৯৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।ইউ কে চিং, বীর বিক্রমযুদ্ধের স্মৃতি তাঁকে বেশ পীড়া দেয় ইউ কে চিং বয়সের কারণে অনেক কথা গুছিয়ে বলতে পারেন না। তাঁর বয়স এখন ৭৪-৭৫। তিনি মারমা আদিবাসী। মুক্তিযুদ্ধ শুরু হলে বাঙালিদের সঙ্গে তিনিও এতে যোগ দেন। ১৯৭১ সালে তিনি রংপুর ইপিআর (পরে বিডিআর, এখন বিজিবি) উইংয়ের অধীন লালমনিরহাটের হাতীবান্ধা বিওপিতে কর্মরত ছিলেন। প্রতিরোধ যুদ্ধে অংশ নেওয়ার পর পাটগ্রাম এলাকায় অবস্থান নেন। পরে ৬ নম্বর সেক্টরের অধীন সাহেবগঞ্জ সাবসেক্টরে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে তিনি নস্টালজিয়ায় আক্রান্ত হলেন। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীসংলগ্ন চৌধুরীহাটের যুদ্ধের ঘটনা তাঁর প্রায়ই মনে পড়ে। ওই যুদ্ধের স্মৃতি তাঁকে বেশ পীড়া দেয়। সেখানে মুক্তিবাহিনীর লেফটেন্যান্ট সামাদসহ (আশফাকুস সামাদ, বীর উত্তম) তাঁর আরও কয়েকজন সহযোদ্ধা শহীদ হন। তিনিও মারা যেতে বা আহত হতে পারতেন। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছেন। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জের অন্তর্গত চৌধুরীহাট। সীমান্তবর্তী এলাকা। নভেম্বরের মাঝামাঝি একদল মুক্তিযোদ্ধা রায়গঞ্জে অবস্থান নেন। তাঁরা কয়েকটি দলে বিভক্ত ছিলেন। একটি দলে ছিলেন ইউ কে চিং। সেখানে ছিল পাকিস্তানি সেনাদের একটি শক্ত অবস্থান। রাতে তাঁরা পাকিস্তানিদের অবস্থানে আক্রমণ করেন। সারা রাত যুদ্ধ চলে। ভোররাতে পাকিস্তানিদের দিক থেকে গোলাগুলি বন্ধ হয়ে যায়। রায়গঞ্জের পূর্ব দিকে দুধকুমার নদ। ইউ কে চিংরা ছিলেন এর উত্তর পাড়ে। লে. সামাদও সেদিকে ছিলেন। তাঁরা সেদিক দিয়ে রায়গঞ্জের দিকে অগ্রসর হওয়ার সময় পাকিস্তানি সেনাদের অ্যামবুশে পড়েন। সেখানে একটি সেতুর নিচে বা বাংকারে ছিল পাকিস্তানিদের এলএমজি পজিশন। তা ক্যামোফ্লেজ করা ছিল। ফলে মুক্তিযোদ্ধা যাঁরা রেকি করেছেন, তাঁরা পাকিস্তানিদের ওই সুরক্ষিত অবস্থান টের পাননি। পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের উপস্থিতি টের পাওয়ামাত্র সেখান থেকে বৃষ্টির মতো গুলি করতে থাকে। এরপর মুক্তিবাহিনীর মূল দল আসে। তাঁদের প্রচণ্ড আক্রমণে পাকিস্তানিরা সেখান থেকে পিছু হটে নাগেশ্বরীতে অবস্থান নেয়। ইউ কে চিং চৌধুরীহাট ছাড়াও হাতীবান্ধা, পাখিউড়া, ভূরুঙ্গামারী, রৌমারীসহ আরও কয়েক স্থানে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। শুধু অস্ত্র নিয়েই নয়, তিনি কখনো কখনো আদিবাসীদের প্রতিরোধ ও আত্মরক্ষার কৌশল প্রয়োগ করেও যুদ্ধ করেন। এর মাধ্যমে তিনি কয়েক স্থানে পাকিস্তানি সেনাদের হতাহত করেন। তাঁর এ কৌশল দেখে অনেকে অভিভূত হন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য ইউ কে চিং বীর বিক্রম খেতাব পেয়েছেন। আদিবাসী যাঁরা মুক্তিযুদ্ধে অংশ নেন, তাঁদের মধ্যে একমাত্র তিনিই খেতাব পেয়েছেন।ইউ কে চিংয়ের আসল নাম ইউ কে চিং মারমা। এক সাধারণ মারমা আদিবাসী পরিবারের সন্তান তিনি। তাঁর বাড়ি বান্দরবান জেলায়। জেলা সদরের লাঙ্গিপাড়ায়। তাঁর বাবার নাম বাইসাউ মারমা, মা ম্রাংসানু মারমা। স্ত্রী তুইকানু মারমা। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। স্বাধীনতার পর তিনি বিজিবিতে চাকরি করেন। ১৯৮২ সালে অবসর নেন। তাঁর আর্থিক অবস্থা তেমন ভালো নয়। ইউ কে চিং বললেন, ‘মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে আমরা যাচ্ছিলাম রংপুর শহরের দিকে। যেতে যেতে এক স্থানে সেতুর নিচে কিছু একটা দেখে আমাদের সন্দেহ হলো। সহযোদ্ধারা সেখানকার কচুরিপানা সরিয়ে দেখেন, সাতটি রক্তাক্ত নারী দেহ। পাকিস্তানিরা তাঁদের নির্যাতন করেছে। পালানোর সময় তারা নারীদের হত্যা করে ওখানে ফেলে রেখে গেছে। ওই নারীদের কথা মনে হলে আজও আমার চোখ ছল ছল করে।’সূত্র: ইউ কে চিং বীর বিক্রমের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৬। গ্রন্থনা: তারা রহমান[email protected]