তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল মালেক চৌধুরী, বীর বিক্রম, বীর প্রতীকবীরত্ব প্রদর্শনের জন্য দুটি খেতাব তাঁরদ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা নিয়ে ছায়াছবি ব্রিজ অন রিভার কাউয়াই। সারা বিশ্বে এই ছবি আলোড়ন সৃষ্টি করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও এ ধরনের ঘটনা অনেক স্থানে ঘটেছে। ঘটনাগুলো প্রচার পায়নি বলে আমরা বেশির ভাগ সে সম্পর্কে কিছু জানি না। মুক্তিযুদ্ধকালে আমাদের মুক্তিযোদ্ধারা রিভার কাউয়াইয়ের চেয়েও বড় বড় অপারেশন করেছেন। বড়খাতার তিস্তা সেতু ধ্বংসের অপারেশন এর মধ্যে অন্যতম। এই অপারেশনে অন্যদের সঙ্গে আবদুল মালেক চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।বড়খাতা লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার অন্তর্গত ইউনিয়ন। এর পশ্চিম দিকে তিস্তা নদী, আর পূর্ব দিকে ভারত সীমান্ত। পাটগ্রাম থেকে রেল ও সড়কপথ বড়খাতা হয়ে লালমনিরহাট এসেছে। বড়খাতা অংশে আছে রেলসেতু। মুক্তিযুদ্ধের সময় এই সেতুটি পাকিস্তান সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ব্রিজ রক্ষায় তারা নিয়মিত সেনা, ইপিসিএএফ ও রাজাকার সমন্বয়ে এক কোম্পানির অধিক শক্তি নিয়োগ করে। এতে অনুমান করা যায়, এই সেতু তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল।মুক্তিযোদ্ধারা কয়েকবার চেষ্টা করেও ওই সেতু ধ্বংস করতে পারেননি। এ অবস্থায় তা ধ্বংসের দায়িত্ব পড়ে ৬ নম্বর সেক্টরের পাটগ্রাম সাব-সেক্টরের অধিনায়ক ক্যাপ্টেন মতিউর রহমানের (বীর বিক্রম) ওপর। এ অপারেশনের জন্য তিনি অন্যান্যের সঙ্গে আবদুল মালেক চৌধুরীর কোম্পানিকেও নিলেন। নির্ধারিত দিন (৮ আগস্ট, ১৯৭১) গভীর রাতে মুক্তিযোদ্ধারা সেতুতে অত্যন্ত সফলতার সঙ্গে বিস্ফোরক লাগালেন। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই তাঁরা ডেটোনেটরে আগুন ধরান। তখন রাত আনুমানিক পৌনে দুইটা। কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। মনে হলো, আকাশ ভেঙে রাশি রাশি বজ্রপাত হচ্ছে। তিস্তা নদীতে টুকরা টুকরা হয়ে ভেঙে পড়তে লাগল সেতুর অবকাঠামো ও নদীতীরের বাংকার। প্রাণভয়ে পাকিস্তানি সেনা, ইপিসিএএফ ও রাজাকারেরা ছোটাছুটি শুরু করল। তখন আবদুল মালেক চৌধুরী ও লে. মেজবাহউদ্দীন তাঁদের অধীন কোম্পানির মুক্তিযোদ্ধাদের নিয়ে আক্রমণ করলেন। হতাহত হলো বেশ কজন পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী। পাকিস্তানিরা অবশ্য পাল্টা আক্রমণের চেষ্টা চালায়; কিন্তু ব্যর্থ হয়। ১৫ জনের লাশ ফেলে তারা পালিয়ে যায়। সেদিনের পর থেকে তিস্তার পূর্ব দিক মুক্ত এলাকা হয়ে গেল। যুদ্ধের ইতিহাসে ব্রিজ অন রিভার কাউয়াইয়ের নাম যদি থাকে, তবে আমাদের মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা ব্রিজ অন রিভার তিস্তা বা বড়খাতার নামও থাকবে।আবদুল মালেক চৌধুরী ১৯৭১ সালে রংপুর ইপিআর (পরে বিডিআর, এখন বিজিবি) উইংয়ের অধীনে পাটগ্রাম সীমান্তে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তাঁর কোম্পানি কমান্ডার ছিলেন সুবেদার বোরহানউদ্দীন। তাঁর নেতৃত্বে প্রতিরোধ যুদ্ধে অংশ নেওয়ার পর পাটগ্রামে অবস্থান নেন। পরে সেক্টর ও সাব-সেক্টর গঠন হলে তাঁকে ইপিআর ও গণবাহিনীর যোদ্ধা সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর একটি কোম্পানির কমান্ডার করা হয়। তিনি মোগলহাট, ভূরুঙ্গামারী, পাটেশ্বরী, কাকিনাসহ আরও কয়েকটি স্থানে যুদ্ধ করেন। তিনি প্রথমে সাহেবগঞ্জ সাব-সেক্টরে ও পরে পাটগ্রাম সাব-সেক্টরের অধীনে ছিলেন।আবদুল মালেক চৌধুরী মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য দুটি খেতাব পেয়েছেন। বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব। ১৯৭৩ সালের গেজেটে বীর বিক্রমের তালিকায় (ক্রম-৩৭) নাম আবদুল মালেক। বীর প্রতীকের তালিকায় (ক্রম-১৮৭) আবদুল মালেক চৌধুরী। দুই নাম একই ব্যক্তির।আবদুল মালেক চৌধুরী ২০০৭ সালে মারা গেছেন। তাঁর পৈতৃক বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলার ত্রৈলক্ষ্ম বিজয় গ্রামে। তবে চাকরি থেকে অবসর নিয়ে তিনি বাস করতেন মৌলভীবাজার শহরের দক্ষিণ কাশিমাবাদে (বীর বিক্রম হাউস)। তিনি ১৯৭৪ সাল পর্যন্ত বিজিবিতে চাকরি করেন। তাঁর বাবার নাম মনোহর চৌধুরী। মা আরবজান বিবি। স্ত্রী হাজেরা বেগম। তাঁর তিন ছেলে ও দুই মেয়ে। সূত্র: প্রথম আলোর মৌলভীবাজার প্রতিনিধি আকমল হোসেন ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, দলিলপত্র দশম খণ্ড এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৬।গ্রন্থনা: তারা রহমান [email protected]