তোহা গ্রেপ্তার, সম্পর্ক রাখতে রাজি না হওয়ায় খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিদাত সারিমা রহমান (১৯) হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামি এস এম তোহা ওরফে সৌরভকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে গোয়েন্দা পুলিশ চট্টগ্রামের ভাটিয়ারী এলাকায় একটি বাস থেকে তাঁকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ে তোহাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।তোহা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, নিজে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়ে মিদাতকে সাফাত ইশতিয়াকের বাসায় আনেন। প্রথমে মিদাতকে ভয় দেখানোর জন্য ছুরি দেখান। কিন্তু একপর্যায়ে তিনি তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। তবে পুলিশ ধারণা করছে, পূর্বপরিকল্পিতভাবে মিদাতকে হত্যা করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, মিদাতকে হাসপাতালে রেখে পালিয়ে প্রথমে বাসায় যান তোহা। সেখানে আশপাশের লোকজন ঘটনাটি জেনে গেলে হামলা হতে পারে—এ ভয়ে অক্সিজেন মোড়ে গিয়ে তিনি রক্তমাখা শার্টটি নালায় ফেলে দেন। এটি আর উদ্ধার করা যায়নি। তবে রক্তমাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে। পরে তোহা ঢাকায় তাঁর ভাই ইয়াসিনকে ফোনে ঘটনাটি জানান। ইয়াসিনের পরামর্শে তিনি ওই রাতে ঢাকায় যান। পুলিশের চাপে শুক্রবার সন্ধ্যায় তিনি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন। রাত একটা ২০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় ইউনিক সার্ভিসের একটি বাস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাবার নাম মো. লোকমান। তিনি দীর্ঘদিন দুবাইয়ে ছিলেন। শহরতলির কুলগাঁও এলাকায় থাকেন তাঁরা।সূত্র জানায়, সাত বছর ধরে মিদাতের সঙ্গে তোহার প্রেমের সম্পর্ক ছিল। তোহা সাদামাটা পরিবারের বখে যাওয়া সন্তান। অন্যদিকে মিদাতের জন্ম শিক্ষিত পরিবারে। তাঁর বাবা ব্যবসায়ী ও মা চিকিৎসক। ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ে পাড়াশোনা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। অন্যদিকে বিদ্যালয় ফাঁকি দিয়ে শহরতলির অক্সিজেন থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে জিইসির মোড়ের সেন্ট্রাল প্লাজা বিপণিবিতানের সামনে আড্ডা দিতেন তোহা। কোচিং সেন্টারে যাতায়াতের পথে সেন্ট্রাল প্লাজার সামনে তোহার সঙ্গে মিদাতের যোগাযোগ গড়ে ওঠে।গতকাল নগর পুলিশের সংবাদ সম্মেলনের পর তোহা প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমাদের মধ্যে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর উচ্চমাধ্যমিকে ভর্তি হই। এখনো আমি পাস করতে পারিনি। পড়াশোনায় খারাপ বলে প্রায় সাত মাস ধরে মিদাত আমাকে এড়িয়ে চলছিল। তিন মাস ধরে তার সঙ্গে আমার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। মিদাত মুঠোফোনের সিমও বদলে ফেলে। গত রোজার ঈদের দুই দিন পর আমি মিদাতের বান্ধবী তাসনিয়ার মাধ্যমে আবার যোগাযোগের চেষ্টা করি।’তোহা আরও জানান, ‘তাসনিয়া একপর্যায়ে সাফাতের বাসায় আমার সঙ্গে মিদাতের দেখা করার ব্যবস্থা করে দেয়। এমনকি তাসনিয়া মোবাইল ফোনে কনফারেন্স করে মিদাতের সঙ্গে আমাকে ফোনে কথা বলিয়ে দেয়।’ তিনি বলেন, ‘তখন আমি মিদাতকে বলি, তুমি সম্পর্ক না রাখলে আমি আত্মহত্যা করব। তোমার চিঠি ও শুভেচ্ছা কার্ড আমার কাছে। পুলিশ আত্মহত্যার কারণ বের করার চেষ্টা করলে তুমি ফেঁসে যাবে। তুমি তোমার চিঠি ও কার্ড নিয়ে যাও। আমার এ কথায় তার মনে ভীতির সৃষ্টি হয়। সে বৃহস্পতিবার বিকেলে চিঠি ও কার্ড ফেরত নিতে সাফাতের বাসায় আসে। তখন আমি তাকে সম্পর্ক রাখার ব্যাপারে বোঝানোর চেষ্টা করি। কিন্তু সে বারবার প্রত্যাখ্যান করায় আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি।’মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবুল কাশেম প্রথম আলোকে বলেন, মিদাতের হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। এ জন্য চিঠি ও কার্ড ফেরত দেওয়ার কথা বলে গোপনে পশু জবাইয়ের ছোরা নিয়ে আসে তোহা। এ হত্যাকাণ্ডের পেছনে অন্য কারোর হাত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, ‘আসলে আত্মহত্যা করে মিদাতের ঘাড়ে দোষ চাপানোর ভয় দেখিয়ে বৃহস্পতিবার তোহা দেখা করেন। নইলে মিদাত কখনো তোহার সঙ্গে দেখা করতেন না।