তোমাদের দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখাপড়া কতই না আনন্দের হতো, যদি পরীক্ষা না থাকত। রবীন্দ্রনাথ ঠাকুরের মনোভাব এ রকমই। আমার নিজেরও পরীক্ষা ভালো লাগার কোনো কারণ নেই। আমার আসলে কোনো প্রতিযোগিতাই ভালো লাগে না। একটি দেশ একটি পৃথিবীর কথা আমার ভাবতে ভালো লাগে—যেখানে পরীক্ষা নেই, প্রতিযোগিতা নেই। এটা সম্ভব হবে না জানি, তবু ভাবতে ভালো লাগে।এবার ভাষা প্রতিযোগ করতে গিয়ে নানা ঝক্কি-ঝামেলা তো পোহাতে হয়েছেই। সব পুষিয়ে দিয়েছে আট-দশ হাজার ছেলে মেয়ে। নেত্রকোনায় প্রথমবারের মতো আয়োজন, কী টেনশন। ছেলেমেয়েদের অংশগ্রহণ দেখে বোঝাই যায়নি, এখানে প্রথমবারের মতো ভাষা প্রতিযোগ হচ্ছে। কিন্তু সব জায়গায় একবার হলেও আমার মন খারাপ হয়েছে। খুব খারাপ।ভাষা প্রতিযোগিতার ফলাফল তৈরির সময় দেখা যায় আধা নম্বরের জন্য হয়তো একটা ছেলে বা মেয়ে পুরস্কার পেল না। ঢাকায় আমাকে এক মেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছে, আমার পরীক্ষা ভালো হয়েছে। আমি পুরস্কার পেলাম না কেন? তাই তো। ওরও তো পুরস্কার পাওয়ার কথা। আমার খুব মন খারাপ হয়। কখনো একজন মা বলেছেন এসে, আমার মেয়ের পরীক্ষা তো ভালো হয়েছে।পুরস্কার তো পেল না!ছয় বছর ধরে আমরা ভাষা প্রতিযোগের কাজ করছি। এ উৎসবে আমার অনেক কাজের মধ্যে দুটো হলো পুরস্কারের জন্য বই কেনা, আর পরীক্ষার ফলাফল তৈরি। বই কিনতে আমার ভালো লাগে, নিজের জন্য বা অন্যের জন্য। পরের কাজটা একেবারেই ভালো লাগে না। ফলাফল তৈরি করতে গিয়ে আমার মনে হয়েছে হয়তো আধা নম্বরের জন্য একটি ছেলে বা মেয়ে পুরস্কার পেল না। আবার এমনও তো হয়, এই প্রশ্নটা পলাশের জন্য ভালো হয়েছে, প্রশ্নটা আরেক ধরনের হলে ফারিয়ার জন্য ভালো হতো।অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল প্রায়ই একটি কথা বলেন। ভাষা প্রতিযোগের জাতীয় উৎসবে এসে সে কথাটি আবার বলেছেন। ‘যারা পুরস্কার পাওনি, আমি কিন্তু তাদের দলে।’ প্রতিযোগিতা মানেই কেউ ভালো করে, কেউ কম ভালো করে। কেউ পুরস্কার পায়, কেউ পায় না। যারা পুরস্কার কম পায়, বা এবারের প্রতিযোগে যারা পুরস্কার পায়নি, আর আমার মতো যারা জীবনে প্রায় কোনো পুরস্কারই পায়নি, এই মন্তব্যের জন্য সবার পক্ষ থেকে মুহম্মদ জাফর ইকবালকে ধন্যবাদ জানাতে চাই।প্রতিযোগিতা যেহেতু আছে, কে না জানে অংশগ্রহণই বড় কথা। পুরস্কার পেতে হলে অংশগ্রহণ করতেই হবে। কেউ পাবে, কেউ পাবে না। যে আজ ভালো করল না, কাল সে ভালো করবে না কে বলতে পারে! পাশাপাশি একটা কথা না ভেবে পারি না, পুরস্কার পাওয়া আর না পাওয়ার মধ্যে পার্থক্য কতটুকু? এই তফাৎ আমার তো মনে হয় একটা সুতার মতো। খুবই সামান্য। কখনো শুধু প্রশ্নটাই এই তফাতের কারণ।যে পুরস্কার পায়, আর যে পায় না, অনেক সময় এ দুজনের মধ্যে কোনো ব্যবধান নেই-ই। তাই ভাষা ও সাহিত্য নিয়ে আয়োজিত এই উৎসব অনেক উত্সাহী শিক্ষার্থীকে একত্র করেই ধন্য।পুরস্কারের কথা যদি আসে, আমি মন খারাপ করা কোনো শিক্ষার্থীর ম্লান মুখ দেখতে চাই না। আমিও তোমাদের দলে।