৯৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।ফোরকান উদ্দিন, বীর প্রতীকভাগ্যক্রমে তিনি বেঁচে যানমুক্তিযোদ্ধাদের অধিনায়ক একদিন খবর পেলেন, জয়মনিরহাটে পাকিস্তানিরা আনন্দোৎসব করবে। তিনি মো. ফোরকান উদ্দিনকে দায়িত্ব দিলেন যেদিন পাকিস্তানিরা ওই উৎসব করবে সেদিন ঝটিকা আক্রমণের। জয়মনিরহাট কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়। ১৯৭১ সালে সেখানে পাকিস্তান সেনাবাহিনীর শক্ত একটি অবস্থান ছিল। তারা বেশ আধুনিক ও ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। সে তুলনায় মুক্তিযোদ্ধাদের অস্ত্র ছিল খুব সীমিত। মুখোমুখি যুদ্ধ করা তাঁদের জন্য ছিল দুঃসাধ্য। ফোরকান উদ্দিন তাই সিদ্ধান্ত নিলেন গেরিলা কায়দায় অপারেশনের। নির্ধারিত দিন রাতে সেখানে গানবাজনা চলছে। এই আয়োজন করেছে মালেক নামের এক রাজাকার। পাকিস্তানিদের মনোরঞ্জনের জন্য রাজাকাররা কয়েকজন বাঙালি নারীকেও ধরে এনেছে। ওই এলাকায় মুক্তিবাহিনীর তৎপরতা নেই বললেই চলে। তাই পাকিস্তানিরা বেশ নির্ভাবনায় আনন্দোৎসবে মেতে উঠেছে। তারা কল্পনাও করেনি মুক্তিযোদ্ধাদের। রাতের অন্ধকারে ফোরকান উদ্দিনসহ একদল মুক্তিযোদ্ধা অবস্থান নিলেন সেখানে। তখন মধ্যরাত। আনুমানিক ১২টা। নিঃশব্দে তাঁরা এগিয়ে চলছেন জলসার দিকে। একদম কাছে পৌঁছে গেছেন। আক্রমণ শুরু করবেন, এমন সময় পাকিস্তানিরা তাঁদের উপস্থিতি টের পেয়ে গেল। পাকিস্তানিদের কয়েকজন দ্রুত অবস্থান নিল বাংকারে। ফোরকান উদ্দিন সেই বাংকার লক্ষ্য করে কয়েকটি গ্রেনেড ছুড়ে মারলেন। গ্রেনেড বিস্ফোরণের শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়ে পড়ল। হতচকিত রাজাকার ও পাকিস্তানিরা ছোটাছুটি শুরু করল। মুক্তিযোদ্ধারা রাজাকার মালেককে আটক করতে সক্ষম হলেন। বাকি পাকিস্তানি ও রাজাকাররা তাদের সুরক্ষিত অবস্থানে গিয়ে গোলাগুলি করতে থাকল। ওই অবস্থায় বেশিক্ষণ ওখানে থাকা তাঁদের জন্য নিরাপদ ছিল না। রাজাকার মালেককে নিয়ে তাঁরা দ্রুত ওই এলাকা ত্যাগ করলেন। এই গেরিলা অপারেশনে মূলত তিনিই নেতৃত্ব দেন। ফোরকান উদ্দিন ১৯৭১ সালে রংপুর ইপিআর (পরে বিডিআর, এখন বিজিবি) উইংয়ের ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। প্রতিরোধ পর্বে তিনি ইপিআরের সিগন্যাল ইউনিটের সঙ্গে কুড়িগ্রামের কাউনিয়ায় অবস্থান নেন। পরে ভারতে যান। পরবর্তী সময়ে তিনি কয়েকটি যুদ্ধে অংশ নেন। তবে বেশির ভাগ যুদ্ধে তাঁর মূল দায়িত্ব ছিল যুদ্ধের খবর আদান-প্রদান করা। মুক্তিবাহিনীর বড় দলের সঙ্গে ওয়্যারলেস অপারেটর হিসেবে তিনি থাকতেন। নভেম্বরের মাঝামাঝি মিত্র বাহিনীর সহযোগিতায় মুক্তিবাহিনী কুড়িগ্রামের রায়গঞ্জে কয়েক দিক থেকে আক্রমণ করেন। তিনি ছিলেন লে. সামাদের (আশফাকুস সামাদ বীর উত্তম) নেতৃত্বাধীন দলে। তাঁরা পাকিস্তানি সেনাদের অ্যামবুশের ভেতর পড়ে যান। পাকিস্তানিদের আকস্মিক আক্রমণে লে. সামাদসহ অনেকে শহীদ হন। ফোরকান উদ্দিন অলৌকিকভাবে বেঁচে যান। পরে মুক্তিবাহিনীর অপর দল এসে তাঁকে উদ্ধার করে। মুক্তিযুদ্ধে সাহসিকতা প্রদর্শনের জন্য ফোরকান উদ্দিন বীর প্রতীক খেতাব পেয়েছেন। ফোরকান উদ্দিনের পৈত্রিক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থোল্লাকান্দি গ্রামে। তবে তিনি সেখানে বসবাস করেন না। এখন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের রামনগর-মণিপুরিপাড়ায় বসবাস করেন। তাঁর বাবার নাম আবদুস সাত্তার মিয়া। মা হাজেরা খাতুন, স্ত্রী সমীরণ বেগম (শামসুন্নাহার)। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে। সূত্র: প্রথম আলোর মৌলভীবাজার প্রতিনিধি আকমল হোসেন, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি বিশ্বজ্যোতি চৌধুরী এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর-৬।গ্রন্থনা: তারা রহমান[email protected]