তৌকীর আহমেদের বিপরীতে অভিনয় করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে উপলক্ষে চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে নাটক বিস্ময়। লিখেছেন বিপাশা হায়াত, পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। এখানে অভিনয় করেছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার এবারের বিজয়ী রাখী। কথা হলো তাঁর সঙ্গে। এবারই প্রথম নাটকে অভিনয় করলেন?হ্যাঁ। বিস্ময় আমার প্রথম নাটক। ‘বিস্ময়’ নাটকটি নিয়ে কিছু বলুন।এখন তো ইভ টিজিং প্রতিরোধ করার জন্য অনেক কিছু হচ্ছে। নাটকের গল্পটিও এমনই এক সমস্যা নিয়ে। বাবা খুব রক্ষণশীল। কিন্তু আমি কোনো অন্যায় দেখলেই প্রতিবাদ করি। আমার শিক্ষক হামিদ। বিভিন্ন কারণে তাঁকে পছন্দ করি। ব্যাপারটা বুঝতে পেরে শিক্ষক আমাকে বোঝানোর চেষ্টা করেন। তখন আমি নিজেকে গুটিয়ে ফেলি। এই সুযোগে এলাকার কিছু বখাটে ছেলে আমাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। এ সময় হামিদ স্যার প্রতিবাদ করতে এগিয়ে আসেন। বখাটের হাতে নিহত হন তিনি। মৃত্যুর আগে তিনি আমাকে বলে যান, ভাষাই প্রতিবাদের মূল অস্ত্র, তাকে ব্যবহার করতে হবে।প্রথম নাটক। কাজ করতে গিয়ে কেমন লেগেছে?এই নাটকে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর আমি তৌকীর আহমেদের অফিস থেকে চিত্রনাট্য নিয়ে আসি। নাটকের সব কটি চরিত্রের শিল্পীর কথাই আমি জেনেছি। কিন্তু হামিদ স্যারের চরিত্রে কে অভিনয় করবেন, তা জানতে পারিনি। শুটিংয়ের সময় কয়েকটা শট হয়ে গেছে, ভয়ে কাউকে জিজ্ঞেসও করতে পারছিলাম না। শেষ পর্যন্ত দেখি, তৌকীর আহমেদ এসে মেকআপ নিচ্ছেন। জানতে পারলাম, তিনিই হামিদ স্যারের চরিত্রে অভিনয় করছেন। আমি তো দারুণ খুশি, প্রথম নাটকেই তৌকীর আহমেদের মতো শিল্পীর বিপরীতে অভিনয় করেছি!তিনি ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিচারক ছিলেন।হ্যাঁ। ওনার সঙ্গে যখন আমার শট হচ্ছিল, তখন সহজ হতে পারছিলাম না। শেষে তিনি আমাকে বললেন, ‘ওই কথা ভুলে যাও। এখানে আমরা দুজনই শিল্পী।’ আর অসুবিধা হয়নি। পড়াশোনার কী খবর?এ লেভেলে পড়ছি। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা’র জন্য তিন মাস ক্যাম্পে থাকতে হয়েছে। তখন একটু পিছিয়ে গিয়েছিলাম। এখন আবার শুরু করেছি।