১০৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।বদরুল আলম, বীর উত্তমবোমা ফেলে জ্বালিয়ে দিলেন তেল ডিপোগভীর রাতে ভারতের নাগাল্যান্ড রাজ্যের পাহাড়ি এলাকা ডিমাপুর থেকে উড্ডয়ন করল একটি হেলিকপ্টার। সেটি চালাচ্ছেন বদরুল আলম, সুলতান মাহমুদ (বীর উত্তম) ও সাহাবউদ্দিন আহমেদ (বীর উত্তম)। তাঁদের সঙ্গে আছেন আরও দুজন। তাঁরা অপারেটর। হেলিকপ্টারটি ছোট আকৃতির। নাম অ্যালুয়েট। এতে আছে ১৪টি রকেট ও একটি মেশিনগান। তাঁরা যাচ্ছেন নারায়ণগঞ্জের গোদনাইল অভিমুখে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনা এটি। ৩ ডিসেম্বরে।হেলিকপ্টারটির রাতে ওড়ার ক্ষমতা ছিল না। তার পরও ঝুঁকি নিয়ে তাঁরা অপারেশনে রওনা হয়েছেন। তাঁদের লক্ষ্য, গোদনাইলের তেলের ডিপো। এই ডিপো থেকে পাকিস্তানি বাহিনীর স্থল, নৌ ও আকাশ যানগুলোর জন্য জ্বালানি সরবরাহ করা হয়। ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি হিসেবে পাকিস্তানিরা এখানে মজুদ রেখেছিল বিপুল পরিমাণ জ্বালানি তেল। মুক্তিবাহিনীর গেরিলারা অনেক চেষ্টা করেও এই ডিপোর ক্ষতিসাধন করতে ব্যর্থ হয়েছেন। কারণ এর নিরাপত্তাব্যবস্থা ছিল অনেক শক্তিশালী। অবশেষে সেদিন পাকিস্তানিদের শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সফল হামলা চালান বদরুল আলমেরা। তাঁরা সীমান্ত অতিক্রম করে ইলিয়টগঞ্জ থেকে প্রথমে কুমিল্লা ঢাকা-মহাসড়ক লক্ষ্য করে দাউদকান্দির দিকে অগ্রসর হন। পরে ঢাকার ডেমরার কাছে এসে গোদনাইল তেলের ডিপো লক্ষ্য করে দক্ষিণ দিকে মোড় নেন। পাকিস্তানিরা কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁরা গোদনাইলের তেলের ট্যাংকারের ওপর বোমা নিক্ষেপ করেন। মুহূর্তের মধ্যে ট্যাংকারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকল। আগুনের লেলিহান শিখা যেন আকাশ গ্রাস করে ফেলল। চারদিক আলোকিত হয়ে পড়ল। আশপাশের মানুষ বিস্ফোরণের শব্দে জেগে উঠে অবাক বিস্ময়ে দেখতে থাকল সেই আগুন। গোদনাইল তেলের ডিপোর আগুন জ্বলে পরের দিনও। কয়েক মাইল দূর থেকেও এই আগুন দেখা যায়।বদরুল আলম পাকিস্তান বিমানবাহিনীতে ছিলেন। তাঁর পদবি ছিল ফ্লাইং অফিসার। ১৯৭১ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত তিনি পাকিস্তানের সারগোদা বিমানঘাঁটিতে কর্মরত ছিলেন। এ সময় নিজের ইচ্ছায় বদলি হয়ে ঢাকায় আসেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মে মাসের প্রথমার্ধে ঢাকা থেকে পালিয়ে ভারতে যান। প্রথম দিকে তিনি মুক্তিবাহিনীর সদর দপ্তরে স্টাফ অফিসার হিসেবে কাজ করেন। পরে বাংলাদেশ বিমানবাহিনী গঠিত হলে তিনি এতে যোগ দেন। বিমানবাহিনীর জন্য প্রয়োজনীয় বৈমানিক ও এয়ারম্যান রিক্রুট ও তাঁদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নভেম্বর থেকে প্রত্যক্ষ অপারেশন শুরু করেন। তিনি গোদনাইল ছাড়াও আখাউড়া, সিলেট ও নরসিংদীর রায়পুরাসহ আরও কয়েকটি স্থানে বিমান অপারেশন করেন। এসব হামলার বেশির ভাগ তাঁর কমান্ডেই পরিচালিত হয়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য বদরুল আলম বীর উত্তম খেতাব পেয়েছেন।বদরুল আলম ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশ বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। নভেম্বর মাসে তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। তখন তাঁর পদবি ছিল স্কোয়াড্রন লিডার। তিনি পরে বাংলাদেশ বিমানে চাকরি করেন। তাঁর পৈতৃক বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাড়াইয়ের চর গ্রামে। তবে তিনি কখনো সেখানে বসবাস করেননি। তাঁর বাবা ঢাকায় (১২১ মিরপুর রোড, ঢাকা কলেজের উল্টো দিকে) বসবাস করতেন। এটাই তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানা। এখানেই তিনি এখন বসবাস করেন। তাঁর বাবার নাম খন্দকার মোহাম্মদ বদরুদ্দোজা। মা হোসনে আরা বেগম। স্ত্রী নাদেরা আলম। তাঁদের এক ছেলে, এক মেয়ে। বদরুল আলম বলেন, ‘বাঙালিদের চাহিদা খুব কম। তাঁরা শান্তিতে থাকতে চায়। হঠাৎ ধনী হওয়ার চিন্তা না করে যদি আমরা দেশের জন্য চিন্তা করতাম, তাহলে অবশ্যই দেশকে সোনার বাংলা করা যেত।’সূত্র: বদরুল আলম বীর উত্তমের সাক্ষাৎকার ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ব্রিগেড-ভিত্তিক ইতিহাস।গ্রন্থনা: তারা রহমানtৎৎ[email protected]