তোমার নিজের জন্য বাঁচতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিচার না পাইলে মুই এ জীবন থুম না’—১২ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত একটি সংবাদের শিরোনাম। এ উক্তিটি রংপুরের তারাগঞ্জ উপজেলার ১৫ বছরের এক কিশোরীর। যে ওই গ্রামেরই এক সন্তানের জনক দুলুর (২৬) হাতে ধর্ষিত হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। গ্রাম্য সালিসে ধর্ষকের সঙ্গে কিশোরীর বিয়ে দেওয়ার মাধ্যমে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করতে চাইলে ধর্ষক দুলু বিয়েতে অস্বীকৃতি জানান। ধরেই নিলাম, মেয়েটিকে বিয়ে করলেন, তারপর...?। তারপর মেয়েটির জীবনে যে সীমাহীন নির্যাতন, অত্যাচার ও বঞ্চনা শুরু হবে, তার বিচার কে করবে? সমাজপতিদের সিদ্ধান্তে হয়তো কিশোরীর গর্ভে থাকা সন্তান তার পিতৃপরিচয় পাবে, কিন্তু ওই মেয়েটি কী পাবে? সে যা পাবে তা হলো ধর্ষক স্বামীর তিন বেলা নির্যাতন, সতিনের অত্যাচার, শ্বশুর-শাশুড়ির নির্যাতন আর পাড়া-প্রতিবেশীর ধিক্কার। এ জন্য সে হয়তো কোনো দিন কারও কাছে বিচারও চাইতে পারবে না। কারণ, সমাজপতিরা তো তার সন্তানের পিতৃপরিচয়দানের মাধ্যমে তাকে পাপের মহাসমুদ্র থেকে উদ্ধার করেছে। এমন অত্যাচার সহ্য করেও হয়তো এক দিন সেই মেয়ে জীবন থেকে বিদায় নেবে। এতে সমাজপতিদের কিছু যায়-আসে না। কারণ, তারা তো ধর্ষককে ওই কিশোরীর সন্তানের পিতা বানিয়ে সর্বোচ্চ শাস্তি দিয়েছে। এর চেয়ে বড় শাস্তি আর কী হতে পারে...? সবচেয়ে বড় কথা, এমন দু-একজন নারীর মৃত্যুতে সমাজ বা দেশের কোনো ক্ষতি হবে না; বরং এসব দুশ্চরিত্রা (!) নারীর মৃত্যুর মধ্য দিয়ে সমাজটা কলুষমুক্ত হবে—এমন ধারণা অনেকেরই।ঘটনাগুলো হয়তো তারাগঞ্জের ওই কিশোরীর জীবনে এখনো ঘটেনি। কিন্তু এই সমাজে প্রতিদিন অনেক কিশোরী এভাবে ধর্ষণের শিকার হয়ে সমাজপতিদের কাছ থেকে বিচার পেয়ে অকালে পরপারে পাড়ি জমাচ্ছে। আমি জানি না, কিশোরীটি এই সমাজের কাছে কী বিচার চায়। যে দেশে একজন নারীর মৃত্যুতে পরিবার, সমাজ, এমনকি দেশের আইন অনুভূতিহীন, সে দেশে তুমি কার কাছে কী বিচার চাও? আর এমন বিচার না পেয়ে কেনই বা আত্মহত্যার সিদ্ধান্ত?আসলে আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। সমাজের শত গঞ্জনা-বঞ্চনার পরও নিজের জন্য তোমাকে বাঁচতে হবে। নিজেকে কর্মদক্ষ করে তুলতে হবে। নরপিশাচদের মধ্যে থাকতে হলে আত্মরক্ষার কৌশলগুলো রপ্ত করতে হবে। দেখো, অত্যাচারের ঘোর অমানিশা শেষে একদিন রক্তিম সূর্য উঠবেই, সেদিনের অপেক্ষায় তোমাকে বাঁচতে হবে...।ববিতা সিদ্দিকারাজশাহী বিশ্ববিদ্যালয়।