তোমাদের এই ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৬০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. নুরুল আমিন, বীর উত্তমসাহসী এক যোদ্ধার কথারাতের অন্ধকারে মুক্তিযোদ্ধারা অতর্কিতে আক্রমণ চালালেন পাকিস্তান সেনাবাহিনীর বড় এক ঘাঁটিতে। তুমুল গোলাগুলিতে গোটা এলাকা প্রকম্পিত। আকাশ রক্তিম হয়ে উঠল। মুক্তিযোদ্ধাদের একটি দলের নেতৃত্বে মো. নুরুল আমিন। যুদ্ধের এক পর্যায়ে পাকিস্তানি সেনাদের গোলাগুলি ভেদ করে সহযোদ্ধাদের নিয়ে তিনি ঢুকে পড়লেন ঘাঁটির প্রায় ভেতরে। তাঁর সাহসিকতায় পাকিস্তানি সেনারা হতভম্ভ। সেখানে মুখোমুখি যুদ্ধ চলতে থাকল। এমন সময় হঠাৎ গুলিবিদ্ধ হলেন মো. নুরুল আমিন। মাটিতে ঢলে পড়লেন তিনি। কিন্তু মনোবল হারালেন না। ক্ষতস্থান কাপড় দিয়ে বেঁধে আবার যুদ্ধ শুরু করলেন। চালিয়ে গেলেন আরও কিছুক্ষণ। এটা দেখে তাঁর সহযোদ্ধারা উজ্জীবিত হলেন। এ ঘটনা দুর্গাপুরের। ১৯৭১ সালের ১৭ জুলাই।দুর্গাপুর কুড়িগ্রাম জেলার অন্তর্গত। মে মাসের শেষ দিকে পাকিস্তানি সেনাবাহিনী সেখানে ঘাঁটি স্থাপন করে। এই ঘাঁটির কারণে মুক্তিযোদ্ধাদের তৎপরতা কমে যায়। ১৬ জুলাই মধ্য রাতে (তখন ঘড়ির কাঁটা অনুসারে ১৭ জুলাই) মো. নুরুল আমিন একদল মুক্তিযোদ্ধা নিয়ে সেখানে আক্রমণ চালান। তাঁরা সংখ্যায় অনেক থাকলেও প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা ছিলেন কম। বেশির ভাগ ছিলেন কয়েক দিনের প্রশিক্ষণ নেওয়া স্বেচ্ছাসেবক। পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা আক্রমণে তাঁদের অনেকে আহত হলে স্বেচ্ছাসেবকেরা ছত্রভঙ্গ হয়ে যান।পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটি ছিল বেশ সুরক্ষিত। চারদিকে ছিল বাংকার। পাকিস্তানি সেনারা সেই বাংকারে অবস্থান নিয়ে পাল্টা আক্রমণ চালায়। আক্রমণের প্রথম পর্যায়ে পাকিস্তানি সেনাদের তেমন ক্ষতি না হলেও মুক্তিযোদ্ধাদের বেশ ক্ষয়ক্ষতি হয়।এর পরও মো. নুরুল আমিন দমে যাননি। সাহসিকতার সঙ্গে যুদ্ধ করতে করতে সহযোদ্ধাদের নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটির প্রায় ভেতরে ঢুকে পড়েন। তখন শুরু হয় মুখোমুখি যুদ্ধ। মুখোমুখি যুদ্ধে তাঁর দলের অনেকে শহীদ ও আহত হন। তার পরও তাঁরা পিছু না হটে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকেন। একপর্যায়ে তিনি নিজেও আহত হন। তাঁর পেটে চারটি গুলি বিদ্ধ হয়। ওই অবস্থাতেও তিনি অনেকক্ষণ যুদ্ধ করেন। অতিরিক্ত রক্তক্ষরণে নিস্তেজ হয়ে পড়লে পরে সহযোদ্ধারা তাঁকে পাঠিয়ে দেন নিরাপদ স্থানে।দুর্গাপুরে সকাল পর্যন্ত তুমুল যুদ্ধ হয়। একপর্যায়ে বেয়নেট দিয়ে হাতাহাতি যুদ্ধও চলে। এই যুদ্ধে মুক্তিযোদ্ধারা পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটি দখল করতে পারেননি। কিন্তু পাকিস্তান সেনাবাহিনীরও বিপুল ক্ষয়ক্ষতি হয়। অনেক পাকিস্তানি সেনা নিহত ও আহত হয়।মো. নুরুল আমিন চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীর তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। এই রেজিমেন্টের অবস্থান ছিল সৈয়দপুর সেনানিবাসে। মার্চ মাসে তাঁর কোম্পানিকে গাইবান্ধার পলাশবাড়ীতে মোতায়েন করা হয়। মুক্তিযুদ্ধ শুরু হলে সুবেদার আলতাফ আলীর (বীর উত্তম-বীর প্রতীক) নেতৃত্বে তিনি ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। রৌমারী এলাকায় অবস্থান নিয়ে অনেক যুদ্ধে অংশ নেন। এর মধ্যে পলাশবাড়ী, কাঁটাখালি সেতু, রাজিবপুর, কুড়িগ্রাম, উলিপুরের যুদ্ধ উল্লেখযোগ্য।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য মো. নুরুল আমিনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ৩৫।মো. নুরুল আমিনের পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পাশাকোট গ্রামে। বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে অনারারি ক্যাপ্টেন হিসেবে অবসর নিয়ে বর্তমানে এখানেই বসবাস করেন। তাঁর বাবার নাম বাদশা মিয়া। মা আশ্রাবের নেছা। স্ত্রী দেলোয়ারা আক্তার। তাঁদের দুই ছেলে, এক মেয়ে।সূত্র: মো. নুরুল আমিন, বীর উত্তম এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১।গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]