১০০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।গাজী আবদুল ওয়াহেদ, বীর প্রতীকমেহেরপুরে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন তিনিগাজী আবদুল ওয়াহেদ ১৯৭১ সালে যশোর ইপিআর (পরে বিডিআর, এখন বিজিবি) সেক্টর হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন। তিনি অস্ত্রাগারের দায়িত্বে ছিলেন। ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তান সেনাবাহিনীর একটি দল যশোর সেনানিবাস থেকে বেরিয়ে ইপিআর হেডকোয়ার্টারের সামনে অবস্থান নেয়। শেষ রাতের দিকে তারা হেডকোয়ার্টার লক্ষ্য করে গুলি ছুড়তে থাকলে সেখানকার বাঙালি ইপিআর সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। কিছুক্ষণ পর পাকিস্তানি সেনারা সেখান থেকে চলে যায়। পরদিন ২৬ মার্চ যশোর ইপিআরের সেক্টর কমান্ডার অবাঙালি লে. কর্নেল আসলাম এসে তাঁদের অস্ত্র জমা দিতে বলেন। তখন তাঁরা অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানান। ৩০ মার্চ ভোরে যশোর সেনানিবাসে গোলাগুলির শব্দ শুনে ইপিআর হেডকোয়ার্টারে অবস্থানরত বাঙালি ইপিআর সদস্যরা উত্তেজিত হয়ে পড়েন। তখন হাবিলদার কাজী তৈয়বুর রহমানের নির্দেশে তিনি ও সিপাহি আবদুল গণি শাবল দিয়ে অস্ত্রাগারের তালা ভেঙে ফেলেন। তারপর অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে শহরের বিভিন্ন স্থানে তাঁরা ডিফেন্স নেন। সে সময় পাকিস্তানি সেনারাও শহরে অবস্থান নিয়েছিল। তাঁরা কয়েকটি দলে ভাগ হয়ে পাকিস্তানিদের আক্রমণ করেন। তাঁদের আক্রমণে পাকিস্তানি সেনারা যশোর শহর থেকে পালিয়ে সেনানিবাসে আশ্রয় নেয়। তারা সেখানে সাদা পতাকা ওড়ায়। গাজী আবদুল ওয়াহেদসহ তাঁর সহযোদ্ধারা তখন ভেবেছিলেন, পাকিস্তানিরা সেনানিবাস থেকে আর বের হবে না। তাঁরা জয়ী হয়েছেন। কিন্তু তাদের সে ধারণা ছিল ভুল। ৩ এপ্রিল পাকিস্তানি সেনারা তাঁদের ওপর পাল্টা আক্রমণ শুরু করে। একই সঙ্গে সেনানিবাস থেকে ইপিআরদের অবস্থানের ওপর ব্যাপক গোলাবর্ষণ শুরু হয়। পাকিস্তানিদের নতুন এ আক্রমণে তাঁদের টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। এ সময় ইপিআর সদস্যদের বিভিন্ন দল একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাকিস্তানি সেনারা যশোর শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর তাঁরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন।এরপর গাজী আবদুল ওয়াহেদ তাঁর দলের সঙ্গে মেহেরপুর এলাকায় যান। পরে সীমান্ত অতিক্রম করে ভারতে অবস্থান নেন। তিনি মেহেরপুর এলাকাতেই সশস্ত্র যুদ্ধে অংশ নেন। তবে কোন কোন স্থানে তিনি যুদ্ধ করেছেন, সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। কারণ তিনি এখন বেঁচে নেই। ১৯৯৭ সালে মারা গেছেন। তাঁর ছেলে বা পরিবারের কেউ আর কোনো তথ্য এবং তাঁর কোনো সহযোদ্ধার নামও বলতে পারেননি। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য গাজী আবদুল ওয়াহেদ বীর প্রতীক খেতাব পেয়েছেন।গাজী আবদুল ওয়াহেদের বাড়ি বরিশাল জেলার বাখেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের মঙ্গলসী গ্রামে। স্বাধীনতার পর তিনি বিজিবিতেই চাকরি করেন। অবসর নেওয়ার পর এখানেই বসবাস করতেন। তাঁর বাবার নাম আসমত আলী গাজী, মা হাজেরা খাতুন। স্ত্রী বেগম ভানু। তাঁর দুই ছেলে, দুই মেয়ে।গাজী আবদুল ওয়াহেদ বীর প্রতীকের বড় ছেলে শামসুল আলম বলেন, একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি গর্বিত। মুক্তিযুদ্ধ না হলে এ দেশ স্বাধীন হতো না। তাঁদের ঋণ শোধ করার মতো নয়। তাঁদের স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু প্রকৃত মূল্যায়ন হচ্ছে না। সূত্র: শামসুল আলমের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান ও মুক্তিযুদ্ধে রাইফেলস ও অন্যান্য বাহিনী, সুকুমার বিশ্বাস। ঘোষণা: প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে আপনাদের কোনো তথ্য জানা থাকলে তা এবং ধারাবাহিক এই প্রতিবেদন নিয়ে মতামত আমাদের কাছে পাঠান।গ্রন্থনা: তারা রহমান[email protected]