১০২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবুল কালাম আজাদবীর বিক্রমটাঙ্গাইল শহরের দুর্ধর্ষ গেরিলাএকাত্তরের জুন মাস। টাঙ্গাইলে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকারদের তৎপরতা খুব বেড়ে গেল। কাদেরিয়া বাহিনীর কয়েকজন কমান্ডার ভুয়াপুরের মুক্ত এলাকার এক ডাকবাংলোয় বসে আলোচনা করলেন করণীয় নিয়ে। শেষে সিদ্ধান্ত হলো শহরের ভেতরে গেরিলা অপারেশন চালানোর। কিন্তু এখন কে যাবেন সেখানে? সহযোদ্ধাদের বলার পর রাজি হলেন আবুল কালাম আজাদ ও নজরুল ইসলাম বাকু। তাঁদের কয়েকটি গ্রেনেড দেওয়া হলো।আবুল কালাম আজাদ ও বাকু গ্রেনেডসহ অবস্থান নিলেন শহরের পাশের পাঁচকাহনিয়া গ্রামে। তাঁরা সিদ্ধান্ত নিলেন, দুজন দুটি পৃথক স্থানে অপারেশন চালাবেন। আজাদ যাবেন রাজাকার কমান্ডার খোকা তালুকদারের বাড়িতে। এই খোকার নেতৃত্বেই রাজাকারেরা শহরে খুন, ধর্ষণ, লুটপাটসহ নানা অপকর্ম করে। আর বাকু যাবেন থানায়। প্রথমে আজাদ গ্রেনেড ছুড়বেন। এর শব্দ শুনে বাকু গ্রেনেড ছুড়বেন থানার ভেতরে। তারপর জুন মাসের শেষের দিকে একদিন সন্ধ্যায় আজাদ ও বাকু শহরে ঢুকলেন। আজাদ গেলেন খোকা তালুকদারের বাড়ির পাশে, আর বাকু থানার পাশে। সারা রাত তাঁরা জঙ্গলে বসে থাকলেন মশার কামড় সহ্য করে। তাঁরা অপারেশন করবেন শেষ রাতে। তখন পাহারারত রাজাকার ও পুলিশদের মধ্যে কিছুটা শিথিলতা থাকে। নির্ধারিত সময়ে প্রথমে আজাদ পর পর কয়েকটি গ্রেনেড নিক্ষেপ করলেন খোকা তালুকদারের বাড়িতে। বিকট শব্দে সেগুলো বিস্ফোরিত হলো। ওই বাড়িতে তখন শুরু হয়ে গেছে মহাপ্রলয়। এরপর তাঁর আর কিছু দেখার সুযোগ ছিল না। কারণ, বিস্ফোরণের পর সেখানকার রাজাকার এবং শহরের অন্যান্য স্থানে অবস্থানরত পাকিস্তানি সেনা ও রাজাকারেরা গুলি করতে থাকে। তিনি দ্রুত ওই এলাকা থেকে সরে পড়েন। তারপর দৌড়াতে দৌড়াতে চলে যান একদম শহরের বাইরে। ওদিকে বাকুও একই সময়ে থানার ভেতরে গ্রেনেড নিক্ষেপ করেন। সেই গ্রেনেডও বিকট শব্দে বিস্ফোরিত হয়।আবুল কালাম আজাদ ১৯৭১ সালে স্নাতকের ছাত্র ছিলেন। টাঙ্গাইলের কাগমারীতে ২ মার্চ থেকে ছাত্র-যুবকদের অস্ত্রের প্রশিক্ষণ শুরু হলে তিনিও এ প্রশিক্ষণ নিতে থাকেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পরে কাদেরিয়া বাহিনী গঠিত হলে তিনি এতে যোগ দেন। জুন থেকে আগস্ট পর্যন্ত তিনি টাঙ্গাইল শহরের প্রধান সড়ক, সদর থানার ক্যাম্পাস, পোস্ট অফিস, পাওয়ার হাউসসহ আরও কয়েকটি অপারেশনে অংশ নেন। তিনি মূলত ‘হিট অ্যান্ড রান’ পদ্ধতিতে গ্রেনেড হামলা চালাতেন। ১৭ আগস্ট টাঙ্গাইলে এক অপারেশনে আসার পথে তিনি ও বাকু পাকিস্তানি সেনা ও রাজাকারদের হাতে ধরা পড়েন। তখনই বাকুকে ইকবাল হোসেন নামের এক রাজাকার পর পর নয়টি গুলি করে হত্যা করে। আর আজাদকে পাকিস্তানি সেনারা সার্কিট হাউসে নিয়ে যায়। সেখানে পাকিস্তানিরা তাঁর ওপর অকথ্য নির্যাতন করে কাদেরিয়া বাহিনী সম্পর্কে তথ্য জানার চেষ্টা করে। চরম নির্যাতনেও তিনি কোনো তথ্য দেননি। পরে তাঁকে ঢাকা সেনানিবাসে পাঠানো হয়। সেখানেও তাঁর ওপর চলে অকথ্য নির্যাতন। শেষে সামরিক আদালতে তাঁর বিচার হয়। বিচারে তাঁর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১৫টি বেত্রাঘাতের আদেশ হয়। ২ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় কারাগারে তাঁর বেত্রাঘাত কার্যকর করা হয়। স্বাধীনতার পর তিনি কারাগার থেকে মুক্তি পান।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবুল কালাম আজাদ বীর বিক্রম খেতাব পেয়েছেন। আবুল কালাম আজাদের বাড়ি টাঙ্গাইল শহরের পার দিঘুলিয়ায়। এটা তাঁর পৈতৃক বাড়ি। বর্তমানে তিনি এখানেই বসবাস করেন। তাঁর বাবার নাম কাশেম উদ্দিন সরকার ওরফে আবদুল মজিদ। মা সালেহা বেগম। স্ত্রী জেসমিন আক্তার। তাঁর দুই ছেলে।আবুল কালাম আজাদ বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি ঠিকই। কিন্তু যে দেশ আমরা চেয়েছিলাম, তা পাইনি।’ সূত্র: আবুল কালাম আজাদ বীর বিক্রমের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১। গ্রন্থনা: তারা রহমানtৎৎ[email protected]