতেই চাকরি করেন। ২০০৬ সালে অবসর নিয়েছেন। তাঁর বাবার নাম খন্দকার আবদুল নূর। মা সাজেদা খাতুন। স্ত্রী নাদিরা পারভীন। তাঁর দুই ছেলে (এক ছেলে ২০০১ সালে মারা গেছেন) ও এক মেয়ে। সাইদুর রহমান বলেন, ‘খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের কোনো মর্যাদা নাই। এটা দেওয়া হলে ভালো হতো। তারপরও স্বাধীন দেশের নাগরিক হিসেবে গর্ব বোধ করি। স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে না পারলেও পরবর্তী প্রজন্ম সেই সুফল ভোগ করবে।’সূত্র: সাইদুর রহমান বীর প্রতীকের সাক্ষাৎকার, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, ১০ম খণ্ড এবং মুক্তিযুদ্ধে রাইফেলস ও অন্যান্য বাহিনী, সুকুমার বিশ্বাস।গ্রন্থনা: তারা রহমানtৎৎ[email protected]