তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০১স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ আলমগীর করিমবীর প্রতীকএকটি বুলেট এসে লাগে তাঁর বুকেগুলিবিদ্ধ মুক্তিযোদ্ধা আলমগীর করিম বললেন, যদি তিনি মারা যান, তাহলে দেশ স্বাধীন হওয়ার আগে যেন তাঁর মা বা পরিবারের আর কাউকে সে খবর না জানানো হয়। এ কথা বলার কয়েক ঘণ্টা পর জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের যেসব এলাকায় প্রতিনিয়ত যুদ্ধ সংঘটিত হয়, তার মধ্যে কসবা অন্যতম। কসবা ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলা। কসবার একটি এলাকা শিমরাইল। এখানে পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের কয়েকবার যুদ্ধ হয়। প্রতিবারই পাকিস্তানিরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। নভেম্বরের শুরুতে নিয়মিত সেনা ও গণবাহিনীর স্বল্পপ্রশিক্ষিত যোদ্ধা সমন্বয়ে গড়া মুক্তিবাহিনীর একটি দল শিমরাইলে অবস্থান নেয়। আলমগীর করিম ছিলেন গণবাহিনীর সদস্য। ৭ নভেম্বর পাকিস্তানি সেনাদের একটি দল মুক্তিযোদ্ধাদের অবস্থানে হঠাৎ আক্রমণ করে। সে দিন তুমুল যুদ্ধের পর পাকিস্তানিরা পিছু হটে যায়। পরদিন (৮ নভেম্বর) পাকিস্তানিরা আবার মুক্তিযোদ্ধাদের অবস্থানে আক্রমণ করে। এ দিন তারা সংখ্যায় ছিল বিপুল ও ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত। এ অবস্থায় মুক্তিবাহিনীর সেখানকার অধিনায়ক নিজেদের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য সেদিন মুক্তিযোদ্ধাদের পশ্চাদপসরণের নির্দেশ দেন।আলমগীর করিম ও তাঁর কয়েক সহযোদ্ধা সেদিন কৌশলগত একটা সুবিধাজনক অবস্থানে ছিলেন। তাঁদের অবস্থান ছিল ওই গ্রামের প্রবেশপথে খালসংলগ্ন রাস্তার পেছনে। তাঁরা ভেবেছিলেন, এই অবস্থান থেকে পাকিস্তানিদের অ্যামবুশে ফেলে সহজেই ঘায়েল করা যাবে। সেজন্য আলমগীর করিম ও তাঁর কয়েকজন সহযোদ্ধা অধিনায়কের ওই নির্দেশ না মেনে সেখানেই অবস্থান করেন। একদল পাকিস্তানি সেনা সেখানে নৌকা করে আসামাত্র তাঁদের অস্ত্রগুলো একসঙ্গে গর্জে ওঠে। হতাহত হয় বেশ কজন পাকিস্তানি সেনা। এরপর দিশেহারা পাকিস্তানিরা পালাতে থাকে। অস্ত্রবোঝাই দু-তিনটি নৌকা তারা ফেলে যায়। তখন আলমগীর করিম একটি নৌকার দখল নিতে যান।পাকিস্তানি সেনারা পাল্টা গুলি করতে করতে পালিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি বুলেট এসে লাগে আলমগীর করিমের বুকে। সে সময় তিনি অস্ত্রবোঝাই একটি নৌকা নিজেদের অবস্থানের দিকে টেনে আনছিলেন। নিমেষে তাঁর শরীর কুঁকড়ে গেল। গোলাগুলির মধ্যেই সহযোদ্ধা সিদ্দিক তাঁকে উদ্ধার করেন। তাঁর বুক থেকে অতিরিক্ত রক্ষক্ষরণ হচ্ছিল। সহযোদ্ধারা তাঁকে পাশের গ্রামে নিয়ে যান। সেখানে একজন সেবিকা ছিল। তাঁর কাছে যাওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে আলমগীর করিমের শরীর নিস্তেজ হয়ে পড়ে। তাঁকে বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন ছিল। ওই গ্রামের শত শত মানুষ রক্ত দিতেও আগ্রহী ছিলেন। কিন্তু সে ব্যবস্থা তখন করা সম্ভব হয়নি। তারপর ভারতে নেওয়ার আগেই আলমগীর করিম মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে তাঁকে শিমরাইল গ্রামের স্কুল মাঠে সমাহিত করা হয়। সহযোদ্ধারা তাঁর অনুরোধ রেখেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর তাঁরা আলমগীর করিমের শহীদ হওয়ার খবর তাঁর বাবা-মাকে দেন। এ ছাড়া তাঁর একটি আংটি ও ব্যবহার্য কাপড়চোপড়ও তাঁদের ফিরিয়ে দেন।আলমগীর করিম ১৯৭১ সালে ব্রাহ্মণবাড়িয়া কলেজে বিএ ক্লাসে পড়তেন। তখন তাঁর বয়স ছিল ১৯। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে যান। মুক্তিবাহিনীর জন্য ছাত্র-যুবকদের রিক্রুট শুরু হলে তিন-তিনবার নাম দিয়েও মা-বাবার বাধার কারণে তিনি তাতে যোগ দিতে পারেননি। চতুর্থবার সফল হন। দেরাদুনে তাঁর প্রশিক্ষণ হয়।মুক্তিযুদ্ধে, বিশেষত শিমরাইলের যুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য আলমগীর করিম মরণোত্তর বীর প্রতীক খেতাব পেয়েছেন।শহীদ আলমগীর করিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রধান সড়কের বাজারে। তাঁর বাবার নাম আবদুল করিম। মা সাহানা বেগম। ছয় বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তিনি অবিবাহিত ছিলেন। তাঁর ভাই জাহাঙ্গীর করিম সরকারি চাকুরে। স্বাধীনতার পর আখাউড়ার প্রধান সড়কের নাম তাঁর নামে নামকরণ করা হয়েছে।সূত্র: প্রথম আলোর আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি দুলাল ঘোষের পাঠানো তথ্য, জাহাঙ্গীর করিম ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।গ্রন্থনা: তারা রহমান[email protected]