তোরাব আলীর তরিতরকারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোরাব আলী তরকারির চাষি। থাকেন সাভারের হেমায়েতপুরে। তোরাব জানান, ১৬ শতাংশ জমিতে বেগুন ও করলা চাষ করেছিলেন। বৃষ্টিতে করলা হয়নি, বেগুন হয়েছে। সময় করতে পারলে হেমায়েতপুর থেকে পিকআপ ভ্যান কিংবা বেবিট্যাক্সিতে করে কারওয়ান বাজারে নিয়ে আসেন বেগুন। এতে দাম ভালো পাওয়া যায়।তোরাব আলী দিন দশেক আগে হেমায়েতপুরে বেগুন বিক্রি করেছেন ২০ টাকা কেজি আর কারওয়ান বাজারে ২৫ টাকা কেজি দরে। দু-একদিন পরপরই তিন মণ বেগুন বিক্রি করতে পারছেন তোরাব। তাঁর বেগুনের সাইজ বড় এবং দেখতে সুন্দর। আগের দিন দুপুরে বেগুন গাছ থেকে তুলে মেপে রাখেন। খুব ভোরে সেগুলো রিকশায় করে বাজারে নিয়ে আসেন। সকাল সাতটার মধ্যে বিক্রি করে বাড়ি ফিরে যান।তোরাব আলীর গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও। ১২ বছর আগে কাজের খোঁজে আসেন সাভারের হেমায়েতপুর। প্রথমদিকে মানুষের জমি-জিরাতে কামলার কাজ করেছেন। রাতে মানুষের বৈঠকঘরে থাকতেন, নিজেই রান্না করে খেতেন। এভাবে অনেকের ঘরেই থেকেছেন তোরাব। তিনি বলেন, ‘একপর্যায়ে হেমায়েতপুরের এক বাড়ির বৈঠকঘরে আমার ঠাঁই হয়। সে বাড়ির কর্ত্রীর বয়স ৭৫ বছর, একা থাকতেন বাড়িতে। ওই মহিলাকে আমি বাজার করে দিই আর রান্নাবান্নায় সাহায্য করি। তিনি আমাকে তিন বেলা খেতে দেন। তাঁর তিন ছেলে। এক ছেলে জাপানে থাকেন, এক ছেলে আমেরিকায়, আরেক ছেলে থাকেন ঢাকায়। ঢাকার ছেলে মাঝেমধ্যে ফোন করে খবর নেন। একসময় মহিলা তাঁর সন্তানের মতোই আমাকে দেখতে শুরু করেন। মহিলাকে আমি চাচি ডাকতাম। চাচিই বুদ্ধি দিলেন, তুমি আমার জমিতে তরকারি লাগাও। আমি এভাবেই জমিতে তরকারি লাগাই আর বিক্রি করি। একদিন চাচির ঘরে ডাকাত পড়ে। এরপর চাচিকে তাঁর ঢাকার ছেলে নিজের বাসায় নিয়ে যান। এখন চাচির বাড়িঘর আমি দেখি। তাঁদের জমিতে ফসল ফলাই। কিছু জমি ফাঁকা রেখেছি। চাচি মাঝেমধ্যে ঢাকা থেকে বাড়ি এসে ১০-১৫ দিন থাকেন। চাচি আমাকে নিয়ে যতটা চিন্তা করেন, তাঁর নিজের সন্তান নিয়েও ততটা করেন না। দিনে ১০ থেকে ১২ বার ফোন করে খবর নেন, আমি খেয়েছি কি না; বাজারে তরকারির কত দর পেলাম ইত্যাদি। আমি সপ্তাহে এক-দুদিন ঢাকার মোহাম্মদপুর গিয়ে চাচির সঙ্গে দেখা করি। তখন তরকারি আর চাল নিয়ে যাই। চাচির ছেলেরা আমার জন্য জামাকাপড় পাঠান। আমি নিজে রান্না করে খাই। এক বেলা রাঁধলে তিন বেলা পানতা খাই।’তোরাব আলী ২০ বছর আগে বিয়ে করেছিলেন। বউ তিন মাস পর তাঁকে ছেড়ে চলে যান। ‘চাচি এখন আমার জন্য বউ দেখছেন।’ বলেন তোরাব।